| Home | Menu | Poems | Poets | Reading | Theme | Biography | Articles | Photo | Dictionary | Chat | Video | Shop | Extra | Jokes | Games | Science | Bio | বাংলা

Showing posts with label Bangladeshi Actor Director Writer. Show all posts
Showing posts with label Bangladeshi Actor Director Writer. Show all posts

রাবেয়া খাতুন Professor Rabeya Khatun Biography 1935-



'রাবুর হাতের লেখা পত্রিকা অফিসের পরপুরুষেরা দেখে, এজন্য আমাকে গঞ্জনা সহিতে হয়' এরকম একটি চিঠি একদিন এসে হাজির রাবু অর্থাত্‍ রাবেয়া খাতুনের বড় বোনের শ্বশুর বাড়ি থেকে। সময়টা ১৯৪৮-৪৯ সাল। রাবেয়া খাতুনের দু'চারটে গল্প ইতোমধ্যে বেশ কয়েকটি কাগজে ছাপা হয়েছে। কিশোরী রাবেয়ার চোখে স্বপ্ন লেখক হবার। স্বপ্নটা যখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে, তখন হুট করে এমনি একটা চিঠি এসে তাঁকে কি দমিয়ে দিতে পেরেছিলো? পারেনি৷ মা-বাবার হাজারো আপত্তির দেয়াল টপকে সেদিনের রাবু আজ রাবেয়া খাতুন হতে পেরেছেন৷ সেদিনের সেই ছোট্ট মেয়েটি আজ আমাদের দেশের খ্যাতিমান কথা সাহিত্যিক। রাবেয়া খাতুন : স্বনামধন্য সেই নাম, যাঁকে এখন প্রতিষ্ঠানতুল্য ভাবতে পারি সহজেই৷ ব্যক্তি মানুষ হিসেবে তিনি যেমন স্নিগ্ধ অমায়িক, তেমিন কথাশিল্পী হিসেবেও তাঁর বিশাল সৃষ্টি-ভান্ডার কোমল জ্যোত্‍স্নার লাবণ্যে উদ্ভাসিত৷ আমাদের কথা সাতিহ্যের অঙ্গনে তাঁর বিচরণ প্রায় অর্ধ-শতাব্দীকালেরও বেশি৷ এই দীর্ঘ সময়ে তিনি আমাদের গদ্যসাহিত্যকে এতটাই দিয়েছেন, যার দীপ্তিতে তাঁর আপন ভূবন তো বটেই আমাদের সাহিত্য অঙ্গনও বিকশিত হয়েছে৷ আমাদের সাহিত্যও তাঁর বিশাল খ্যাতি আর নিরন্তর কমর্মুখরতার প্রতিদান হিসেবে তাঁকে সাহিত্যের একটি বড় প্রতিষ্ঠানের মর্যাদা দিয়েছে৷ শত ছোটগল্পের কুশলী স্রষ্টা তিনি, বহু সাথর্ক নাটকের দশর্ক-শ্রোতা নন্দিত নাট্যকার, এক হাজার সত্তরটি উপন্যাস, একুশটি ভ্রমণকাহিনী আর ছোটদের জন্য লেখা উজ্জ্বল একগুচ্ছ গল্প-উপন্যাস মিলিয়ে তাঁর খ্যাতির চেয়েও তাঁর সৃষ্টিভান্ডার অনেক সমৃদ্ধ৷ সাহিত্য সাধনার জন্য প্রাতিষ্ঠানিক সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ বাংলা একাডেমী পুরস্কারসহ সে তালিকা বেশ দীর্ঘই৷ কিন্তু সবচেয়ে বড় যে পুরস্কার তিনি অর্জন করেছেন, তা হলো অগণিত পাঠকের ভালোবাসা৷ এর কারণ সম্ভবত তাঁর লেখার স্বাদুগুণ৷ ভাষার প্রাঞ্জল গতি আর গল্প কাঠামোর শক্ত বুনন তাঁর রচনাকে কখনো জটিল করেনি বরং করেছে চিত্তগ্রাহী৷ আটচল্লিশ সালে যিনি কলম ধরেছিলেন কঠিন প্রতিকূল পরিবেশে, তিনি আজো সযত্নে ধরে আছেন সেই কলম৷ কলমকে তিনি ভালোবেসেছিলেন আর সেই ভালোবাসা আজও অম্লান আছে৷ পঞ্চাশের দশক থেকে এখন পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় রাবেয়া খাতুনের কলম থেকে অবলীলায় ঝরে পড়েছে শব্দ আর কথামালা৷ এই সব শব্দ আর কথামালা আমাদের নিয়ে গেছে কখনো সাহেব বাজারে, কখনো মধুমতীতে, দিবস রজনী, বায়ান্ন গলির এক গলিতে, নীল পাহাড়ের কাছাকাছি, ফেরারী সূর্যের কাছে৷ আবার কখনো নীল নিশীথে মোহর আলী কিংবা একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের৷ পাপী পাথর ঠুকে ঠুকে জীবনের অন্বেষা করেছেন তিনি বারবার৷ এই অনন্ত অন্বেষাই যেনো রাবেয়া খাতুনের জীবনের আরেক নাম৷ তারপরও আছে মালিনীর দুপুর, রঙিন কাঁচের জানালা, দূরে বৃষ্টি, মেঘের পর মেঘ, শহরের শেষ বাড়ি, যা হয়না, জাগতিক, নষ্ট জ্যোস্নার আলো, সমুদ্র বন ও প্রণয় পুরুষ, ঠিকানা বি এইচ টাওয়ার, কুয়াশায় ঢাকা নগরবধূ, শংখ সকাল প্রভৃতির মতো আধুনিক কালের সঙ্গে মিল খাওয়া উপন্যাস।

If you cannot view the fonts properly please download and Install this file.

জন্ম ও পারিবারিক পরিচয়

রাবেয়া খাতুনের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর তত্‍কালীন ঢাকা জেলার বিক্রমপুরে মামার বাড়ি পাউসার গ্রামে৷ তাঁর পৈতৃক বাড়ি শ্রীনগর থানার ষোলঘর গ্রামে৷ বাবা মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ, মা হামিদা খাতুন৷ বাবা ছিলেন সরকারি কর্মচারী আর দাদা ছিলেন শখের কবিরাজ৷

শৈশবকাল

পুরান ঢাকার রায় সাহেব বাজারের অলি-গলিতে ও যুক্ত বাংলার অন্যান্যশহরে কেটেছে শৈশবকাল৷ মাঝে মাঝে গ্রামের বাড়ি গিয়েও বেড়াতেন পরম আনন্দে৷ রাবেয়া খাতুনের ভাষায় "আমার কবিরাজ দাদা নৌকা করে দেবী দর্শনে নিয়ে আসতেন তার তৃতীয় প্রজন্মকে৷ ষোলঘর থেকে শ্রীনগর যাতায়াত বড় কষ্টের৷ এমন কিছু দূরে নয়৷ কিন্তু পুরো তল্লাটের পানি দখল করে থাকতো কচুরি পানায়৷ এই পানা ঠেলে প্রতিমা দেখতে যাওয়া চাট্টিখানিক বিষয় নয়৷ কাকারা বলতেন আধখানা প্রাণ নাকি বেরিয়ে যেতো৷ বিশেষ করে আমার মাস্টার কাকা হাফিজ উদ্দিন আহমদ (ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক) খুব গাঁইগুঁই করতেন বৈঠা টানতে৷ কিন্তু সেকালের কিশোর তরুণদের পিতার ইচ্ছায় বাধা দেয়ার কোন ক্ষমতা থাকতো না৷ তো কাকারা যত কষ্টই করুন আমরা থাকতাম দারুন আনন্দে৷ হ্যাজাক বাতিতে বাতিতে রাত হয়েছে দিন৷ গান বাজনা৷ মিষ্টি, মুড়কি ভাজা আরও কত কি৷ দাদা ধুতির (তখনকার মধ্যবিত্ত ভদ্রলোকদের বাইরের পোশাক) প্রান্ত কিংবা আদ্দির পাঞ্জাবির পকেট থেকে দু পয়সা এক পয়সা করে আমাদের হাতে দিতেন ইচ্ছামত খরচ করার জন্য (এ প্রাপ্তির কোন তুলনা নেই)৷ একে নতুন ফ্রক স্যান্ডেল পেয়ে খুশি তার ওপর ঝকঝকে তামার পয়সা৷ আমি খাবার নয় খেলনা কিনতাম৷ পুতুলে জন্য ছিল একচোখা আসক্তি৷ একটু বেশি চঞ্চল ছিলাম বলে নৌকা চলার সময় ধানগাছ ধরে ফেলতাম৷ পাতার ধারে হাত কেটে রক্ত ঝরতো ৷ মা বকুনি দিতেন৷ ওই পানি থেকেই কি এক লতা দাঁতে চিবিয়ে প্রলেপ লাগাতেন৷ কচুরিপানার জলপথ পার হবার সময়ও সেগুলো স্পর্শ করতাম৷ করে বুঝেছি ওরা নিরাপদ৷ আর ফুলের যে রঙ সে বুঝি তুলনাহীন৷ বাবা ছিলেন অতি সুকন্ঠের শখের গাইয়ে এবং মাছ ধরার ওস্তাদ৷ নগর জীবনে যে সুযোগটি ছিলনা তা পূরণ হতো গ্রামে এসে৷ এই মত্‍স্য শিকারের সঙ্গে আমি তো থাকবোই৷ ঘন কচুরিপানার দুর্লভ চোয়ান স্থানটিতেই কাজটি হতো৷ কিন্তু চুপচাপ নৌকার খোলে পুতুলের মতো বসে থাকা আমার স্বভাবে নেই৷ প্রায়ই নৌকা নাড়াচাড়া দিয়ে বিস্তর বকুনি খেয়েছি৷ তারপরও বাবা আমাকেই সঙ্গে নিয়ে গেছেন৷ কারণ আমি থাকলে নাকি মাছ ঘন ঘন টোপ গেলে!"

শিক্ষা জীবন

রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় স্কুলের গন্ডির পর তাকে কলেজ যেতে দেয়া হয়নি৷ স্কুলেই মুসলমান ছাত্রীদের সংখ্যা ছিল খুবই কম৷ কারণ সমাজের প্রচলিত নিয়ম ভেঙে মেয়েরা তখনো স্কুলে আসতে পারতো না বললেই চলে৷

কর্মজীবন

রাবেয়া খাতুন এক সময় শিক্ষকতা করেছেন৷ সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন৷ ইত্তেফাক, সিনেমা, খাওয়াতীন পত্রিকা ছাড়াও তাঁর নিজের সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো 'অঙ্গনা' নামের একটি মহিলা মাসিক পত্রিকা৷ বর্তমানে লেখালেখির কাজে নিবেদিত রয়েছেন৷

মধুমতী নিয়ে কিছু কথা

রাবেয়া খাতুনের প্রকাশিত প্রথম গ্রন্থের নাম 'মধুমতী'। তাঁর ভাষায় "আমার প্রথম প্রকাশিত বই এর নাম মধুমতী। কথা বিতান থেকে ছাপা হয় ১৯৬৩-এর ১ জুলাই। মধুমতী না হয়ে আমার প্রথম বইয়ের নাম হতে পারতো ডায়মন্ড কাটা কাঁকন, রাজাবাগ অথবা আরেক জীবন৷ হতে পারতো এ জন্য বলছি তখনকার ইনল্যান্ড প্রেস প্রকাশনা সংস্থা থেকে আমার একটি ছোট গল্পের সংকলন বের করার সিদ্ধান্ত নেয়া হয়। এদের প্রকাশিত প্রথম বই ছিলো কবি আহসান হাবীবের রাত্রি শেষ (দ্বিতীয়-সংস্কারণ) ও জহীর রায়হানের গল্পগ্রন্থ সূযর্গ্রহণ৷ বই দুটি সুন্দর ছাপা এবং ঝকঝকে প্রচ্ছদের৷ এমনি একটি বই আমারও বেরুবে ভাবলেও ভালো লাগতো।
যথাসময়ে পান্ডুলিপি প্রেসে গেল। এক দুই করে ছাপা হয়ে চললো সাত ফর্মার পুরো বই। কভার করছে কাইয়ূম চৌধুরী। ছাপা ফর্মা নিয়ে গেছে বাইন্ডার। রোজ সকালে ভাবছি যে কোন দিন আত্মপ্রকাশ করবে আমার প্রথম বইটি৷ পত্র-পত্রিকার ছড়িয়ে থাকা গল্প উপন্যাসের লেখক থেকে আমার নতুন পরিচয় হবে গ্রন্থকারের৷ কিন্তু বাস্তবে সে সকাল আর আসে না। কভার হাতে, ছাপাতে দেরী হচ্ছে। এদিকে প্রকাশকের দিক থেকে দেখা দিয়েছে অর্থনৈতিক কিছু সমস্যা। সুতরাং সম্পূর্ণ বই ছাপা হয়েও পড়ে থাকলো বাইন্ডারের ঘরে। এই পড়ে থাকার সময় সীমা কয় মাস ছিলো স্পষ্ট মনে নেই। মনে আছে অনিবাযᐂ কারণে ঢিলে দেবার দাম প্রকাশককে দিতে হয়েছিল চড়া অংকে। কভার ছাপার পর বইয়ের খোঁজ করতে গিয়ে দেখা গেলো বাইন্ডার সের দরে সব কাগজ বিক্রি করে দিয়েছে। এই সংবাদ আমার কাছে যখন পৌঁছালো, তখন ফাইল কপিটা হাতের কাছে ছাড়া দ্বিতীয় সান্ত্বনা কিছু ছিলো না। প্রথম বই প্রকাশের পরম দুঃখ হিসেবে ছাপা সাত ফর্মা এখনও আমার কাছে রয়েছে। ইনল্যান্ড প্রেস ওই ক্ষতি পূরণের জন্য আবার আমারই একটি বই এ হাত দিলো। এবারে গল্প নয় উপন্যাস 'রাজাবাগ'। ওয়াইজঘাটের কোনও একটি প্রেসে কাজ চলছে। নতুন উত্‍সাহে প্রুফ দেখছি। দু'ফর্মা ছাপা হবার পর হঠাত্‍ গেলো কাজ বন্ধ হয়ে। কারণ কাগজ সংকট৷ সেই যে কাজ থামলো, চাকা আর ঘুরলো না। গড়িয়ে গেলো মাস, বছর। গাফফার চৌধুরী তখন মাসিক মোহাম্মদীতে। গল্পের জন্য প্রায়ই বাসায় আসতেন। কথা প্রসঙ্গে একদিন উঠলো ওই ব্যাপার দুটো। মনে মনে আমি বেশ হতাশ। তিনি গলায় জোর দিয়ে বললেন, আপনার বই কেনো বেরুবে না, নিশ্চয় বেরুবে। আমি প্রকাশক নিয়ে আসবো। সত্যি সত্যি নিয়ে এলেন এক ভদ্রলোককে। সাধারণত: পাঠ্যপুস্তক প্রকাশ করেন মাঝে মধ্যে গল্প উপন্যাস। আমার হাতে তখন আমার লেখা দ্বিতীয় উপন্যাস 'আরেক জীবন'। লেনদেন সম্পর্কে কথা উঠতেই মুখের হাসিতে টান পড়লো। যাবার আগে বলে গেলেন সামনের সপ্তাহে তিনি আবার আসবেন। কাগজপত্র এবং এ্যাডভান্স নিয়ে। তারিখ মতো গাফফার চৌধুরী এলেন। কিন্তু প্রকাশক এলেন না। আমরা দুজনে তার জন্য বসে আছি। বিকেল গিয়ে সন্ধ্যা হলো। নিজেদের ভেতর আলাপ আলোচনায় যোগফল যেটা বেরুলো সেটা হচ্ছে পারিশ্রমিক দাবি করাটাই হয়েছে কাল। নিজের ওপর বিরক্ত হলাম। কেন আমার দাবি জোরদার করেছিলাম? সে যা বলেছিল রাজী হয়ে গেলেই তো পারতাম। বই বেরুনো দিয়ে কথা। কিন্তু অন্য একটা মন এমনিতে ফোঁস ফোঁস করে চললো- না হয়, না বেরুলো বই। বিনা পারিশ্রমিকে এতিমের মতো ছেড়ে দেব বই ? তৃতীয় বারের এই ঘটনার পর বই বেরুনোর আশা সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া উপায় রইলো না। এর মধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়ে গেলো 'মধুমতী', 'মন এক শ্বেত কপোতী', 'সাহেব বাজার'। কিশোর উপন্যাস 'দুঃসাহসিক অভিযান'। বাষট্টির শুরুর দিকে গুলিস্তানে কি একটা ছবি দেখতে গিয়ে লবিতে দাঁড়িয়ে আছি। এক ভদ্রলোক এগিয়ে এসে নিজের পরিচয় দিলেন নাম মোস্তফা জামাল। নতুন প্রকাশনা কথাবিতান থেকে আমার একটি উপন্যাস প্রকাশে আগ্রহী তিনি। কথাবিতান প্রকাশনা ক্ষেত্রে সদ্য আগত হলেও দু'চারটা বই যা বেরিয়েছিলো সুউন্নত মান ও সুরুচির জন্য বাজারে বেশ হৈ চৈ ফেলে দিয়েছিলো। সে সময় মুদ্রণ সংকট, কাগজ সংকট নানা রকমের অসুবিধার মধ্যে চোখে ধরার মতো পুস্তক প্রকাশ চাট্টিখানি কথা ছিলো না। বিশেষ করে একটি নবাগত সংস্থার জন্য তো রীতিমতো দুরুহ কর্ম। আমি ডাকিনি আপনা থেকে এসেছেন। নিজের ওপর এ যেন এক ধরনের বিশ্বাস ফিরে আসা। সানন্দে সম্মতি জানালাম। মনের ভেতর তবু খুঁতখুঁতি কড়কড় করে। কোন বৈরী সময় সন্দেহের সৃষ্টি করে হঠাত্‍ পাওয়া সৌভাগ্যকে। কিন্তু কয়েকদিন পর সত্যি সত্যি তিনি এলেন। নিয়ে গেলেন মধুমতীর ছাপা কপি। সংশয়ের দোলা তবু যায় না। প্রকাশক পান্ডুলিপি নিয়ে যাওয়া মানেই বই বেরিয়ে যাওয়া নয়। মাঝে মধ্যে বিপত্তির যে তিক্ত বাঁকগুলো রয়েছে, তার কিছু স্বাদ ইতোমধ্যেই তো পাওয়া হয়ে গেছে। সুতরাং যতোটা সম্ভব নির্বিকার থাকার চেষ্টা করছি। এর ভেতর কয়েক মাসের জন্য চলে যেতে হয় পশ্চিম পাকিস্তান। ঢাকার সঙ্গে যোগাযোগ চিঠিপত্রে। এর মধ্যে যে চিঠিটা এখনও উজ্জ্বল, সেটা মধুমতীর প্রকাশকের চিঠি। জানিয়েছেন খুব শিগগিরই বইটি প্রেসে যাচ্ছে। করাচীর ধুসর প্রকৃতি সেই মুহূর্তে আমার চোখে সবুজে সবুজময় হয়ে গিয়েছিলো।

ঢাকায় ফিরলাম বাষট্টির জুলাই মাসে। ভেবেছিলাম হয়তো ছাপার কাজ শুরু হয়ে গেছে দেখি তা হয়নি। প্রকাশক বললেন খুব শিগগিরই শুরু হবে। হতে হতে সময় গড়ালো নভেম্বরে। প্রথম প্রুফ পেলাম ওই মাসের মাঝামাঝি। দিনটা রোমাঞ্চকর হতে পারতো। কিন্তু দাগ খাওয়া চৈতন্যের পুরোটা তখনও সন্দেহের ছায়ায় মলিন। মোস্তফা জামাল সাহেব প্রতিটি ফর্মা ছাপা হবার আগে নিজে নিয়ে আসতেন। ভুল ত্রুটি থাকলে জানতে চাইতেন। বইটি যাতে সবাᐂঙ্গ সুন্দর হয়ে বাজারে বেরুতে পারে এতে তাঁর সদিচ্ছার অভাব ছিলো না। মুস্কিল হলো কাগজ সঙ্কট নিয়ে। প্রায়ই শুনতাম ওই কারণে তৈরি ফর্মা বসে আছে। প্রচ্ছদের পরিকল্পনা চলছিলো। প্রকাশকের ইচ্ছে আমার বই মহিলা শিল্পীর হাতে আকাঁ প্রচ্ছদ দিয়ে বেরুলে এক ধরনের অভিনবত্ব হবে। যে কারণেই হোক শেষ পর্যন্ত তাঁর এ আশা পূর্ণ হয়নি। জনৈক উঠতি প্রতিশ্রুতিশীল শিল্পীর পেছনে কয়েক দিন ঘুরে শেষ পযর্ন্ত যাকে ঠিক করলেন তার কভার দেখে আমার মন খারাপ হয়ে গেলো। প্রকাশক তখন নিয়ে এলেন শিল্পী আশীষ চৌধুরীকে। আলোচনা হলো প্রচ্ছদ এবং অঙ্গসজ্জার বিভিন্ন দিক নিয়ে। 'মধুমতী'র পটভূমি চির অবহেলিত মুসলিম তাঁতী সম্প্রদায়। এক সময় যাদের পূবᐂপুরুষদের শিল্প কর্মের গৌরবঘ্রান ইউরোপ পর্যন্ত প্রসারিত ছিলো, কালে কালে সামাজিক, মানসিক, অর্থনৈতিক অবস্থানের কোন সীমানায় তারা পৌঁছেছিল। একদার প্রধান নদী মধুমতীর ধারা দূবর্ল৷ বর্তমান রূপান্তরের মতো তার দুপাড়ের বাসিন্দারা, একদার মসলীন, আরারোয়ান, শবনামের সু কারু শিল্পীরা দারিদ্রে ধুঁকছে। নিন্দিত হচ্ছে কারিগর বদনামে, সমাজের চোখে বিকৃত ছোট জাত হিসেবে। বলা হয়ে থাকে ইসলামে জাতি বিভেদ নেই। বাস্তবে ঠিক তার উল্টো৷ কারিগরদের অপাংক্তেয় করে রাখা হয় সম্ভ্রান্ত সমাজে। অন্য দিকে সামাজিক মর্যাদা সম্পন্ন সেই সম্ভ্রান্তরাই শহরে তাঁতের বিশাল ব্যবসা চালিয়ে কিনছে শিল্পপতির সুনাম। তাঁতী সম্প্রদায়ের এক জোড়া শিক্ষিত তরুণ-তরুণী রুখে দাঁড়ায় বিরুদ্ধবাদে। জাত নিয়ে তাদের সংকোচ নেই৷ আছে ঐতিহ্যবাহী গবᐂবোধ...

ঠিক হলো প্রতি পরিচ্ছেদের মাঝে মাঝে দেয়া হবে মসলীনের রকমারী নকশাদার ছোট ছোট কারুকাজ। প্রচ্ছদ হবে চার রঙা। প্রকাশকের ইচ্ছা খরচ যতোই হোক বইটি হওয়া চাই হাতে ধরার মতো, দুবার তাকিয়ে দেখার মতো৷ মনে মনে আমার আশাটাও তাই৷ বই এর বাজারে বই কিনতে গিয়ে স্টলগুলোতে যখন দেখি কলকাতার বইয়ের পাশে আমাদের বই গুলো কি মারাত্মক ম্লান। দীনহীন ওই চেহারা মনকে তখন ছোট করে, চোখকে পীড়িত করে। কিছুতেই ভাবতে পারিনা আমার বইটিও অমনি প্রচ্ছদের মলিন পোশাক পরে গরীব অস্তিত্বে দাঁড়িয়ে থাকবে। দুটো কভার নিয়ে আশীষ চৌধুরী এলেন। একটি পছন্দ হলো। কিন্তু শিল্পীর আকাঁর পরও ছাপার একটা ব্যাপার থাকে। রাজ্যের দুশ্চিন্তা তা নিয়ে। হয়ত প্রায় অনর্থক মানসিক হয়রানি। জুলাইয়ের পহেলা তারিখে ওই হয়রানি থেকে মুক্তি পেলাম। দশ ফমাᐂর মধুমতী চার রঙা প্রচ্ছদ ও সুচারু অঙ্গ সজ্জায় রীতিমতো আকর্ষণীয়। ডিমাই সাইজ দাম সাড়ে তিন টাকা। এদেশী পুস্তক সংক্রান্ত বুক স্টলের যে দিকটা আহত করতো, সেদিক থেকে স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম সাথে সাথে আনন্দেরও। প্রথম যখন লিখতে শুরু করি তখন স্বপ্ন দেখতাম প্রথম বই উত্‍সর্গ করবো আমার লেখক জীবনের প্রথম ও একমাত্র পাঠক ছোট বোন সুফিয়াকে। বহুদিনের লালিত সাধ মধুমতী প্রকাশে পূরণ হলো। বইটি হাতে পেয়ে এক ধরনের শক্তিশালী বিশ্বাসে দীপ্ত হয়ে উঠেছিলাম - সত্যি সত্যি বই বেরুলো৷ গ্রন্থকারের তালিকাভুক্ত হলাম আমি।"

পারিবারিক জীবন

রাবেয়া খাতুনের বিয়ে হয় ১৯৫২ সালের ২৩ জুলাই৷ স্বামী-এটিএম ফজলুল হক (চিত্র পরিচালক), চার সন্তানের জননী। প্রথম সন্তান ফরিদুর রেজা সাগর ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। কেকা ফেরদৌসীর জন্ম ১৯৬০ সালের ৪ আগস্ট৷ ফরহাদুর রেজা প্রবাল ১৯৬২ সালের ৩১ মার্চ ও ফারহানা কাকলী ১৯৬৪ সালের ২৫ অক্টোবর জন্ম গ্রহণ করেন।

ক্ষেত্রভিত্তিক অবদান

শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি দীর্ঘদিন থেকে জড়িত৷ বাংলা একাডেমীর কাউন্সিল মেম্বার। জাতীয় গ্রন্থ কেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদের সদস্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরীবোর্ডের বিচারক, শিশু একাডেমীর কাউন্সিল মেম্বার ও টেলিভিশনের 'নতুন কুড়ি'র বিচারক। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্কের জুরীবোর্ডের বিচারক ও সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। যুক্ত আছেন বাংলা একাডেমী, বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা লেডিজ ক্লাব, বিজনেস ও প্রফেশনাল উইমেন্স ক্লাব, বাংলাদেশ লেখক শিবির, বাংলাদেশ কথা শিল্পী সংসদ ও মহিলা সমিতির সঙ্গে। রাবেয়া খাতুনের কাহিনী নিয়ে চারটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। প্রথম চলচ্চিত্র ছিল পূর্ব পাকিস্তানের প্রথম কিশোর চলচ্চিত্র, ১৯৬৪ সালে এটি নির্মিত হয়। বহু বছর তিনি আর চলচ্চিত্রের প্রতি আগ্রহী হননি। এর কারণ সেই সময় যারা চলচ্চিত্র করতে চাইতেন তারা বলতেন শুধু চলচ্চিত্রের জন্য কাহিনী নির্মাণ করতে কিন্তু তিনি তাতে রাজী ছিলেন না। তাঁর লেখা পুর্ণাঙ্গ হতো গল্প বা উপন্যাসে। কোন কিছুকে লক্ষ্য রেখে তিনি লিখতে পারতেন না, আর এই কারণেই বহু বছর চলচ্চিত্র থেকে দূরে থেকেছেন। চাষী নজরুল ইসলামের পরিচালনায় ২০০৪ সালে মেঘের পর মেঘ চিত্রায়িত হয়৷ এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। মৌসুমী পরিচালিত কখনও মেঘ কখনও বৃষ্টি মুক্তি পায় ২০০৩ সালে। এটি একটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর চলচ্চিত্র। এর পর ২০০৫-এ মুক্তি পায় ধ্রুবতারা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। এটি 'মহাপ্রলয়ের পর' উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে।

কিছু গল্প কিছু স্মৃতি

রাবেয়া খাতুনের দীর্ঘ বনার্ঢ্য কর্মময় জীবনে বহু স্মৃতি রয়েছে। তাঁর ভাষায় "আমার জন্মের সময় কৌতুককর যে ঘটনাটি ঘটে সেটি ছিল একই সঙ্গে বাবার জন্য আনন্দ ও হতাশার। সেকালে জামাইরা পিঠে খাবার দাওয়াত পেতেন শ্বশুরবাড়ি থেকে। ঘটা-করা ব্যাপার ছিল সেটা। আমন্ত্রিত বাবা অফিস থেকে ছুটি নিয়ে খুশি মনে দাওয়াত রাখতে গেছেন। কিন্তু থাকা হলো না। বাবা গেলেন বৃহস্পতিবার আমি এলাম শুক্রবার সকালে। সেই সময় কন্যাসন্তান জন্মালে পরিবার খুশি হতো না। আমার বেলা হলো উল্টো। গ্রাম্য প্রবাদ ছিল 'নিকাই ঘরে হয় ঝি, পান্তা ভাতে ঢালে ঘি'। অর্থাৎ দ্বিতীয় পক্ষে প্রথম কন্যা সন্তান পিতার জন্যে বয়ে আনে সৌভাগ্য । বাবার প্রথম স্ত্রী মারা যাবার পর আমার মায়ের সাথে বিয়ে হয়। বাবা বেশির ভাগ সময় ঢাকায় চাকরি করেছেন। কিন্তু আমার জ্যাঠা সব সময় পশ্চিমবঙ্গে চাকরি করেছেন এবং আমার জীবনের প্রথম নায়ক যদি বলি (নায়ক মানে যিনি বীরের মতো কাজ করেন) অর্থাত্‍ আমার কাছে যদি আমার দেখা প্রথম নায়কের কথা জিজ্ঞেস করা হয় আমি বলব আমার জ্যাঠার কথা৷ জ্যাঠা অতি সাহসী ব্যক্তি ছিলেন। পরে অত্যন্ত দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে সুনাম কুড়িয়েছেন।
আমার বয়স যখন পাঁচ কী ছয় তখন আমরা থাকতাম পুরানো ঢাকার রায়সাহেব বাজারের নাসিরুদ্দিন সর্দার লেনে। শোবার ঘরের ছিল একটা জানালা। জানালার বাইরে খানিকটা আকাশ। একটি বিশাল সজনে গাছ। মাঝে মাঝে ঘুম ভেঙ্গে চোখ মেলেই দেখতাম, বাবা জানালার ধারে নামাজের ভঙ্গিতে বসে ভায়রো রাগে গান গাইছেন। শুনতে শুনতে আবার ঘুমিয়ে যেতাম কিন্তু এই ছবিটি সারাজীবন আমার স্মৃতির ভেতর প্রাণবন্ত হয়ে আছে। ছোটবেলায় গান শিখতাম কিন্তু নিয়মিত রেওয়াজ করতে পারতাম না। কারণ সামাজিক প্রতিবন্ধকতা। গানকে ভালো চোখে দেখা হতো না। আমাদের বাসাটি ছিল মসজিদ লাগোয়া। তাই হারমোনিয়াম বাজানো ছিল নিষিদ্ধ। প্রায় দিনই খালি গলায় গাইতাম। যেদিন আকাশ কালো করে বৃষ্টি নামতো সেদিন হারমোনিয়ামের সঙ্গে প্র্যাকটিস করতাম। বাবা বাজাতেন, আমি আর আমার ছোট বোন সুফিয়া গাইতাম। গান আমার প্রাণ, মৃত্যু অব্দি তা আমার সঙ্গেই থাকবে। পুরনো ঢাকায় আমার থাকা হয়েছে প্রায় ১০ বছর। এর মধ্যে বাবা এ শহর সে শহর বদলি হয়েছেন৷ বেশিরভাগ সময় কেটেছে ঢাকার বিভিন্ন ভাড়াটে বাসায়। তখন দামি বাড়ির ভাড়া ছিল বার থেকে একুশ টাকা। এইসব বাড়িতে চার পাঁচটা ঘর থাকতো। এছাড়াও আরো থাকত বড় আঙিনা, নিজস্ব ট্যাপ কল৷ এই কল ছিল গেরস্থের দামি সম্পদ। কারণ পুরো পাড়ায় সরকারি কল থাকতো মাত্র দু'টি (পুরুষ-মহিলা)। সকাল দশটায় পানি চলে যেত। সন্ধ্যায় আর একবার আসতো। আমরা থাকতাম বারো টাকার একটা বড় বাড়িতে। ১৯৩৯ সালে তখন ১০০ টাকায় পুরো সংসার ভালো ভাবেই চলে যেত। তখন সরু চালের মন ছিল ৪ টাকা, খাসি, মুরগি, মাছ, পোশাক সবকিছুর দামই ছিল কম। আমাদের আশপাশের অধিকাংশ লোকজনই ছিল আদিবাসী মানে মূল 'ঢাকাইয়া'। প্রতিবেশীদের বাসায় যাওয়া আমাদের জন্য নিষেধ ছিল। কিন্তু আমি এসব নিষেধাজ্ঞার ভেতর দিয়েও সব বাসায় যেতাম। এ জন্য অনেক বকুনি শুনতে হতো। পুতুল খেলার প্রতি আমার খুব ঝোঁক ছিল। সাধারণত মেয়েরা আট দশ বছরেই পুতুল খেলা ছেড়ে দেয়। আমি বারো বছর বয়স পর্যন্ত খেলেছি। শুধু পুতুল বিয়েই দিতাম না, বায়োস্কোপে দেখতাম নায়িকা নার্সের ভূমিকায় অভিনয় করছে। আমি আমার পুতুলদের দিয়ে নার্স, ডাক্তার, হাসপাতাল সবই বানাতাম। আমার পুতুল খেলা তাই একটু ভিন্ন ছিল। আরেকটা খেলা খেলতাম সেটা হল সিনেমার বইয়ের ছবি কেটে কেটে গল্প বানাতাম। আমার খাতার ভেতরই এসব করতাম। এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হতো। যেমন আমি একবারের কথা বলি। আমার গল্প বানাতে একটা টিউবয়েলের ছবি দরকার। কিন্তু সেটা কোথায় পাব? খুব ঝামেলায় পড়ে গেলাম। পরে স্বাস্থ্য বই থেকে টিউবওয়েল কেটে লাগিয়ে দিলাম। সেই পূর্ণদৈর্ঘ্য বায়োস্কোপের দশর্ক মাত্র একজন - সুফিয়া।"

লেখালেখির হাতে খড়ি যেভাবে

রাবেয়া খাতুন ১২-১৩ বছর বয়স থেকেই লেখালেখি শুরু করেন। "আমার লেখার হাতে খড়ি হয় উপন্যাস দিয়ে৷ ঢাউস ঢাউস উপন্যাস (এখনো সংগ্রহে আছে কয়েকটা)। বাড়ির নিয়ম ছিল সপ্তাহে দু'টো বায়োস্কোপ বা টকি সিনেমা দেখা। আমার কাহিনী তৈরি হতো সম্ভবত সেই মাল-মসলায়। ভেতরে আমারই আঁকা ছবির ক্যাপশন থাকত। প্রথমটার নাম ছিল নিরাশ্রয়া, পরে বিদায়, অশোক-রেবা এই ধরনের নাম আর কি? মা দু'টো ব্যাপারে ভীষণ রেগে যেতেন। প্রায়ই তাঁর কাছে ধরা পড়ে যেতাম পাঠ্যপুস্তকের তলায় গল্পের বই নিয়ে। কখনো গল্প লিখতে গিয়ে। সব মায়ের মতো তাঁরও স্বপ্ন মেয়ে ক্লাসে ফার্স্ট হবে। আমাদের পড়াশুনা মূলত একটি ভালো বিয়ে দেওয়ার জন্যই করানো হতো। উঁচু গ্রেডে পাশ দূরে থাক, আমি টায়টায় পাশ করতাম। ছাত্রী হিসেবে মোটেও ভালো ছিলাম না। মা তার জন্য দায়ী করতেন বাইরের বই পড়া ও গল্প লেখার নেশাকে।"

বিয়ে নিয়ে মজার ঘটনা

জাহানারা ইমামের পাক্ষিক পত্রিকা খাওয়াতীন এ কাজ করতাম। এটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা পত্রিকা৷ জাহান আপার সঙ্গে প্রেস শো দেখতে গিয়ে দূর থেকে দেখেছি সম্পাদক ফজলুল হককে। বাসার পরিস্থিতি তখন খুব খারাপ। বিয়ের কারণে আমার ওপর পরিবার রীতিমতো বিরক্ত। কোনো পাত্রই পছন্দ হয় না। আত্মীয় পরিজনরা হাসাহাসি করে, বলাবলি করে "ও হবে এদেশের বড় লেখিকা। আর ওর জন্য আকাশ থেকে আসবে রাজপুত্র।" সত্যি এলো রাজপুত্র তবে আকাশ থেকে নয়, জমিন থেকে। ফজলুল হক আর কাইয়ূম চৌধুরী তখন জুটি হিসেবে সাইকেলে ঘোরাফেরা করে৷ প্রথমজন চালক আর দ্বিতীয়জন রডে বসা আরোহী৷ প্রতিবেশী কাইয়ূম আমার বাড়ি চেনে৷ এক বিকেলে দু'জন এসে বাবার সঙ্গে আলাপ করে গেল। বাসা থেকে আমার ওপর এলো প্রবল চাপ৷ এরা কেনো এলো? আমি তো আসলেই কিছু জানি না। চিন্তাও করিনি এমন দুঃসাহস। জাহানারা ইমামের সঙ্গে প্রেস শো দেখতে গেছি প্রবোধ স্যান্নালের 'মহাপ্রস্থানের পথে' মায়া সিনেমা হলে। এক ফাঁকে ফজলুল হক আমার সঙ্গে কথা বলতে এলো৷ প্রস্তাব রাখল আমি যদি রাজি থাকি তবে বাবার কাছে বিয়ের বিষয় প্রস্তাব নিয়ে আসবে তার আত্মীয়জস্বজন। লম্বা, স্মার্ট, সুদর্শন এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত যুবক। আপত্তি নেই জানিয়েছিলাম। দু'সপ্তার মধ্যে কাবিন হয়ে গেল। বাবা-কাকার মত ছিল না। চেনা জানা নেই, দূর দেশ (?) বগুড়ার ছেলে। কিন্তু ভীষণ খুশী হলো আমার মা। হকের বাড়িতে ওর বাবা ভাইবোন সবাই বেজায় খুশি। বেজার শুধু ওর মা কারণ তিনি স্থানীয় এক ধনী কন্যাকে ঠিক করে রেখেছিলেন। বায়ান্ন সালের তেইশে জুলাই আমাদের বিয়ে হয়। ঢাকায় সিক্কাটুলীতে বাসা নেয়া হলো। আমার বয়স তখন উনিশ, রান্নার র'ও জানি না। অবশেষে বাবুর্চি এলো। দশটায় খেয়ে-দেয়ে দু‌‌‌‌‌জনেই অফিসে চলে যাই। ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের একটা বিশাল বাড়ির দোতালায় সিনেমা পত্রিকার অফিস। পত্রিকা চালায় মূলত তিনজন। ফজলুল হক, ওর ছোট ভাই ফজলুল করীম (এখন বিশ্ব বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ), জহীর রায়হান ও কাইয়ূম চৌধুরী। ওদের সাথে যুক্ত হলাম আমি। পরিচিত হতে লাগলাম উদীয়মান সাহিত্য প্রতিভাদের সঙ্গে। এক কথায় সাহিত্যাঙ্গনের স্বপ্নের মানুষদের সঙ্গে।

মুক্তিযুদ্ধের নয় মাস

মুক্তিযুদ্ধের প্রসঙ্গে রাবেয়া খাতুন বলেন, "দেশ প্রেমিক অন্যান্য বাঙালির চেয়ে পৃথক কিছু নয়। তবে সেই সময়টাকে গল্প, উপন্যাস, নাটক ও স্মৃতিকথায় আজো আমি পারফেক্ট ভাবে ধরতে পেরেছি বলে মনে হয় না৷ প্রতিটি বাঙালির মতো 'যন্ত্রণা, লাঞ্ছনা, অভাব, কষ্ট' কিসের মুখোমুখি হতে হয়নি! এর মধ্যে হক চলে গেল বর্ডার পার হয়ে ওপারে। খুব স্বার্থপরের মতো লেগেছিলো বিষয়টা। তখন গৃহকর্তার ওপারে গেলে সেই অপরাধে বৌ-বাচ্চা ক্যান্টনমেন্টে চালান হয়ে যেতো। আমার বয়স কম, বাচ্চারা ছোট, হাতও বলতে গেলে প্রায় খালি, যে কোন সময় মহা বিপদ হতে পারতো। সেলটার হল সুফিয়া এবং আকবর। আকবর তখন ব্যাংকের অফিসার। থাকে বাসাবোর একটা বড় ফ্ল্যাটে। পাক-সেনারা সহজে ঐ সাইজের বাড়িতে এবং বেশি ভেতরের দিকে ঢুকতে সাহস করতো না। ঐ এলাকাটা ওরা খুব নিরাপদ মনে করতো না। ফলে বেঁচে যাওয়া। কিন্তু অর্থনৈতিক ব্যাপারে খুবই অসুবিধার মধ্যে কেটেছে। দু'বার ঢাকা থেকে পালিয়েছিলাম। শেষ বার ডিসেম্বরের বম্বিং এর পর। অনবরত দিনের বেলা পাকবাহিনী যেখানে সেখানে বোম ফেলছে। আমরা কখনও নৌকা কখনও মাইলের পর মাইল পায়ে হাঁটছি। শীতের রাত চষা ক্ষেতের শিশির ভেজা পিছল পথ। রাতে চাঁদের আলো ছিল। তবু একটা আধ ভাঙ্গা ব্রিজ থেকে নিচে পড়ে গেলাম। নদী বাঁধের জন্য চোখা চোখা বাঁশ দাঁড় করানো। যদি বাঁশে গেঁথে যেতাম তাহলে সে রাতেই জীবনের ইতি টানতো।"

স্মরণীয় ঘটনা

বাংলা একাডেমীর যে পুকুরটি রয়েছে প্রস্তাব আনা হলো সেটি থাকবেনা বন্ধ হয়ে যাবে৷ সাব-কমিটি করা হলো ড. শমসের আলী আর আমি৷ আমরা রিপোট করলাম থাকবে৷ এখন মনে হয় সিদ্ধান্ত যেভাবে নেয়া হয়েছিল কিজে কি হলো? পুকুরটি থাকবে, তবে যত্নে এবং সৌন্দর্যে সেটাকে আকর্ষক করা হবে৷ যা এখন পর্যন্ত করা হয়নি৷ একুশের মেলায় গেলে সেই কথাটা মনে হয়৷ এমন অবহেলিত, সৌন্দর্য বিবর্জিতভাবে ওটা থাকার চেয়ে না থাকাই বরং ভালো ছিল৷

জীবনের একটি সুখ এবং দুঃখের স্মৃতি

দু'টোই একসঙ্গে গ্রন্থিত। বাবার বয়স হয়েছিল কিন্তু একাত্তরের দুঃসময় না এলে তিনি মারা যেতেন না। আগস্টে ঢাকা থেকে পালিয়ে চলে গিয়েছিলাম গ্রামে। সেই ধকল তিনি সইতে পারেননি। অসুস্থ হয়ে কোমায় ছিলেন বারো দিন। নদীতে মিলিটারী টহলদাররা নৌকা আটকে রেখেছিল। ঢাকার ডাক্তাররা বললেন, অলরেডি তিনি মৃত। বিনা চিকিত্‍সায় মারা গেলেন বাবা। ভাবলে এখনো অপার অব্যক্ত কষ্টে ভুগি। একই সঙ্গে পুলকিত হই আমার উপার্জনের টাকায় বাবার কাফন-দাফন হয়েছিল ভেবে।

প্রথম প্রকাশিত লেখা

১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের প্রথম প্রগতিশীল সাপ্তাহিক 'যুগের দাবীতে' ছাপা হয় ছোটগল্প 'প্রশ্ন'। ১৯৬৩ সালের ১ জুলাই পুস্তকাকারে 'মধুমতী' প্রথম বই হিসেবে প্রকাশিত।

পুরস্কার

সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন-
১৯৭৩, বাংলা একাডেমী এ্যাওয়ার্ড, বাংলা একাডেমী
১৯৮৯, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার
১৯৯৩, একুশে পদক, বাংলাদেশ সরকার
১৯৯৪, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ
১৯৯৫, নাসিরউদ্দিন স্বর্ণপদক
১৯৯৬, জসিমউদ্দিন পুরস্কার
১৯৯৬, শেরে বাংলা স্বর্ণপদক
১৯৯৬, শাপলা দোয়েল পুরস্কার
১৯৯৭, টেনাশিনাস পুরস্কার
১৯৯৮, ঋষিজ সাহিত্য পদক
১৯৯৮, অতীশ দীপঙ্কর পুরস্কার
১৯৯৯, লায়লা সামাদ পুরস্কার
১৯৯৯, অনন্যা সাহিত্য পুরস্কার
২০০০, মিলেনিয়াম এ্যাওয়ার্ড
২০০১, টেলিভিশন রিপোটার্স এ্যাওয়ার্ড
২০০২, বাংলাদেশ কালচারাল রিপোটার্স এ্যাওয়ার্ড
২০০২, শেলটেক পদক
২০০৫, মাইকেল মধুসূদন পুরস্কার
২০০৫, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি


ইউরো শিশু সাহিত্য পুরস্কার দুবার, চলচ্চিত্র সংস্থা থেকে একাধিকবার। এছাড়াও বিবিসি ও ভয়েস অব আমেরিকা থেকে একাধিকবার নারী বিষয়ক তাঁর মূল্যবান বক্তব্য প্রচারিত হয়েছে। তাঁর ছোটগল্প অনুদিত হয়েছে ইংরেজী, উর্দু, হিন্দী ও ইরানী ভাষায়। ইংরেজীতে অনুবাদ হচ্ছে 'মধুমতী'। উপন্যাস-দু:সাহসী অভিযান চিত্রায়িত হয়েছিল 'প্রেসিডেন্ট' নামে। সেটি ছিলো পূর্বপাকিস্তানের প্রথম শিশু-কিশোর চলচ্চিত্র। ২০০৪ সালে চলচ্চিত্রে এসেছে মুক্তিযুদ্ধের উপন্যাস 'মেঘের পর মেঘ'। ছবিটি একাধিক পুরস্কারে পুরস্কৃত। ২০০৩ সালে মৌসুমী পরিচালিত কখনো মেঘ কখনো বৃষ্টি ও ২০০৫ সালে মুক্তি পায় ধ্রুবতারা।

দেশ ভ্রমণ

ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, সুইডেন, জাপান, নেপাল, ভারত, সিকিম, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিশর, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, মরিশাস, মালদ্বীপ, সুইজারল্যান্ড, হংকং। এছাড়াও টরেন্টো ইউনিভার্সিটি বাংলা বিভাগের আমন্ত্রণে ঘুরে এসেছেন কানাডায়।

শখ

গান শোনা, ছবি দেখা, নাটক দেখা, ছবি তোলা, ভ্রমণ। সাহিত্য ছাড়াও জ্যোর্তিবিজ্ঞান, দর্শন, ইতিহাস বিষয়ক বই পড়তে তিনি পছন্দ করেন।

প্রকাশিত গ্রন্থসমূহ

উপন্যাস
মধুমতী, সাহেব বাজার, অনন্ত অন্বেষা, রাজারবাগ শালিমারবাগ, মন এক শ্বেত কপোতী, ফেরারী সূর্য, অনেকজনের একজন, জীবনের আর এক নাম, দিবস রজনী, সেই এক বসন্তে, মোহর আলী, নীল নিশীথ, বায়ান্ন গলির একগলি, পাখি সব করে রব, নয়না লেকে রূপবান দুপুর, মিড সামারে, ই ভরা বাদর মাহ ভাদর, সে এবং যাবতীয়, হানিফের ঘোড়া, হিরণ দাহ, মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র, এই বিরল কাল, হোটেল গ্রীন বাটন, চাঁদের ফোটা, নির্বাচিত প্রেমের উপন্যাস, বাগানের নাম মালনিছড়া, প্রিয় গুলসানা, বসন্ত ভিলা, ছায়া রমণী, সৌন্দর্যসংবাদ, হৃদয়ের কাছের বিষয়, ঘাতক রাত্রি, শ্রেষ্ঠ উপন্যাস, মালিনীর দুপুর, রঙিন কাঁচের জানালা, মেঘের পর মেঘ, যা কিছু অপ্রত্যাশিত, দূরে বৃষ্টি, সাকিন ও মায়াতরু, রমনা পার্কের পাঁচবন্ধু, শুধু তোমার জন্য, ঠিকানা বি এইচ টাওয়ার, কখনো মেঘ কখনো বৃষ্টি, প্রথম বধ্যভূমি, কমলিকা, দশটি উপন্যাস, শঙ্খ সকাল প্রকৃতি, যা হয়না, আকাশে এখনো অনেক রাত, উপন্যাস সমগ্র, স্বনিবার্চিত উপন্যাস, জাগতিক, স্বপ্নে সংক্রামিত, ও কে ছিল, মহা প্রলয়ের পর, নির্বাচিত উপন্যাস, শহরের শেষ বাড়ি, নষ্ট জ্যোস্নার আলো, মাইগো, সমুদ্রবণ ও প্রণয় পুরুষ, এই দাহ, রাইমা।
গবেষণামূলক গ্রন্থ
জীবন ও সাহিত্য, পাবনা মানসিক হাসপাতাল, স্মৃতির জ্যোর্তিময় আলোকে যাদের দেখেছি।

ছোটগল্প
আমার এগারোটি গল্প, মুক্তিযোদ্ধার স্ত্রী, নির্বাচিত ছোটগল্প, মধ্যরাতে সাত মাইল, মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের গল্পসমগ্র, লাল চিঠি, প্রেম কিংবা পরশ পাথর, তোমার কাছে যাব বলে, গল্প সমগ্র-এক, গল্প সমগ্র-দুই, গল্প সমগ্র - তিন, গল্প সমগ্র - চার।

স্মৃতিকথা
একাত্তরের নয় মাস, স্বপ্নের শহর ঢাকা, চোখের জলে পড়ল মনে।

ভ্রমণকাহিনী
হে বিদেশী ভোর, মোহময়ী ব্যাংকক, টেমস থেকে নায়েগ্রা, কুমারী মাটির দেশে, হিমালয় থেকে আরব সাগরে, কিছুদিনের কানাডা, চেরি ফোঁটার দিনে জাপানে, কুমারী মাটির দেশে অষ্ট্রেলিয়ায়, আবার আমেরিকা, মমি উপত্যকা এবং অন্যান্য আলোকিত নগর, ভূস্বর্গ সুইজারল্যান্ড, হংকং, মালদ্বীপ, পূবের ভূস্বর্গ সোয়াত, তাসমানিয়া।

কিশোর উপন্যাস
দু:সাহসিক অভিযান, সুমন ও মিঠুন গল্প, তীতুমীরের বাঁশের কেল্লা, একাত্তরের নিশান, দূর পাহাড়ের রহস্য, লাল সবুজ পাথরের মানুষ, সোনাহলুদ পিরামিডের খোঁজে, চলো বেড়িয়ে আসি, রক্তমুখী শিলা পাহাড়, কিশোর উপন্যাস সমগ্র, সুখী রাজার গল্প, হিলারী যখন ঢাকায় আমরা তখন কাঠমুন্ডুতে, রোবটের চোখ নীল, ইশা খাঁ, ছোটদের উপহার৷

এছাড়াও সাহিত্য সংস্কৃতি পত্র 'সোনারং' রাবেয়া খাতুনকে নিয়ে প্রকাশিত করেছে বিশেষ সংখ্যা 'কথাশিল্পী রাবেয়া খাতুন'৷ সোনারং সম্পাদনা করেছেন রহমান মুস্তাফিজ।

আনিসুজ্জামান Professor Anisuzzaman Biography 1937-


১৯৫২ সাল, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ফেটে পড়ছে ছাত্র সমাজ। ওই বছর জানুয়ারিতেই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো। ঠিক হলো ওই সংগঠনের পক্ষ থেকে ভাষা আন্দোলন সম্পর্কে একটা পুস্তিকা বের করা হবে। দায়িত্ব দেওয়া হলো সে সময়ের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কযুক্ত নেতা মোহাম্মদ তোয়াহার ওপর। কিন্তু তিনি সময়াভাবে লেখাটা তৈরি করতে পারছিলেন না। তখন পূর্ব পাকিস্তান যুবলীগের পক্ষ থেকে একটি প্রচারপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়ে তা লেখার দায়িত্ব দেওয়া হলো, মাত্র ১৫ বছর বয়সের এক কিশোরকে। সবে ম্যাট্রিক পাস করে জগন্নাথ কলেজে আই এ. প্রথম বর্ষে ভর্তি হয়েছে। ঠাটারিবাজারে তাঁদের বাড়ির কাছে যোগীনগরে যুবলীগের অফিস। যুবলীগের সম্পাদক অলি আহাদের কাছ থেকে পুস্তিকা লেখার প্রস্তাব পেয়ে অবাক সে। ভাষা আন্দোলন সম্পর্কে সে কি জানে আর কী-ই বা লিখবে। অলি আহাদ ওকে আশ্বস্ত করেন। বলেন, ভাষা আন্দোলন সম্পর্কে আপনার মনে যা আসে, তাই লিখবেন পরে আমি দেখবো। শেষ পর্যন্ত ১৫ বছরের কিশোরই ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের বিষয়ে প্রথম পুস্তিকাটি রচনা করে। এর নাম ছিল 'রাষ্ট্রভাষা কী ও কেন?' সেদিনের ওই কিশোর লেখকই পরবর্তীকালে বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী ড.আনিসুজ্জামান। '৫২ সালের ২১শে ফেব্রুয়ারির আগে রাষ্ট্রভাষা আন্দোলনের ওপর এটাই ছিল প্রথম প্রকাশিত পুস্তিকা। পরে অবশ্য বদরুদ্দীন উমর এর চেয়ে আকারে বড় এবং সমৃদ্ধ আরেকটি পুস্তিকা লিখেছিলেন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির আগে সেটা ছিল দ্বিতীয় প্রকাশিত পুস্তিকা।
আনিসুজ্জামান ভাষা আন্দোলনের কথা প্রথম শোনেন ১৯৪৮ সালে, সে সময়ে তিনি খুলনা জেলা স্কুলে পড়েন। ১১ই মার্চ রাষ্ট্রভাষার দাবিতে ধর্মঘট ডাকা হলো। মুসলিম লীগের লোকজন তাঁদের ডেকে বললেন, এসব যারা করছে তাঁরা পাকিস্তানের শত্রু। কথাটা তখন তাঁর কিশোর মনকে স্পর্শ করেছে। মাত্র ছ মাস হয়নি তাঁরা দেশভাগের কারণে কলকাতা ছেড়ে খুলনা এসেছেন। পাকিস্তান রাষ্ট্রটির প্রতি একটা গভীর দরদ ছিলো। এই রাষ্ট্রটির জন্য ক্ষতিকর হতে পারে- এমন আন্দোলনে যেতে তাঁর মন সায় দেয়নি। এ কারণে তিনি সেদিন স্কুলের সেই ধর্মঘটে অংশ নেওয়া থেকে বিরত থাকেন। তারপর ১৯৪৯-৫০ এই দুটো বছর বিষয়টা নিয়ে অনেক জেনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়তেন তাঁর মামাতো ভাই সৈয়দ কামরুজ্জামান। তাঁর কাছে ভাষা আন্দোলনের যৌক্তিকতা মনোযোগ দিয়ে শোনেন। তারপর সাহিত্যের প্রতি ভালবাসা, ভাষার প্রতি আকর্ষণ এসব মিলিয়ে তাঁর মনের ভেতরে ভাষা আন্দোলনের চেতনাটি জন্ম নিল। আর তাই এর পুরো তাত্‍পর্য স্পষ্ট না হলেও, ভাষার জন্য এক ধরনের আবেগ তাঁকে দিয়ে ওই রচনাটি লিখিয়ে নিয়েছিল।

If you cannot view the fonts properly please download and Install this file.

পারিবারিক পরিচয়

আনিসুজ্জামানের পিতামহ শেখ আবদুর রহিম ছিলেন লেখক ও সাংবাদিক। তিনি ১৮৮৮ সালে হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনী লিখেন। এটা ছিল কোনো বাঙালি মুসলমানের লেখা হযরত মোহাম্মদ (সাঃ)-এর প্রথম জীবনী৷
বাবা ডা. এ টি এম মোয়াজ্জম সামান্য লেখালেখি করেছেন। তিনি পেশায় হোমিওপ্যাথ ছিলেন। আনিসুজ্জামানের মা সৈয়দা খাতুন লিখতেন। তাঁরা ছিলেন পাঁচ ভাই-বোন। তিন বোনের ছোট আনিসুজ্জামান তারপর আরেকটি ভাই। বড় বোন নিয়মিত কবিতা লিখতেন। আনিসুজ্জামানের বাবা পশ্চিমবঙ্গের মহকুমা শহর বসিরহাটে হোমিওপ্যাথি প্র্যাকটিস শুরু করেন ১৯১৭ সালে।

১৯৩৬ সালে কলকাতা চলে যান, তারপর ১৯৪৭ সালে খুলনায়, তার এক বছর পর ঢাকায় । প্রথমে শান্তিনগরে পরে ঠাটারিবাজারে বাসা নেন। চেম্বার করেন স্টেশন রোডের পুরনো রেলস্টেশনের রাস্তায়।

শৈশবকাল

আনিসুজ্জামানের জন্ম কলকাতায়, ১৯৩৭ সালে। শৈশবকালের শুরুটা কলকাতায় হওয়াতে সেখানকার নাগরিক পরিবেশ দেখেছেন। দেশভাগের সময়ে চলে এলেন খুলনায়। বছরখানেক সেখানে থেকে ঢাকায় চলে আসেন। ঢাকা শহরেও আবার এক জায়গায় থাকেননি। প্রথমে ছিলেন শান্তিনগরে, পরে ঠাটারীবাজারে। ফলে বিভিন্ন পরিবেশে বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে তাঁর শৈশবকাল।

শিক্ষা জীবন

আনিসুজ্জামানের শিক্ষাজীবন শুরু হয়েছিল কোলকাতার পার্ক সার্কাস হাইস্কুলে। ওখানে পড়েছেন তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। পরে খুলনা জেলা স্কুলে অষ্টম শ্রেণীতে পড়েন। চলে যেতে হয় ঢাকায়। সেখানে ভর্তি হন প্রিয়নাথ হাইস্কুলে। আনিসুজ্জামান ছিলেন প্রিয়নাথ স্কুলের শেষ ব্যাচ। কারণ তাঁদের ব্যাচের পরেই ওই স্কুলটি সরকারি হয়ে যায় এবং এর নাম রাখা হয় নবাবপুর গভর্নমেন্ট হাইস্কুল। সেখান থেকে ম্যাট্রিক পাস করে ভর্তি হন জগন্নাথ কলেজে। বাংলায় অনার্স নিয়ে বিএ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনার্স শেষবর্ষের ছাত্রাবস্থায় একদিন বিভাগের অধ্যক্ষ মুহম্মদ আবদুল হাই তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি পাস করে কি করবে? তিনি বললেন, আমি শিক্ষকতা করবো। কিন্তু হাই সাহেব তাঁকে শিক্ষকতা করার আগে গবেষণায় উত্‍সাহিত করেন। ১৯৫৭ সালে এমএ পাস করে এর পরের বছর অর্থাত্‍ ১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে বাংলা একাডেমীর প্রথম গবেষণা বৃত্তি পেলেন। কিন্তু এক বছর যেতে না যেতেই বিভাগের শিক্ষক শূন্যতায় বাংলা একাডেমীর বৃত্তি ছেড়ে দিয়ে তাঁকে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে হয়।

কর্মজীবন

বাংলা একাডেমীর বৃত্তি ছেড়ে দিয়ে আনিসুজ্জামান যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেন তখন তাঁর বয়স মাত্র ২২ বছর। প্রথমে অ্যাডহক ভিত্তিতে চাকরি হলো তিন মাসের। কথা ছিল গ্রীষ্মের ছুটি শুরু হলেই চাকরি শেষ হয়ে যাবে। চাকরি চলে যাওয়ার পর কয়েক মাস বেকার থাকলেন। তারপর কেন্দ্রীয় সরকারের গবেষণা বৃত্তি পেয়ে কয়েক মাস ভোগ করে অক্টোবর মাসে আবার যোগ দিলেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় । ১৯৬২ সালে তাঁর পিএইচডি হয়ে গেল। ১৯৬৪ সালে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে বৃত্তি পেয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ে গেলেন। তবে তার আগে ১৯৬১ সালের রবীন্দ্রজন্মশতবর্ষ অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬৭ সালে তথ্যমন্ত্রী জাতীয় পরিষদে বলেন, রবীন্দ্রনাথের গান পাকিস্তানের জাতীয় ভাবাদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে বেতার ও টেলিভিশন কর্তৃপক্ষকে রবীন্দ্র সংগীতের প্রচার হ্রাস করতে বলা হয়েছে। এটা ছিল প্রকারান্তরে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করার পাঁয়তারা। এর প্রতিবাদে বুদ্ধিজীবীদের নিয়ে বিবৃতিতে আনিসুজ্জামান স্বাক্ষর সংগ্রহ করলেন এবং সেটা কাগজে কাগজে ছাপতে দিলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি পুরোপুরি সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম- সম্পাদক। আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদের সঙ্গে তাঁর কলেজ জীবন থেকেই ঘনিষ্ঠতা ছিল। তিনি যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন, তখন দলের ঘোষণাপত্রের খসড়ার চূড়ান্ত রূপ দিতে আনিসুজ্জামানকে ডেকেছিলেন।
১৯৬৯ সালে আনিসুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন বাংলা বিভাগের রিডার হিসাবে। ১৯৭১ সালের ৩১শে মার্চ পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করেছিলেন। তারপর চলে গেলেন কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের হোস্টেলে। পরে ভারতে গিয়ে প্রথমে শরণার্থী শিক্ষকদের সংগঠন "বাংলাদেশ শিক্ষক সমিতির" সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারপর বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের বক্তৃতা লেখার কাজে যুক্ত ছিলেন। কখনও তিনি আগে বাংলা বক্তৃতা লিখতেন এবং এর ইংরেজি অনুবাদ করতেন খান সারওয়ার মুরশিদ, কখনও মুরশিদ আগে ইংরেজি ভাষ্য তৈরি করতেন পরে বাংলাটা করতেন তিনি। স্বাধীনতার পরেও এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে একজন নির্ভীক বুদ্ধিজীবী হিসেবে অবদান রেখেছেন ড. আনিসুজ্জামান।

১৯৭৪-৭৫ সালে কমনওয়েলথ অ্যাকাডেমিক স্টাফ ফেলো হিসেবে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে গবেষণা করেন। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের গবেষণা-প্রকল্পে অংশ নেন ১৯৭৮ থেকে ১৯৮৩ পর্য্যন্ত। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। সেখান থেকে অবসর নেন ২০০৩ সালে। পরে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে আবার যুক্ত হন। তিনি মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ (কোলকাতা), প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন।

পারিবারিক জীবন

জীবনসঙ্গিনী সিদ্দিকা জামানের সঙ্গে আনিসুজ্জামানের পরিচয় এক বন্ধুর মাধ্যমে। তিনি তখন এমএ পাস করে ফেলেছেন। সে যুগে দেখা-সাক্ষাত্‍ করার তেমন সুযোগ ছিল না, যদিও পারিবারিকভাবে পরিচয় ছিল। কথাবার্তা টেলিফোনেই বেশি হতো। এভাবেই প্রেম এবং তা থেকে বিয়ে। তাঁরা বিয়ে করেন ১৯৬১ সালের অক্টোবর মাসে। তাঁর স্ত্রী তখন ইডেন কলেজে বিএ পড়েন আর তিনি সে সময়ে গবেষণা করছেন, অধ্যাপনায় ঢুকেছেন। আনিসুজ্জামানের শ্বশুর আবদুল ওয়াহাব প্রখ্যাত সাংবাদিক ছিলেন। কাজ করতেন কলকাতার 'স্টেটসম্যান' পত্রিকায়। ঢাকায় আসার পরেও ১৯৫৪ সাল পর্যন্ত ওই পত্রিকার প্রতিনিধি ছিলেন৷ পরে ডন, লন্ডন টাইমস, নিউ ইয়র্ক টাইমসের সংবাদদাতা হন।
আনিসুজ্জামানের দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ের জন্ম ১৯৬৪ সালে, ছোট মেয়ের জন্ম ১৯৬৯ সালে এবং ছেলের জন্ম ১৯৭২ সালে। পারিবারিক জীবন সম্পর্কে আনিসুজ্জামান বলেন, " আমার স্ত্রী আমাকে সাংসারিক দায়িত্ব থেকে একদম মুক্ত করে দিয়েছেন। এটা বড় একটা ব্যাপার, এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তাছাড়া আমরা সব সময়েই কথাবার্তা বলে সিদ্ধান্ত নিই। আমার স্ত্রীর বড় কোন চাহিদা নেই, ছেলেমেয়েদেরও ছিল না। ওরা যে খুব স্বাচ্ছন্দ্যে থেকেছে, তা নয়। তবু তাদের কোন অভিযোগ ছিল না। আমার সাংসারিক জীবনটা বলতে হবে খুবই শান্তিপূর্ণ ও নির্ঝঞ্ঝাট।"

পুরস্কার ও সম্মাননা

নীলকান্ত সরকার স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৬); দাউদ পুরস্কার (১৯৬৫); বাংলা একাডেমী পুরস্কার (১৯৭০); একুশে পদক (১৯৮৫); আনন্দ পুরস্কার (১৯৯৩); রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট (২০০৫); এশিয়াটিক সোসাইটিতে (কলকাতা) ইন্দিরাগান্ধী স্মারক বক্তৃতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শরত্‍চন্দ্র স্মারক বক্তৃতা, নেতাজী ইনস্টিটিউট অফ এশিয়ান অ্যাফেয়ার্সে নেতাজী স্মারক বক্তৃতা এবং অনুষ্টুপের উদ্যোগে সমর সেন স্মারক বক্তৃতা প্রদান।

উল্লেখযোগ্য গ্রন্থ

তাঁর রচিত ও সম্পাদিত বহু বাংলা ও ইংরেজি বই রয়েছে। তার মধ্যে মুসলিম মানস ও বাংলা সাহিত্য (১৯৬৪), মুনীর চৌধুরী (১৯৭৫),স্বরূপের সন্ধানে (১৯৭৬), পুরোনো বাংলা গদ্য (১৯৮৪), আমার একাত্তর (১৯৯৭), মুক্তিযুদ্ধ এবং তারপর (১৯৯৮), আমার চোখে (১৯৯৯),কাল নিরবধি (২০০৩),Factory correspondence and other Bengali Documents in the India o ffice Library and Records (1981), Creativity , Identity and Reality (1991), Cultural Pluralism (1993), Identity, Religion and Recent history (1995) উল্লেখযোগ্য।
বর্তমানে তিনি শিল্পকলা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা 'যামিনী' এবং বাংলা মাসিকপত্র 'কালি ও কলমের' সম্পাদকমন্ডলীর সভাপতি। এছাড়াও তিনি নজরুল ইনিস্টিটিউট ও বাংলা একাডেমীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং দৈনিক প্রথম আলো'র সাপ্তাহিক সাহিত্য সাময়িকীর পাতায় 'বিপুলা পৃথিবী' নামে আত্নজীবনী লিখছেন।

যতীন সরকার Professor Jatin Sarkar Biography



বর্তমান সময়

যতীন সরকারের সাথে কথা বলতে সম্প্রতি গিয়েছিলাম নেত্রকোনা সদরের সাতপাই গারায়। নেত্রকোনা শহরেই নিজবাড়িতে নিভৃত বসবাসের মধ্যে নিরবচ্ছিন্ন লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি। অধ্যাপনা পেশা থেকে অবসর নিয়েছেন বেশ ক' বছর আগে। উদীচীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়া আর কোনো ব্যস্ততা নেই। কী লিখছেন তিনি, তা জানতে চেয়েছিলাম। সেলফে সাজানো বইয়ের দিকে আঙুল তুলে বললেন, "কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা লেখা লিখব বলে পাঁচ-ছয় বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে বইপত্র, আরও যোগাড় করছি, পড়ছি। লিখেছি পঞ্চাশ পৃষ্ঠার মতো। ঠিক যে কথাটা আমি ওই লেখার মাধ্যমে বলতে চাচ্ছি, যেভাবে বলতে চাচ্ছি, সেই কথাটা ঠিক সেভাবে আমি বলতে পারছি না।" এছাড়া ছোট ছোট আরও কিছু লেখা ও প্রকাশের অপেক্ষায় থাকা কিছু বই নিয়ে ব্যস্ততার কথা জানালেন তিনি। লিখছেন 'পাকিস্তানের ভূতদর্শন'।


If you cannot view the fonts properly please download and Install this file.

এ লেখা যতটা নীরস, ততটা নীরস লোক নন যতীন সরকার। আমাদের আলাপচারিতার পুরোটা সময় জুড়ে ছিল একটা হাসির হালকা হাওয়া। এছাড়া মাঝে মাঝে অট্টহাসির তুফান তো ছিলই। কথাবার্তায় যেমন, তেমনি যতীন সরকার তাঁর লেখায়ও সদাহাস্যময়। বুদ্ধিজীবী বললে পাঠকের চোখের ভিতর গুরুগম্ভীর বৃদ্ধের যে ছবি ভেসে ওঠে-ব্যক্তিগত আলাপে, বক্তৃতায় এবং লেখায়- কোথাও তেমন নন তিনি। যতীন সরকারকে নিয়ে এ লেখা তেমন সুখপাঠ্য না হলেও তাঁর লেখা যেকোনো প্রবন্ধ শুধু পাঠের আনন্দেই আপনারা পড়তে পারেন- এ ব্যাপারে লিখিত নিশ্চয়তা দিতেও আমি রাজি আছি।

হাসান আজিজুল হক Hasan Azizul Haque Biography 1939-



ছোট গল্পকার হিসেবে বাংলা সাহিত্যে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অসংখ্য উৎকৃষ্ট গল্পের সমারোহে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছেন তিনি। অবিশ্রান্ত লিখে যাচ্ছেন নতুন নতুন গল্প। চর্বিতচর্বণ নয়, গল্পে তিনি আজো নিরীক্ষাপ্রবণ। বিশ্ব ছোটগল্পের সাথে তুলনা করে বলা যায় বাংলা ছোটগল্পকে তিনি ইতোমধ্যেই একক চেষ্টায় তুলে দিয়েছেন অনন্য সাধারণ উচ্চতায়। গত অর্ধশতাব্দী কাল বাঙালী জীবন ও সমাজের অন্যতম সার্থক রূপকার হাসান আজিজুল হক। শুধু সাহিত্য নয়, গণমানুষের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি বরাবর সোচ্চার।

If you cannot view the fonts properly please download and Install this file.

জন্ম ও শৈশব

১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে হাসান আজিজুল হকের জন্ম। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা নিজের গ্রামেই। তিনি ১৯৫৪ সালে যবগ্রাম মহারানী কাশীশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। যে পরিবারে হাসানের জন্ম সেই পরিবারের কেউ কেউ চাকরিতে প্রবেশ করলেও তাঁদের পারিবারিক অর্থনীতির শেকড় তখনও কৃষিতেই আমূল প্রোথিত ছিল। অভিজাত ও স্বচ্ছল পরিবারে জন্ম হওয়ায় মাটি আর মানুষের বাইরে আর কোনো কিছুই তাঁর কাছে বেশী গুরুত্ববহ নয়। ব্যক্তিগত জীবনে যেমন তেমনি লেখায়ও হাসান সবসময় তাঁর কলমকে মাটিলগ্ন মানুষের দিকে নুইয়ে রেখেছেন। জনপদে জনপদে মানুষের ঘামের শ্রমের কাজের জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। কঠিন শ্রমে তীব্র আনন্দে বাঁচা কাকে বলে জানেন তিনি। বৃষ্টির হিম, আগুনের দহন, বৈশাখের ঝড়ের প্রহার - কি জানেন না তিনি?
হাসান আজিজুল হকের বাবা-চাচাদের পরিবার ছিল বিশাল একান্নবর্তী একটি পরিবার। তাঁর বাবা ছিলেন সত্যি করেই একজন কুলপতি। কিন্তু নিষ্ঠুর শাসক কুলপতি নয়। প্রজ্ঞা আর হৃদয়ের সম্মিলন ঘটেছিল তাঁর মধ্যে। হাসানের মা পৈত্রিক দিক থেকে উত্তরাধিকার সূত্রে যা কিছু পেয়েছিলেন তাও তাঁকে তাঁর স্বামী ও দেবর-ভাশুরদের সমানভাবে বিলিয়ে দিতে হয়েছিল। ছেলেবেলায় হাসানের মানসগঠনে প্রভাবসঞ্চারী ভূমিকা রেখেছেন তাঁর বাবা, মা ও বড়বোন।

তাঁর নানা পুরনোকালের শিক্ষায় শিক্ষিত ছিলেন। ফরাসী ও বাংলায় তাঁর লেখা বেশ কয়টি পাণ্ডুলিপিও ছিল। আর তিনি ছিলেন দারুণ এক কথক। হাসানদের কৃষিজীবী পরিবারের স্কুল-কলেজের পড়াশোনাটা তখনকার দিনের তুলনায় একটু ব্যতিক্রমই বটে। বড়ভাই জেলা শহরে চাচার কাছে থেকে স্কুলে পড়তেন। সেখান থেকে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরত্‍চন্দ্র ও অন্যান্য লেখকের বই আসত গ্রামের বাড়িতে। মামার বাড়ি ও অন্যান্য আত্মীয় বাড়িতে বিভিন্ন বইয়ের জন্য তল্লাশি চালাতেন হাসান আজিজুল হক। বই সংগ্রহ আর বড়বোনের সান্নিধ্যে থেকে হাসানও বইয়ের মধ্যেই ডুবে যেতেন।

শিক্ষা ও কর্মজীবন

১৯৫৬ সালে খুলনার দৌলতপুরের ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। প্রথম যৌবনেই ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন হাসান আজিজুল হক।রাজনীতি করার কারণেই পাকিস্তানী সেনাবাহিনীর চরম নির্যাতন ভোগ করেন । কলেজের অধ্যক্ষ তাঁর মেধা-বৃত্তি ফাইলচাপা করে রাখেন এবং শেষ পর্যন্ত তাঁকে কলেজ ত্যাগ করতে বাধ্য করেন। পরে তিনি এসে ভর্তি হন রাজশাহী সরকারি কলেজে। ১৯৫৮ সালে এই কলেজ থেকে দর্শনশাস্ত্রে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভের পর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ১৯৬০ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন হাসান আজিজুল হক। ১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত তিনি রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা গার্লস কলেজ এবং দৌলতপুর ব্রজলাল কলেজে অধ্যাপনা করেন। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তত্‍কালীন উপাচার্য খান সারওয়ার মুরশিদ নিজে উদ্যোগী হয়ে তাঁকে রাজশাহী নিয়ে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন হাসান আজিজুল হক। এই বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত টানা ৩১ বছর অধ্যাপনা করেন তিনি।

সাহিত্যজীবন

রাজশাহী কলেজে পড়ার সময় একই কলেজের উদ্যমী তরুণ মিসবাহুল আজীমের সম্পাদনায় প্রকাশিত ভাঁজপত্র 'চারপাতা'য় হাসানের প্রথম লেখা ছাপা হয়। সেটি কিন্তু কোনো গল্প ছিল না। যাযাবর, মুজতবা আলী ও রঞ্জনের সুবাদে রম্যরচনা তখন বেশ জনপ্রিয়। রাজশাহীর আমের মাহাত্ম্য নিয়েই সেই লেখা। 'চারপাতা'র ছোট্ট এক কলামে ছাপা হয়েছিল হাসান আজিজুল হকের সেই রম্যরচনাটি।
খুলনায় এসে তাঁর সাহিত্যসৃষ্টির উৎসমুখ খুলে গেল প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন 'সন্দীপন'-কে কেন্দ্র করে। ষাটের দশকের প্রথম দিকেই নাজিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান, জহরলাল রায়, সাধন সরকার, খালেদ রশীদ প্রমুখ সংগ্রামী কয়েকজন তরুণের চেষ্টায় গঠিত হয়েছিল 'সন্দীপন গোষ্ঠী'। গণসঙ্গীত ও গণসংস্কৃতি চর্চার মাধ্যমে গোটা দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। পরে ১৯৭৩ সালের দিকে তাঁদেরই কেউ কেউ, বিশেষ করে, নাজিম মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে নাটক, আবৃত্তি, সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতি চর্চা দিয়ে সরগরম করে তোলেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ততদিনে অবশ্য হাসান আজিজুল হক রীতিমতো বিখ্যাত। আদমজী এবং বাংলা একাডেমী পুরস্কারের মুকুট তাঁর মাথায়। আঙ্গিক, ভাষা ও বিষয়ের অভিনবত্বে তিনি বাংলা গল্পে তাঁর অবস্থান সংহত করে নিয়েছেন। 'সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য', 'আত্মজা ও একটি করবী গাছ', 'জীবন ঘষে আগুন' এইসব গ্রন্থের গল্পগুলো লিখে মনোযোগ কেড়ে নিয়েছেন বোদ্ধা পাঠকদের। ষাটের দশকে বাংলা কথাসাহিত্যের বাঁকবদলের রূপকারদের অন্যতম একজন হিসেবে স্বীকৃতিও মিলতে শুরু করেছে তাঁর। কোনো স্বীকৃতিই জাতলেখককে তৃপ্ত করতে পারে না, তাঁর কলমকে বাঁধা বৃত্তের অচলায়তনে আটকে রাখতে পারে না। হাসান আজিজুল হক কথাসাহিত্যের প্রচলিত ধারাকে তো বটেই, নিজের লেখাকেও বার বার নতুন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন। সময়ের সাথে যেমন সমাজের সদর-অন্দর, সমাজের মানুষের ভিতর-বাহির পাল্টেছে, তেমনি পাল্টেছে তাঁর গল্পও।

প্রথম গল্পগ্রন্থ 'সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য' এর প্রথম গল্প 'শকুন' এ সুদখোর মহাজন তথা গ্রামের সমাজের তলদেশ উন্মোচিত করেছিলেন তিনি। সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতায় তাঁর গল্পের ভিতর-বাহির কীভাবে পাল্টেছে, প্রথম গ্রন্থের প্রথম গল্পের সাথে এ যাবত্‍ প্রকাশিত শেষগ্রন্থের শেষ গল্পটি পাশাপাশি রেখে পড়লেই পাঠক তা ধরতে পারবেন। সময়, সমাজ ও মানুষের অন্তর-বাহির ও বিস্তৃতি চষে বেরিয়েছেন হাসান আজিজুল হক। প্রখর দৃষ্টি দিয়ে তন্নতন্ন করে খুঁজেছেন মানুষের গহীন তল্লাট।

সময় ও সমাজ আলাদা হলেও যেসব সাধারণ বৈশিষ্ট্যের কারণে ভিন্ন ভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন সময়েও মানুষ মানুষই থাকে, সেসব বৈশিষ্ট্যের দিক তুলে ধরে তাঁর গল্প বিশ্বজনীন এবং চিরন্তন আবেদন নিয়ে এসেছে। যেমন 'আত্মজা ও একটি করবী গাছ' গল্পের সেই উদ্বাস্তু লোকটি- যে তার মেয়ের মাংস বিক্রির টাকায় জীবনাতিপাত করে। তার সেই উদ্বাস্তু জীবনের গ্লানি ও বেদনাবোধ স্থান ও কালের পরিসর ছাড়িয়ে ওঠে।

প্রায় অর্ধশতাব্দীর গল্পচর্চায় বিষয়, চরিত্র ও নির্মাণকুশলতায় উল্লেখ করার মতো গল্প হাসান আজিজুল হকের অনেক। এসবের মধ্যে রয়েছে 'শকুন', 'তৃষ্ণা', 'উত্তরবসন্তে', 'বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর', 'পরবাসী', 'আমৃত্যু' 'আজীবন', 'জীবন ঘষে আগুন', 'খাঁচা', 'ভূষণের একদিন', 'ফেরা', 'মন তার শঙ্খিনী', 'মাটির তলার মাটি', 'শোণিত সেতু', 'ঘরগেরস্থি', 'সরল হিংসা', 'খনন', 'সমুখে শান্তির পারাবার', 'অচিন পাখি', 'মা-মেয়ের সংসার', 'বিধবাদের কথা' 'সারা দুপুর' 'কেউ আসেনি'।

নিজের অবলোকনের উপকরণ সম্পর্কে তাঁর বক্তব্য হচ্ছে- "অভিজ্ঞতার বাইরে আমার উদ্ভাবনী ক্ষমতা শূন্য।" সে কথা ঠিক হোক আর না হোক সেই ক্ষমতার সাথে যোগ হয়েছে মার্কসীয় বিশ্ববীক্ষা। মার্কসীয় বিশ্ববীক্ষার সাথে যুক্ত হয়েছে তাঁর ভারসাম্যবোধ আর তাঁর সংযম। শিল্পের সংযমে বিশ্বাসী তিনি। "মার্কসবাদ হাসানের গায়ের আলখেল্লা নয়, তাঁর মননের অস্থিমজ্জা" (যতীন সরকার)। গল্পের ওপর মার্কসবাদকে চাপিয়ে দেন না হাসান, বরং গল্পকে শিল্প করে তোলাই হাসানের আরাধ্য হয়ে থাকে। যে কারণে হাসান আজিজুল হক যেকোনো বিচারে বৃহত্‍ ও মহত্‍ গল্পকার।

হাসানের একটি গল্পগ্রন্থের নাম 'রাঢ়বঙ্গের গল্প'। শুধু এ গ্রন্থের গল্পগুলোই নয়, তাঁর অনেক গল্পেরই শিকড় আছে রাঢ়বঙ্গে। তবু আজ তিনি এই বাংলাদেশেরই লেখক। নিজেকে আমূল প্রোথিত করে নিয়েছেন এই বাংলাদেশের বাস্তবতায়।

১৯৬০ সালে 'বৃত্তায়ন' নামের একটি উপন্যাস লিখলেও তিনি নিজেই এটির বড় সমালোচক। এ রচনাকে তিনি নিজেই উপন্যাস হিসেবে অস্বীকার করে থাকেন। তবে 'আগুনপাখি' নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ২০০৬ সালে। প্রকাশিত হওয়া মাত্রই উপন্যাসটি হয়েছে বর্ষসেরা উপন্যাস। সমগ্র বাংলা উপন্যাস সাহিত্যের অংশ হয়ে গেছে। 'শিউলি' নামে আরও একটি ছোট উপন্যাস তিনি লিখেছেন। সম্প্রতি তিনি উপন্যাসেই মনোনিবেশ করেছেন বলে জানা গেছে।

হাসান আজিজুল হক ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার এবং ১৯৭০ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আরও অনেক পুরস্কার, পদক ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এসবের মধ্যে রয়েছে লেখক শিবির পুরস্কার (১৯৭৩), অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৮১), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩), অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার (১৯৮৪), ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৮), কাজী মাহবুব উল্লাহ ও বেগম জেবুন্নিসা পুরস্কার। ১৯৯৯ সালে বাংলাদেশের রাষ্ট্রীয় পদক 'একুশে পদকে' ভূষিত হয়েছেন হাসান আজিজুল হক।

উল্লেখযোগ্য সাহিত্য

জাতীয় সাহিত্য প্রকাশন থেকে পাঁচ খণ্ডে প্রকাশিত হয়েছে হাসান আজিজুল হকের রচনাসংগ্রহ। হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: গল্পগ্রন্থ- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪), আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭), জীবন ঘষে আগুন (১৯৭৩), নামহীন গোত্রহীন (১৯৭৫), পাতালে হাসপাতালে (১৯৮১), আমরা অপেক্ষা করছি (১৯৮৮), রোদে যাবো (১৯৯৫), মা মেয়ের সংসার (১৯৯৭), বিধবাদের কথা ও অন্যান্য গল্প (২০০৭), রাঢ়বঙ্গের গল্প (১৯৯১), নির্বাচিত গল্প (১৯৮৭), হাসান আজিজুল হকের শ্রেষ্ঠগল্প (১৯৯৫)। উপন্যাস- বৃত্তায়ন (১৯৯১), আগুনপাখি (২০০৬), শিউলি। নাটক - চন্দর কোথায় (জর্জ শেহাদের নাটকের ভাষান্তর) প্রবন্ধ- চালচিত্রের খুঁটিনাটি, একাত্তর: করতলে ছিন্নমাথা, কথাসাহিত্যের কথকতা, অপ্রকাশের ভার, অতলের আধি, সক্রেটিস, কথা লেখা কথা, লোকযাত্রা অআধুনিকতা সংস্কৃতি। শিশুসাহিত্য- লালঘোড়া আমি (১৯৮৪ সালে প্রকাশিত কিশোর উপন্যাস), ফুটবল থেকে সাবধান (১৯৯৮ সালে প্রকাশিত শিশুতোষ গল্প)।

এখন কেমন আছেন

দীর্ঘ ৩১ বছর অধ্যাপনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অদূরে নিজ বাড়ি 'উজান'-এ প্রতিদিনের সবটুকু সময় লেখালেখি নিয়ে বিমগ্ন আছেন তিনি।

তথ্যসূত্র

হাসান আজিজুল হক সংক্রান্ত সনত্‍কুমার সাহা, যতীন সরকার এবং জাহানারা নওশিনের রচনা ছাড়াও এ লেখাটি মনু ইসলাম সম্পাদিত 'সেন্টার ফর বাংলাদেশ কালচার' প্রকাশিত 'কথাশিল্পী হাসান আজিজুল হক সংবর্ধনা' শীর্ষক পুস্তিকা এবং 'বাংলা একাডেমী লেখক অভিধান' এর কাছে ঋণী।

দিলওয়ার খান Dilowar Khan Biography 1937-



*পাখীর দৃষ্টিতে দিলওয়ার
'গণমানুষের কবি' দিলওয়ার
পৃথিবী স্বদেশ যার
আমি তার সঙ্গী চিরদিন ৷


If you cannot view the fonts properly please download and Install this file.

দিলওয়ার হলেন 'আপাদমস্তক কবি' ৷ তাঁর কাছাকাছি থেকে যারা তাঁর সৃষ্টিশীলতার স্বতঃস্ফূর্ততা দেখেছেন, তাদের কাছে তিনি শ্বাশত 'গড্ গিফ্টেড্ পয়েট' ৷ তবে তিনি সবখানে 'গণমানুষের কবি' হিসেবে অধিক পরিচিত ৷ এ সম্পর্কে কবি-র মন্তব্য- "আমাকে 'গণমানুষের কবি' এই অভিধায় চিহ্নিত করা হয়েছে ৷ যৌবনের শুরু থেকেই আমি এই সত্যের আলোকবর্তিকা হাতে নিয়ে এগিয়ে চলার চেষ্টায় নিয়োজিত ৷ 'গণমানুষ' শব্দটি এমন এক ঐতিহ্যের উত্তরাধিকারী, যার কাছে পৃথিবীর সমুদয় জ্ঞান এবং বিজ্ঞান শির নত করে দাঁড়াতে বাধ্য। কেননা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ২০ লাখ বছরের পুরনো মানবজীবনে দৃশ্যমান হয়ে আকাশ থেকে এমন কিছু নেমে আসেনি, যা মানুষের গণমানবিকতাকে চ্যালেঞ্জ করতে পারে ৷ বিশ্বের ধনী-নির্ধন মানুষমাত্রই শুরুতে প্রাগৈতিহাসিক এবং পরবর্তী সময়ে ঐতিহাসিক পরিবর্তনশীলতার উত্তরাধিকারী ৷ এই চিরায়ত সত্যকে বাংলাদেশের জীবনমন্ত্র হিসেবে অবশ্যই ধারণ করতে হবে ৷ এই ধারণক্ষমতা অর্জন করতে পারলে সব কল্পিত ও বাস্তব আশংকা এবং আতংক থেকে বৃহত্তর মানবগোষ্ঠীর মুক্তি ঘটবে ৷ বলিষ্ঠ আনন্দ নিয়ে প্রোজ্জ্বল জীবন, সীমাহীন আকাশের নিচে এসে অবশ্যই দাঁড়াতে পারবে ৷ আমি আলো, বায়ু, জল ও অম্লজানের মতো আশাবাদী ৷ কেননা যেদিন প্রাকৃতিক এই চতুষ্টয় আশীর্বাদ নির্মূল হয়ে যাবে, সেই দিনই ঘটবে আমার রক্ত-মাংসের জীবনের শেষ পরিণতি। আমার কবিতা আমাকে দেশ এবং পৃথিবীর ধমনীতে জিইয়ে রেখেছে ৷ "

(সূত্র- সূর্য অস্ত যায় না কখনও, দৈনিক যুগান্তর, ১ জানুয়ারী ২০০৩)

জন্ম ও পরিবার পরিচয়

*পদ্মা-সুরমা-মেঘনা-যমুনা
অশেষ নদী ও ঢেউ
রক্তে আমার অনাদি অস্থি
বিদেশে জানেনা কেউ!
দিলওয়ার ৷ পুরো নাম দিলওয়ার খান ৷ কিন্তু তিনি অন্য ধাতুতে তৈরী ৷ গণমানুষের জন্যে নিবেদিত, খ্যাতি-অখ্যাতির প্রতি সমানভাবে নির্বিকার, জনমনের সাথে একাত্মতা ঘোষণা করলেন খান উপাধি বাদ দিয়ে, শুধু 'দিলওয়ার' নামে পরিচিতির মাঝে ৷ জন্ম ১লা জানুয়ারী ১৯৩৭ সাল ৷ সিলেট জেলার সুরমা নদীর দক্ষিণ পারে ভার্থখলা গ্রামে একটি রক্ষণশীল পরিবারে তাঁর জন্ম ৷ পিতা মৌলভী মোহাম্মদ হাসান খান এবং মাতা রহিমুন্নেসা ৷ দিলওয়ার চার ভাই ও চার বোনের মধ্যে সপ্তম ৷ তাঁর পিতামহ মহসিন খান এবং মাতামহ ইয়াসিন মিয়া ৷ অবিভক্ত ভারতবর্ষে কবি দিলওয়ার-এর জন্ম ৷ অথচ কবি-র জন্মভূমি কেমন হওয়া উচিত ছিলো, সে সম্পর্কে কবি বলছেন-" কবি-র রাজ্যে রাজা-বাদশা-র কিংবা রাজ্যসাম্রাজ্যের উত্থান-পতনের বুকফাটা হাহাকার অথবা উল্লাসের অট্টহাস্য নেই ৷ এই রাজ্যে রয়েছে এক অখন্ড- জীবনবোধ, যার প্রেম-প্রীতি, সুখ-দুঃখ, হাসি-কান্না দক্ষিণমেরু থেকে উত্তরমেরু অবধি বিস্মৃত! কালের শুভেচ্ছায় কবি ও কবিতার জগত্‍ চিরসবুজ, অবিনাশী যৌবনের প্রতীক!" (এককথা, 'দিলওয়ার', ১ জানুয়ারী ২০০৫)

কর্ম জীবন

*যতোদিন বেঁচে আছো ততোদিন মুক্ত হয়ে বাঁচো
আকাশ-মাটির কন্ঠে শুনি যেন তুমি বেঁচে আছো ৷
সিলেটের দক্ষিণ সুরমা হাইস্কুলের শিক্ষক হিসেবে দিলওয়ার কর্মজীবন শুরু করলেও মাত্র দু'মাস পর তিনি শিক্ষকতা পেশা ছেড়ে দেন ৷ যুক্ত হন সাংবাদিকতায় ৷ তিনি ১৯৬৭ সালে দৈনিক সংবাদের সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন ৷ ১৯৬৯ সালে এই দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি সিলেটে চলে আসেন ৷ ঊনসত্তরের গণআন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে সিলেটের কবি-সাহিত্যিক-সাংবাদিকদের নিয়ে গঠন করেন 'সমস্বর লেখক ও শিল্পী সংস্থা' এবং উনসত্তরের গণআন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সমস্বর-কে স্বাধীনতার প্রতীকে কাজে লাগান ৷ প্রসঙ্গতঃ উল্লেখ্য যে স্কুলজীবন থেকেই তিনি রাজধানীর পত্রপত্রিকায় লিখতে শুরু করেন এবং তার কোনো বিরতি আজ অবধি হয়নি ৷ প্রসঙ্গতঃ এটাও উল্লেখ্য যে প্রকৃতি তাঁকে অর্থমূল্যে বিক্রি হওয়ার জন্য কবি করে পাঠায়নি ৷

স্বাধীন বাংলাদেশে আবার তিনি ঢাকায় ১৯৭৩-৭৪ সালে অধুনালুপ্ত দৈনিক গণকন্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন ৷ ১৯৭৪ সালে তিনি ঢাকাস্থ রুশ সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রকাশিত মাসিক উদয়ন পত্রিকার সিনিয়র অনুবাদক হিসেবে প্রায় দুই মাসের মতো কাজ করেন ৷ তিনি স্বেচ্ছায় উক্ত চাকুরীটি ছেড়ে সহধর্মিনী-র আহবানে সিলেটে ফিরে আসেন ৷ ১৯৭৫-এ ১ম সহধর্মিনীর মৃত্যুর পর কবি-র কর্মজীবন মূলতঃ ফ্রীলেন্স সাংবাদিকতায় লেখক জীবনের বৈচিত্র নিয়ে আসে ৷ সিলেটের স্থানীয় সব ক'টি পত্রিকা, প্রবাসী বাংলা ভাষাভাষী পত্রিকা এবং জাতীয় পত্রপত্রিকায় কবি, ফ্রীলেন্স লেখক হিসেবে আগে এবং এখনও অজস্র লেখা বেরিয়েছে ৷

সংসার জীবন

*একটি গোলাপ চারা নিরন্তর বলে যায়
প্রাঙ্গণে কী গোরস্থানে, যেখানেই রোপন করো তুমি
আমি জন্ম দেবো ফুলের রাণী গোলাপ ৷
লাগাতার অসুখে আক্রান্ত কবি সংসারজীবনে প্রবেশের কথা কল্পনাও করেননি ৷ ১৯৫০ থেকে ১৯৬০ এর দশকে কবি-র নাক ও গলায় রক্তক্ষরণের দেখা দেয় ৷ চিকিত্‍সা থাকাকালীন কবি দিলওয়ার সাক্ষাত্‍ পান একজন মহিয়সী রমনী-র, সিনিয়র স্টাফ নার্স আনিসা খাতুন ৷ উর্দূভাষিণী আনিসা-ই কবি দিলওয়ারের প্রথম এবং অন্তিম প্রেমসত্তা ৷ ১৯৬০ সালে কবি আনিসার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন ৷ প্রফেসার মোঃ আব্দুল আজিজ রচিত 'স্মৃতি বিস্মৃতির প্রজন্ম' (প্রকাশকাল ১৩ ফেব্রম্নয়ারি ১৯৯৩) গ্রন্থে-র 'যে দীপ জ্বলেঃ আনিসা দিলওয়ার' নিবন্ধটি পাঠ করলেই সে সত্য উপলব্ধ হবে ৷ পাঠকের সুবিধার্থে এখানে তা তুলে ধরা হলো-

"মানবতার সেবায় নিবেদিত প্রাণ এক মহিয়সী মহিলা ছিলেন আনিসা দিলওয়ার ৷ আর্ত মানুষের সেবা করা শুধু যে তাঁর পেশা ছিল, তা নয় ৷ এটা তাঁর নেশাও ছিল ৷ তাঁর স্নেহ কোমল পরশে মুমূর্ষু রোগীও নতুন প্রাণ ফিরে পেত ৷ আনিসার সেবা পরায়ণতা আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর কথা স্মরণ করিয়ে দেয় ৷ সেবাব্রতে তিনি ছিলেন নাইটিঙ্গেল-এরই সার্থক উত্তরসূরী ৷ ''

হাসপাতালের সেবিকা গার্হস্থ্য জীবনেও সেবিকার ব্রত নিয়ে ছিলেন ৷ তাঁর সেবা শুশ্রূষার গুণে দিলওয়ারের কাব্য প্রতিভা বিকাশ লাভের অবকাশ পায় ৷ তাছাড়াও তিনি ছিলেন দিলওয়ারের সৃষ্টি কর্মের অফুরন্ত প্রেরণার উত্‍স-তাঁর কবি জীবনের পরিপূরক সত্তা ৷ আমাদের সাহিত্যের ইতিহাসে দিলওয়ারের সাথে আনিসা দিলওয়ারের নামও একই সাথে উচ্চারিত হবে ৷ যৌবনে অনুপম সৌন্দর্যের অধিকারিনী ছিলেন আনিসা ৷ স্বভাবঃতই তাঁর অনুরক্ত স্তাবকদের সংখ্যা ছিল অনেক ৷ হাসপাতালে শিক্ষানবিশী ডাক্তারদের কেউ কেউও ছিলেন সে দলভুক্ত ৷ দিলওয়ারের সাথে আনিসার বিয়ের ফলে অনেকেরই আশা ভঙ্গ হয় ৷ মনের দুঃখ চেপে না রাখতে পেরে কেউ কেউ তাঁর কাছে অনুযোগও করেছিলেন ৷ বলাবাহুল্য, দিলওয়ারে প্রতি কটাক্ষপাত ছিল তাতে ৷ তিনি ক্ষুব্ধ হয়ে জবাব দিয়েছিলেন 'এ লোকটিতে আমি যা দেখতে পেয়েছি-তা দেখতে হলে আপনাদিগকে আমার চোখ ধার করতে হবে ৷ '

আনিসা দিলওয়ারের সাথে আমার যখন পরিচয় তখন তিনি আনিসা খাতুন ৷ কবি দিলওয়ারের সাথে মন দেয়ানেয়ার পালা চলছে ৷ এ পর্যায়ে তাঁদের উভয়েরই যথেষ্ট ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে এগুতে হয় ৷ বরং বলা চলে কঠিন অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ৷ দিলওয়ারের পরিবারে আনিসা গ্রহণযোগ্য ছিলেন না, প্রথমত আনিসার পেশাগত কারণে এবং দ্বিতীয়তঃ আনিসা বহিরাগত বলে ৷ কিন্তু আনিসার দুর্জয় প্রেম এবং দিলওয়ারের উপর তাঁর অবিচল আস্থাই তাঁকে করে বিজয়িনী ৷ আনিসা খাতুন সার্থক ভাবেই হয়ে গেলেন আনিসা দিলওয়ার ৷ এরপর প্রায় দেড় দশক কাল স্থায়ী তাদের দাম্পত্য জীবনের পরিচয় ৷ এর ভেতর কখনও তাঁরা একে অন্যকে ছেড়ে দীর্ঘদিন একা কাটাতে পারেননি ৷ চাকুরী নিয়ে আনিসা ঢাকায় পাড়ি জমালে দিলওয়ারও হয়েছেন ঢাকা প্রবাসী ৷ আবার আনিসাকে সিলেট ফেলে রেখে দিলওয়ার মোটা মাইনের বৈদেশিক দূতাবাসের চাকুরী নিয়ে ঢাকা গেলেন সত্য- কিন্তু টিকে থাকতে পারেননি ৷ অদৃষ্টের কি নির্মম পরিহাস! এমনি একটি প্রেমময় সুখের নীড় অকালে ঝরে পড়লো ৷

আনিসা একটি বহিরাগত অবাঙ্গালী সম্প্রদায়ভুক্ত ছিলেন ৷ কিন্তু বলে না দিলে তা বুঝার উপায় ছিলনা ৷ চলনে বলনে এবং মনে প্রাণে তিনি ছিলেন নিখুঁত বাঙ্গালিনী ৷ বাংলা লেখার চমত্‍কার হাত ছিল তাঁর ৷ দিলওয়ারের অনেক বন্ধু বান্ধবের সাথেই তাঁর পত্রালাপ চলতো ৷ তাঁর লেখা চিঠিগুলো এক পরিশীলিত মনেরই সাক্ষ্য বহন করে ৷

কঠোর কর্তব্য পরায়ণতা ও দায়িত্ববোধের জন্য কর্মস্থলে কখনও কখনও সহকর্মীদের ঈর্ষা কুড়িয়েছেন তিনি ৷ ষাট দশকের শেষার্ধে ঢাকায় অনুষ্ঠিত সাম্প্রদায়িক হানাহানিতে তাঁর প্রাণ সংশয়েরও সম্ভাবনা ছিল ৷ কিন্তু কোন কূটচক্রীর চক্রান্তের থাবাই তাঁকে স্পর্শ করার স্পর্দ্ধা দেখাতে পারেনি ৷ মানবতাবোধের শুচিশুভ্র চেতনাই জয়ী হয়েছে পরিণামে ৷ আমরাও রেহাই পেয়েছি এক মসীলিপ্ত কলঙ্কের দায়ভার থেকে ৷ কিন্তু শেষরক্ষা তো হলো না ৷ যে মারীমড়ক আর মরা নিয়ে তাঁর নিত্যদিনের কারবার-তারই শিকার হলেন তিনি ৷ নিদারুণ এক সংক্রামক রোগে আক্রান্ত হয়ে অকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ ঝরে পড়লো এক অত্যুজ্জ্বল তারকা-আমাদের অতি পরিচিত দিগ্বলয় থেকে ৷

আনিসা আগাগোড়া চাকুরীজীবী হওয়াতে ঘরকন্না সম্পর্কে তেমন নজর দেবার অবকাশ পেতেন না ৷ সেজন্য তাঁর সঙ্কোচের অবধি ছিলনা ৷ মনপ্রাণ দিয়ে অতিথি সত্‍কার করেও ভাবতেন বোধ হয় কোন অপূর্ণতা থেকে গেল ৷ অথচ রান্নাবান্না জাতীয় কাজকর্মে অন্য যে কোন গিন্নীর চেয়েই তিনি যে কম যেতেন না তা আমাদের ভালভাবেই জানা ছিল ৷ তাঁর ঘর থেকে কোনদিন খালিমুখে ফিরে এসেছি-একথা কস্মিনকালেও মনে পড়ে না ৷

আনিসা ছিলেন ধর্মভীরু মহিলা ৷ নামাজ রোযায় চিরদিনই পাকা পোক্ত ৷ তাঁর ধর্মভীরুতাই কবি দিলওয়ারের পক্ষে পরিবারের আকার ছোট রাখার পথে ছিল প্রধান অন্তরায় ৷ অথচ এতে যে আর্থিক চাপ বৃদ্ধি পায় সেটাও বহন করতেন প্রধানতঃ তিনি নিজে ৷

কবি দিলওয়ারের ভক্ত সংখ্যা অগণন ৷ সাধারণ লেখাপড়া জানা লোক থেকে অতি উচ্চ শিক্ষিত লোকও তাঁর গুণগ্রাহী ৷ সেদিক দিয়ে আনিসাও কম ছিলেন না ৷ ঈর্ষাযোগ্য জনপ্রিয়তার অধিকারিনী ছিলেন তিনি ৷ তাঁর অসংখ্য ভক্তবৃন্দের স্নেহের উত্‍পাত দিলওয়ারও মাঝে মাঝে সহ্য করতে পারতেন না, তার গার্হস্থ্য জীবনে বিশৃঙ্খলা দেখা দিত বলে ৷ আনিসা তাই দিলওয়ারের অজান্তেই তাদের দেখাশোনা করতেন ৷ আর সবচেয়ে বেশী উপকৃত হত গরীব লোকজন-যাদের পক্ষে অতি সামান্য ফিস দিয়েও ডাক্তার দেখানো সম্ভব নয় ৷ তাদের জন্য আনিসা ছিলেন একাধারে ডাক্তার, কম্পাউন্ডার ও নার্স ৷ পরিচিত ও স্বল্প পরিচিত এমনকি অপরিচিত কত লোক যে তাঁর নিকট ইনজেকশন ও ওষুধ নিতে আসতো তার ইয়ত্তা নেই ৷ ইনজেকশন দেবার চমত্‍কার হাত ছিল আনিসার ৷ এজন্য কেউ পয়সা দিতে চাইলেও হাসিমুখে তা ফিরিয়ে দিতেন ৷ তাঁর নিজের আর্থিক সঙ্গতির কথাটিও তখন তাঁর খেয়াল থাকত না ৷ এ রকম আপনভোলা দরদী প্রাণ আজকের দিনে বিরল ৷

কপট ভমী আর রুগ্ন মানসিকতা যেখানে সার্বজনীন, আনিসা ছিলেন সেখানে এক উজ্জ্বল ব্যতিক্রম ৷ তাঁর অবস্থান ছিল সর্বপ্রকার নীচতা ও রুদ্রতার উর্ধ্বে ৷ তিনি যা সত্য বলে জানতেন, তা থেকে তিলমাত্র বিচ্যুত হতেন না ৷ আপন সিদ্ধান্তে বরাবরই তিনি ছিলেন অবিচল এবং আপোষহীন ৷ কর্তব্যকর্মে নিষ্ঠা অথচ উদার মানবিকতা এ দু'টোর অপূর্ব সমন্বয় ঘটেছিলে আনিসা চরিত্রে ৷ তাঁর অকাল বিয়োগে কবি দিলওয়ারের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দেহাতীতভাবে ৷ কিন্তু তার চেয়ে বহুগুণ বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের রুগ্ন সমাজ।

আনিসা দিলওয়ারের কথা ভাবতে গেলে বরাবরই আমার একটি অনির্বাণ দীপশিখার কথা মনে পড়ে ৷ সে দীপশিখা শুধু আলো দেয়না, অন্যকেও আলো দানে প্রণোদিত করে ৷ জন্মঃ ১৭ মার্চ, ১৯৩৭ মৃত্যুঃ ২৩ মার্চ, ১৯৭৫"

৩ পুত্র ও ৩ কন্যা কবি-কে উপহার দেন আনিসা খাতুন ৷ যথাক্রমে পুত্রকন্যা হলেন- শাহীন ইবনে দিলওয়ার (মিলু) [যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন ইবনে দিলওয়ার একজন উচ্চশিক্ষিত সরকারী চাকুরিজীবী], কিশওয়ার ইবনে দিলওয়ার (রানা) [কিশওয়ার ইবনে দিলওয়ারও বাংলা-সাহিত্যের একজন খ্যাতিমান কবি, জন্ম ১১ জুন ১৯৬২-মৃত্যু ৮ ডিসেম্বর ২০০৬], নাহিদ বিনতে দিলওয়ার রুমি [সাহিত্যপ্রিয় প্রতিভাময়ী নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী], রোজিনা বিনতে দিলওয়ার নোমি [রোজিনা ইসলাম জীবন সংগ্রামী গৃহিনী], সাজিয়া বিনতে দিলওয়ার সুমনা [বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী সাজিয়া রহমান যুক্তরাষ্ট্রের হান্টার কলেজ থেকে শিক্ষা বিষয়ে ডিসটিংকশনে বিএ ডিগ্রি লাভ করেন] এবং কামরান ইবনে দিলওয়ার (কামু) ৷ ১৯৭৫-এ দূরারোগ্য ব্যাধি টিটেনাসে আক্রান্ত হয়ে আনিসা খাতুন ইহলোক ত্যাগ করেন ৷ আনিসার মৃত্যুর পর তার সংসারের হাল ধরার জন্যে আসেন আনিসারই সহোদরা ওয়ারিসা খাতুন ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দূতে অনার্সের ছাত্রী ওয়ারিসা খাতুন ঐ বছরই (১৯৭৫) কবি-র সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে তার মরহুমা বোনের সন্তানদের দেখার দায়িত্ব নেন ৷ ওয়ারিসার গর্ভে কবি-র ১টি কন্যা ও ২টি পুত্র আসে ৷ কন্যা নওশাবা বিনতে দিলওয়ার শৈশবেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় ৷ তার পরে পুত্রদের মধ্যে যথাক্রমে আলী ইমরান ইবনে দিলওয়ার (হাসনু) [বর্তমানে যুক্তরাজ্যে শিক্ষারত] এবং সর্বকনিষ্ঠ রিদওয়ান ইবনে দিলওয়ার (রনি) [শিক্ষার্থী ক্রিকেটার] ৷ ২০০৩ সালে ওয়ারিসা খাতুনও কবি-কে ছেড়ে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন ৷

ক্ষেত্র ভিত্তিক অবদান

*চিরায়ত পথ ধরে যারা যায় আর যারা আসে
মুদ্রার দুপিঠ তারা, প্রেম নিয়ে মাটিতে আকাশে।
'গণমানুষের কবি' দিলওয়ার-এর ক্ষেত্র সাহিত্য ৷ আর সাহিত্যের কবিতা-র অধ্যায়ে তাঁর নাম একটি নামেই উদ্ভাসিত অমৃত 'দিলওয়ার' ৷ তিনি গান, ছড়া, প্রবন্ধ যে পরিমাণে রচনা করেছেন, সে পরিমাণে গ্রন্থাকারে প্রকাশিত হয়নি ৷ এযাবত্‍ প্রকাশিত গ্রন্থের তালিকা নিম্নরূপ-

জিজ্ঞাসা (কাব্যগ্রন্থ, ১৯৫৩), ঐক্যতান (কাব্যগ্রন্থ, ১৯৬৪), পুবাল হাওয়া (গানের বই, ১৯৬৫), উদ্ভিন্ন উলস্নাস (কাব্যগ্রন্থ, ১৯৬৯), বাংলা তোমার আমার (গানের বই, ১৯৭২), ফেসিং দি মিউজিক (ইংরেজি কাব্যগ্রন্থ, ১৯৭৫), স্বনিষ্ঠ সনেট (কাব্যগ্রন্থ, ১৯৭৭), রক্তে আমর অনাদি অস্থি (কাব্যগ্রন্থ, ১৯৮১), বাংলাদেশ জন্ম না নিলে (প্রবন্ধগ্রন্থ, ১৯৮৫), নির্বাচিত কবিতা (কাব্যগ্রন্থ, ১৯৮৭), দিলওয়ারের শত ছড়া (ছড়ার বই, ১৯৮৯), দিলওয়ারের একুশের কবিতা (কাব্যগ্রন্থ, ১৯৯৩), দিলওয়ারের স্বাধীনতার কবিতা (কাব্যগ্রন্থ, ১৯৯৩), ছাড়ায় অ আ ক খ (ছড়ার বই, ১৯৯৪), দিলওয়ারের রচনাসমগ্র ১ম খ- (১৯৯৯), দিলওয়ার-এর রচনা সমগ্র ২য় খ- (২০০০), ভারত-বাংলাদেশ মৈত্রীর ডাকে (ভ্রমণ, ২০০১) ৷

১৯৬০ সালে এই কবি-র একটি গান দিয়ে সিলেট রেডিও স্টেশনের উদ্বোধন করা হয় ৷ ১৯৭২ সালে বাংলাদেশ গ্রামোফোন কোং লিঃ কবি-র ৪টি গান দিয়ে একটি ডিস্ক বাজারে ছাড়ে ৷ গানগুলো হলো- মুর্শিদ আমি খুঁজবো না গো, তুমি রহমতের নদীয়া, মন আমার কেমন করে, ও নদীর ঘাটে জল আনিতে গিয়া ৷ এখানে একটি রূঢ় সত্য কথা বলতে হচ্ছে যে গ্রামোফোন কোম্পানী লিঃ কবি দিলওয়ার-কে তাঁর গানগুলোর কোনো রয়েলটি দেয়নি ৷ তাঁর একাধিক গণসঙ্গীত মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল এর মধ্যে রয়েছে- 'মা আমার গলা ধরে বলেছে', 'বলো বুলবুলি কি কাকের খাঁচায়', 'আয়রে চাষী মজুর কুলি', 'চলছে মিছিল চলবে মিছিল' প্রভৃতি ৷ দেশের একজন অন্যতম প্রধান কবি'র গান, কবিতা বা রচনাকে দেশের প্রচার মাধ্যমগুলি (রেডিও, টিভি ইত্যাদি) যথার্থ মূল্যায়ন করেছে কিনা, এটা অবশ্যই সন্ধান করে দেখার বিষয় ৷

পুরস্কার-সংবর্ধনা

*মৃত গ্রহগুলি জানে দেখা দিলে প্রেমের আকাল
অনিবার্য এই গ্রহে ভয়াবহ রোবটের কাল!
স্বর্ণ শাপলা এবং তাম্রফলকে লিখিত শ্রদ্ধাঞ্জলিসহ দিলওয়ার-কে ১৯৭৮ সালের ৭ মার্চ সিলেটের সর্বস্তরের নাগরিক কর্তৃক সংবর্ধনা দেওয়া হয় ৷ সভাপতিত্ব করেন অধুনা প্রয়াত বিশিষ্ট চা-কর ও যুগভেরী সম্পাদক মিঃ আমিনুর রশিদ চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর কাজী আব্দুল মান্নান ৷ এটি ছিলো কবি জীবনের একটি স্মরণীয় ঘটনা ৷

"বাংলা ভাষা ও সাহিত্যে কবিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ" বাংলা একাডেমী ১৯৮০ সালে দিলওয়ার-কে সাহিত্য পুরস্কারে ভূষিত করে এবং পরে ১৯৮১ সালে ফেলোশিপ প্রদান করে ৷ ১৯৮২ সালে কমলগঞ্জ গণমহাবিদ্যালয় কবিকে সংবর্ধনা দেয় ৷ কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে প্রদত্ত কবি সম্বর্ধনা ছিলো নানা কারণে অবিস্মরণীয় ৷ ১৯৮৭ সালের ৯ আগস্ট যুক্তরাজ্যে লন্ডনস্থ সিলেট সেন্টারে তাঁকে যুক্তরাজ্য প্রবাস কর্তৃক সংবর্ধনা দেয়া হয় ৷

ময়মনসিংহ সাহিত্য সংসদ কর্তৃক ১৯৮৬ সালের আবুল মনসুর সাহিত্য পুরস্কার লাভ ৷ ১৯৯১ সালে দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতিপদক ও সম্মাননা লাভ ৷ রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার লাভ, সুকান্ত সাহিত্য পুরস্কার লাভ এবং অন্যান্য ৷ ২০০১ সালে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘ সংবর্ধনা প্রদান করে ৷ বাংলাদেশের পক্ষে কবি দিলওয়ার এবং ভারতের পক্ষে বরেণ্য আলোকচিত্রী রবিন সেনগুপ্তকে সংবর্ধনা দেয়া হয় ৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার, শিক্ষামন্ত্রী অনিল সরকার, অর্থমন্ত্রী বাদল চৌধুরী ও উভয় দেশের আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷

২০০৭ সালের জুনে যুক্তরাষ্ট্রের জ্যামাইকাস্থ তাজমহল হোটেলে সংবর্ধনা প্রদান করে যুক্তরাষ্ট্র প্রবাসীবৃন্দ ৷ বিশিষ্ট শিক্ষাবিদ ড. কবীর চৌধুরীর ভাষায়- 'কবি দিলওয়ারের সাহিত্য কর্মের জাতীয়ভাবে যথার্থ মূল্যায়ন করা হলে তিনি দেশবাসীকে নবেল প্রাইজ উপহার দিতে পারতেন ৷ ' প্রসঙ্গতঃ স্বাধীনতা পদক- একুশে পদক এই দু'টি পদক কবি দিলওয়ারকে বহু আগেই প্রদান করা উচিত ছিল ৷ এটা তাঁর অনুরাগীদের অভিব্যক্তি ৷ এছাড়া ১৯৮২ সালে প্রতিষ্ঠিত কবি দিলওয়ার পরিষদ কবির সাহিত্য কর্ম প্রকাশনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে যাচ্ছে বেসরকারী উদ্যোগে ৷

হৃদয় আমার নাম, প্রিয়তমা, ডাকো দিলওয়ার
লাশখেকো কাঁদে কীট, পায়না যে নাগাল আমার!

একটি সাক্ষাত্‍কার

ডক্টর ভীষ্মদেব চৌধুরী কর্তৃক কবি দিলওয়ারের নেয়া একটি সাক্ষাত্‍কার 'প্রশ্নের মুখোমুখি কবি দিলওয়ার' (দ্রষ্টব্য কামরান ইবনে দিলওয়ার সম্পাদিত দিলওয়ার, ১ম খ-; ১ জানুয়ারী ২০০৫)-এর অংশ বিশেষ থেকে বোঝা যাবে কবি-র জীবনে দুই সহোদরা আনিসা খাতুন এবং ওয়ারিসা খাতুনের অবদান কিরূপ ছিলো-
প্রশ্ন :- আপনার কবিজীবনের আকাশজুড়ে অবস্থান ছিলো আপনার প্রথম স্ত্রী-আনিসা দিলওয়ার-এর ৷ তাঁর অকালমৃত্যু আপনার কবিতা ও জীবনকে কতটুকু ও কীভাবে প্রভাবিত করেছে?

দিলওয়ার :- প্রশ্নটির সরাসরি উত্তর হতে পারে, আনিসা-র অকালমৃত্যু আমার কবিজীবনকে প্রচন্ড শিলাবৃষ্টিতে বিপর্যস্ত করতে পারতো যদি না বিস্ময়কর দ্রুত-গতিতে তার প্রিয়তমো বোন ওয়ারিসা এগিয়ে আসতো ৷ অলৌকিকতা বলে একটি শব্দ আছে, যে শব্দটি একাধারে মরুভূমি ও তৃণাঞ্চলের অর্থ বহন করে ৷ আপাদমস্তক সুশিক্ষিত ও সুমার্জিত চেতনার অধিকারিণী ওয়ারিসা মাতৃহারা তিন পুত্র ও তিন কন্যাকে যেভাবে ব্যাকুল বাহু মেলে বুকে তুলে নিয়েছিলো, তার সেই অভাবনীয় আচরণ অলৌকিকতার একখন্ড তৃণাঞ্চলরূপেই আমার তৃতীয় দৃষ্টিতে ধরা পড়েছিলো ৷ মৃত্যু পথযাত্রী আনিসা আমাকে প্রেম ও সেবা দিয়ে রূপকথা-র প্রেমিকা-র ভূমিকা পালন করে গেছেন ৷

প্রশ্ন :- আনিসার অনুজাই আপনার দ্বিতীয় ঘরনী হয়েছেন ৷ আপনার ঔরসজাত এবং এই দুই সহোদরার গর্ভজাত সন্তানদের নিয়েই পরিপূর্ণ সংসার আপনার ৷ এই দুই নারীর তুলনা করুন ৷

দিলওয়ার :- মা আনিসা-র মৃত্যুর পরে পুত্র কিশওয়ার ইবনে দিলওয়ার একটি স্বপ্ন দেখেছিলো ৷ ঘুমন্ত অবস্থায় সে দেখেছিলো, একটি হোটেলের কামরায় খালা ওয়ারিসাসহ কিশওয়ার অবস্থান করছে ৷ সে ছিলো বিছানায় শায়িত আর খালা ছিলেন একখানি চেয়ারে বসা ৷ হঠাত্‍ তার নজরে পড়ে, হোটেলের ছাদ নেই এবং আকাশ থেকে তীরবেগে নেমে আসছে তার মা আনিসা ৷ তার পরেই ঘটলো এক অঘটন ৷ আনিসা সোজা এসে প্রিয়তমা বোন ওয়ারিসা-র মাথা ভেদ করে ভেতরে ঢুকে গেলো-হয়ে গেলো একাত্ম, অভিন্ন ৷ এভাবেই আনিসা ও ওয়ারিসা-র তুলনা করা যায় ৷ ব্যতিক্রম আরেক জায়গায় ৷ আনিসা ছিলেন, রোগশোকে আর্তপীড়িত সর্বস্তরের মানুষের সেবায় আত্মবিস্মৃত এক অভূতপূর্ব ফলপ্রসূ সেবিকা মহিলা ৷ আমি বিশ্বাস করি, আলবেনিয়ান সেবিকা মহিলা মাদার তেরেসা যদি জীবদ্দশায় আনিসা-র কিংবদন্তিতুল্য সেবা ও চিকিত্‍সা জ্ঞান দেখার সুযোগ পেতেন, তাহলে নির্দ্বিধায় আনিসাকে মাথায় তুলে নিতেন ৷ অন্যদিকে ওয়ারিসা-র মধ্যে ছিলো সেইরকমই নিবেদিত সেবামূলক মানবীয় গুণাবলী ৷ তবে তার সেই মহতী কর্মতত্‍পরতা বহুমুখী ছিলো না ৷ প্রসঙ্গতঃ আমি সবিনয়ে বলতে চাই যে, বাংলাদেশ যদি ইতিহাস বিখ্যাত মানবতা-বিরোধী "মাত্‍স্যান্যায়" নামক কলঙ্কের উত্তরাধিকারী না হতো, যদি এই দেশটি তার পরিচালক গোষ্ঠীর হাতের ক্রীড়নক বারবার না হতো তাহলে আনিসা ও ওয়ারিসা এই দু'বোনের অবদানের কথা সরকারী ভাবে সর্বোচ্চে স্থান পেতো ৷

প্রশ্ন :-'গণমানুষের কবি দিলওয়ার'-আপনার প্রসঙ্গে উচ্চারিত এই অভিধাটি আমি আমার শৈশব থেকে শুনে আসছি ৷ দক্ষিণ সুরমার ভার্থখলার রক্ষণশীল খানমঞ্জিল-এর সন্তান হয়ে কীভাবে আপনি গণমানুষের অংশী হয়ে উঠলেন?

দিলওয়ার :- এই প্রশ্নের উত্তরে একটি ধ্রুপদী সত্য আত্মগোপন করে আছে ৷ আশির দশকে ঢাকা থেকে আগত সাহিত্য পত্রিকার এক প্রতিনিধি এরকম একটি প্রশ্ন আমাকে করেছিলেন ৷ উত্তরে তাকে অবাক করে দিয়ে আমি বলেছিলাম- তার পিতামহের নাম কি-প্রপিতামহের নাম কি-প্রপ্রপিতামহের নাম কি... ৷ প্রতিনিধি বেশী দূর এগোতে পারেননি ৷ ভ্যাবাচ্যাকা খেয়ে স্থির হয়ে গিয়েছিলেন ৷ তখন আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম, আমি আমার গণমানবিকতাকে খুঁজি ধাপে ধাপে পিছিয়ে গিয়ে মানুষের ক্রমোন্নতির উত্‍সমুখে দাঁড়িয়ে ৷ এই গণমানবিকতা প্রকৃতপক্ষে মানবতা নামক মহতী শব্দেরই প্রোটোপস্নাজম ৷

(প্রশ্নের মুখোমুখি কবি দিলওয়ার, দিলওয়ার, ১ম খ-, ১ জানুয়ারী ২০০৫)

রাজিয়া খান Rajia Khan Biography 1936-



জন্ম ও বংশ পরিচয়

রাজিয়া খান১৯৩৬ সনের ১৬ই ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন ৷ পিতা তমিজউদ্দিন খান অবিভক্ত বাংলার মন্ত্রী, আইন সভার সদস্য এবং জাতীয় পরিষদের স্পীকার ছিলেন৷ তিনি বৃটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে কারাভোগ করেন৷ মাতা রাবেয়া রাহাত খান৷


If you cannot view the fonts properly please download and Install this file.

পারিবারিক জীবন

ছোটবেলা থেকেই পারিবারিক পরিবেশ রাজিয়া খানের মধ্যে প্রগতিবাদী চেতনা গড়ে উঠতে সাহায্য করে৷ পরবর্তীতে সাংসারিক জীবনেও তিনি সে ধারা বজায় রাখেন৷ রাজিয়া খানের স্বামী আনোয়ারুল আমিন ব্যাংকার ছিলেন৷ ১ ছেলে ও ১ মেয়ে৷ ছেলে কায়সার তামিজ আমিন বর্তমানে পেশায় ব্যাংকার এবং মেয়ে আশা মেহরিন সাংবাদিক৷

শৈশব কাল

কলকাতায় ছিলেন ১০ বছর৷ তখন তাঁর বয়স বছর দশেক৷ শৈশবের সেই স্মৃতি, কলকাতার সেই রূপ তাঁর লেখায় বারবার ফিরে এসেছে৷ সেই সময় কলকাতা ছিল বিরাট মেট্রোপলিটন শহর, কলকাতা শহরের সাংস্কৃতিক অঙ্গন ছিল বিশাল উদার৷ মুসলমান হিন্দুর বিভেদ তখনও তৈরি হয়নি৷ বৃটিশরা নানা ধরনের জটিলতা তৈরি করলেও সাধারণ মানুষের জীবনে তখনও তাঁর কোনও প্রভাব ছিল না৷ খুব স্বাভাবিকভাবেই কলকাতার সেই উচ্ছল জীবন তাঁর শৈশবে প্রভাব ফেলেছিল এবং তিনি সারাজীবন সেই আনন্দময় স্মৃতি মনে রেখেছেন৷

ভাষা আন্দোলনের নেতৃত্ব নিয়ে কিছু কথা

'আমি ছোট থেকেই স্বাধীনচেতা ছিলাম৷ রাষ্ট্র ভাষা বাংলা না হয়ে উর্দূ হবে শোনার পর থেকেই ভীষন খারাপ লাগছিল৷ চারিদিকে উত্তাল আন্দোলন থেকে প্রেরনা পাচ্ছিলাম৷ কিন্তু কিছু করার ইচ্ছা থাকলেও কি করব বুঝতে পারছিলাম না৷ সেই সময় আমার ম্যাট্রিক পরীক্ষা সামনে৷ চাইলেও ঠিকভাবে নেতৃত্ব দেয়া সম্ভব ছিল না৷ নিজেদের বাসা রেখে মামা বাড়ি গেন্ডারিয়ার পাঠিয়ে দিল বাড়ির সবাই যাতে ঠিকমত পড়াশুনা করতে পারি৷ আমার অভ্যাস ছিল নাটক করা আর ঘুরে বেরানো৷ কিন্তু মামা বাড়িতে মামা বাড়ির বাইরে বেরুনোই বন্ধ করে দিল৷ আর এর মধ্যেই দোকান থেকে কালি কিনে এনে পোস্টার লাগিয়ে আশেপাশের বাড়ি বাড়ি ঘুরে বাড়ির গৃহিনীদের একত্রে করে একটা শোভাযাত্রা করি৷'

অবজারভার পত্রিকার সম্পাদক মন্ডলীতে যোগ দেয়ার কারণ

অবজারভারে কাজ করার সময়কার কথা বলতে গিয়ে রাজিয়া খান বলেন, "ইংল্যান্ড থেকে এসে অপেক্ষা করছিলাম বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য৷ এই সময় অবজারভার থেকে বলা হলো সপ্তাহে তিনটি করে সম্পাদকীয় লেখার জন্য৷ কাজটা এতো চ্যালেঞ্জিং ছিল যে আমার তা ভালো লাগতো৷ সেখানে সান ডে ম্যাগাজিন এডিট করতাম, নিজের একটা কলাম ছিল সেটার কাজ করতাম, বই এর রিভিউ, নাটকের রিভিউ করতাম যা আমার কাছে খুবই ভালো লাগতো৷ সম্পাদক মন্ডলীতে কাজ করার অভিজ্ঞতার বেশ ভালো ছিল৷ বর্তমান সময়েও সাধারণত কোনও মেয়েকে এডিটরিয়াল বোর্ডে কাজ করতে দেখা যায় না৷ সেখানে আমার কাজটা চ্যালেঞ্জিং তো বটেই৷"

সম-অধিকারের প্রশ্নে পুরুষের ভূমিকা কি বলে মনে করেন

মেয়েদের কাজটাকে সাধারনত কেউ মনে রাখে না আর সেটার স্বীকৃতিও দেয় না৷ তবে এই অবস্থার কারণ মেয়েরাই৷ এখানে পুরুষত্বান্ত্রিক সমাজই শুধুমাত্র দায়ী নয়৷ আমরা প্রায়ই মেয়েদের সব বিষয়ই পুরুষত্বান্ত্রিক সমাজের উপর চাপিয়ে দেই যেটা মোটেও ঠিক না৷ আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছেন যাদের অনেক কাজের স্বীকৃতি সমাজ দেয় না৷ তাই সার্বিক বিষয়টি হচ্ছে সমাজে কাজের স্বীকৃতি প্রাপ্তির জন্য না ভেবে কাজ করে যাওয়া৷ রাজিয়া খান নারীর সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার পূর্ন সমর্থনের কথা বলেন, তবে নারীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং প্রাথমিক সংগ্রামে নারী সমাজ অনেক এগিয়ে গেছেন বলে তিনি মন্তব্য করেন৷ এখানে প্রাথমিক সমাজ বলতে তিনি সমাজের সেই শ্রেনীকে বুঝিয়েছেন যারা কম মজুরিতে দৈনিক বা মাসিক আয়ে কাজ করেন৷ এই শ্রেনীর নারীরা এখন নিজেদের অধিকার নিয়ে লড়াই করতে পারছে৷ মজুরি বৈষম্য যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে পারছে৷ অধিকার আদায়ের এই সংগ্রামে নারী পুরুষ উভয়ের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি৷ এর ফলে অদূর ভবিষ্যতে সব সমাজেই নারীর সম-অধিকার দাবি সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

শিক্ষা জীবন

রাজিয়া খান কলকাতা ও করাচিতে স্কুল, কলেজ জীবন সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও এম এ পরীক্ষায় প্রথম হন৷ ব্রিটিশ কাউন্সিলের স্কলারশীপ নিয়ে ইংল্যান্ডে পড়তে যান৷ সেখান থেকে তাঁর পিএইচ.ডি ডিগ্রীর সব কাজ সমাপ্ত করে কলকাতায় আরও কিছু রিসার্চ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন৷

কর্মজীবন

এম এ পরীক্ষায় প্রথম হওয়ার পর তিনি কর্মজীবনের শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে৷ পরবর্তীতে ইংল্যান্ড থেকে ফিরে তিনি অবজারভার পত্রিকার সম্পাদকমণ্ডলীতে যোগ দেন৷ পাশাপাশি কাব্য চর্চার গভীরভাবে জড়িয়ে পড়েন৷ এখানে তাঁর লেখা ব্যঙ্গ কলাম- 'কালচার কেটল' তীক্ষ্ণ লেখনীর জন্য জনপ্রিয় হয়৷ ১৯৫৮ সাল থেকে সেন্ট্রাল উইমেন্স কলেজে অধ্যাপনার মধ্য দিয় পুনরায় শিক্ষকতার জীবন শুরু করেন৷ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন৷ এবং এই বিভাগের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন৷ শিক্ষকতা ছাড়াও তিনি দেশের খ্যাতনামা বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক ও সম্পাদক রূপে কাজ করেছেন৷ ড. রাজিয়া খান ইউনিভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এ ইংরেজি বিভাগের ডিন হিসেবে কর্মরত ছিলেন৷

সাহিত্য কর্ম

রাজিয়া খান পঞ্চাশ দশকে সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ও প্রগতিবাদী লেখিকা হিসেবে সাহিত্যের অঙ্গনে এগিয়ে আসেন৷ লেখিকা হিসেবে তিনি প্রতিভার স্বাক্ষর রাখেন৷ মূলত কবি হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে উপন্যাসিক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন৷ ১৮ বছর বয়সে লেখা 'বটতলার উপন্যাস' ব্যাপকভাবে সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি করে৷ তাঁর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'দ্রৌপদী' এপার ওপার দুই বাংলায় সমাদৃত৷ তাঁর জনপ্রিয় বই 'বটতলার উপন্যাস' (১৯৫৯) ও 'অনুকম্প' (১৯৫৯) যে উপন্যাসগুলো এক সূত্রে গ্রথিত তার নাম প্রতিচিত্র (১৯৭৫), চিত্রকাব্য ও উপসংহার৷ অন্যান্য বই- অনুকম্প, Argus under Anaesthesia, cruel April, সোনালী ঘাসের দেশ (বাংলা কবিতা), চিত্রকাব্য, হে মহাজীবন, নোংরা নাটক: তিনটি একাঙ্কিকা, আবর্ত (চ.ঊ.ঘ. পুরস্কৃত নাটক), তমিজুদ্দিন খানের আত্ম কথা (বাংলা অনুবাদ)৷ দ্রৌপদী, পাদবিক, Multi Dimensional vision in George Eliot, A Different spring৷ জহির রায়হানের 'আরেক ফাল্গুন' উপন্যাসের ইংরেজি অনুবাদ৷

মঞ্চে অভিনয়

মঞ্চ অভিনয়ে এক সময় রাজিয়া খানের দৃপ্ত পদচারণা ছিল৷ মাত্র ১৪/১৫ বছর বয়সে নাটক 'পাগল হাওয়া'য় অভিনয়ের মাধ্যমে তিনি মঞ্চে কাজ শুরু করেন ৷ এরপর 'বিজয়া' নাটকে মালিনী'র ভূমিকায় অভিনয় করেন৷ স্কটরস ক্লাবের নাটকে ৷ মুনীর চৌধুরী ছিলেন 'বিলাসবিহারী' ৷ এরপর মঞ্চের সঙ্গে জড়িয়ে যাই৷ অভিনয় করেন নীলদর্পন, মেঘমুক্তি, দুইপুরুষ, বিদ্রোহী পদ্মা'য় ৷ কৃষ্ণকুমারী'তে অভিনয়ের মাধ্যমে মঞ্চ অভিনয়ের ইতি টানলেও সত্তরের দশকে ইংরেজী 'রক্তকরবী'তে অভিনয় করেন৷
‌‌‌‌'এছাড়াও বেতারের ভার্সিটি ম্যাগাজিনে Oliver Twist, Anthony & Cleopatra, Antigone এবং Mid-Summer Nights Dream - এ অভিয়ন করি' - বললেন রাজিয়া খান ।

চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টতা

রাজিয়া খান চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও দীর্ঘ দিন গুরুত্বপূর্ণ ভূমিকায় আসীন ছিলেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন, 'চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত ছিলাম দীর্ঘদিন৷ আমার 'Youth Film Society' সেক্রেটারী ছিল বর্তমানের শিল্পপতি আজম চৌধুরী৷ চলচ্চিত্র অনুদান কমিটি, চলচ্চিত্র পুরস্কার কমিটি, সেন্সর বোর্ডে ছিলাম অনেক দিন৷'

ভ্রমণ

ড. রাজিয়া খান অনেকবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, বার্মা, মিশর, হংকং জাপান, ভারত, সিঙ্গাপুর ও আরব দেশ সফর করেন৷ এর মধ্যে রয়েছে ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র ভ্রমণ৷ ১৯৭৮ সালে দিল্লীতে কমনওয়েলথ লেখক সম্মেলনে বাংলাদেশের কবিতা শীর্ষক ইংরেজী প্রবন্ধ পাঠ করেন৷ ১৯০৫ সালে ভেনিসে পি.ই.এন সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন৷ এছাড়া ১৯৮৪ সালে চীন সরকারের আমন্ত্রনে চীনে যান৷

পুরস্কার ও সম্মাননা

রাজিয়া খান তাঁর সাহিত্য কর্মের জন্য ১৯৭৫ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন৷ আর্বত' নাটকটি পি,ই,এন পুরস্কার প্রাপ্ত হয়৷ ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত করা হয় (শিক্ষার জন্য)৷ রাজিয়া খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরী সংসদ, ফিল্ম সেন্সর বোর্ড, জাতীয় চলচ্চিত্র বিচারক কমিটির সদস্য এবং রোকেয়া হলের প্রভোস্ট (১৯৭৭) ছিলেন৷ বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে পর্তুগালে চলচ্চিত্র উত্‍সবে বিচারকও নির্বাচিত হন৷ তিনি বহু সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের পৃষ্ঠপোষক ও বাংলা একাডেমীর ফেলো৷

মুহম্মদ জাফর ইকবাল Mohammad Zafar Iqbal 1952-


গভীর রাতে কান্নার শব্দে ঘুম ভেঙ্গে গেল আয়েশা ফায়েজের৷ শঙ্কিত মন নিয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে এলেন তিনি৷ এসে দেখেন তাঁর মেজো ছেলে ইকবাল কাঁদছে৷ সেই কান্নার শব্দে আস্তে আস্তে বাড়ির সবার ঘুম ভেঙ্গে গেল এবং সবাই উঠে এলেন ইকবালের কাছে৷ ইকবাল কাঁদছে কারণ- আশি বছর পর তাকে মরে যেতে হবে৷ ঘুমাতে যাবার আগে তার বাবা তার হাত দেখে বলেছেন- "তুমি তো দীর্ঘজীবী৷ প্রায় আশি বছর আয়ু তোমার৷" আশি বছর পর সে মরে যাবে, এ কথা ভাবতেই ইকবালের কান্না পাচ্ছে৷ ইকবালের কান্না দেখে তার বাবা আবার তার হাতটা টেনে নিয়ে ভাল করে দেখলেন এবং তাকে সাত্বনা দিয়ে বললেন, 'তুমি একশ বছর বাঁচবে৷' একশ সংখ্যাটি বালক ইকবালের কাছে অনেক বেশি মনে হওয়ায় মুহুর্তেই খুশি হয়ে উঠল সে৷

If you cannot view the fonts properly please download and Install this file.

সেদিনের ইকবাল নামের সেই ছোট্ট ছেলেটিই আজ বাংলাদেশের অন্যতম লেখক মুহম্মদ জাফর ইকবাল৷ যাঁর লেখক হওয়ার কোনো ইচ্ছা ছিল না৷ কিন্তু সেই মানুষটিই লেখালেখি দিয়ে তৈরি করেছেন দেশজোড়া খ্যাতি৷ জাফর ইকবালের প্রথম প্রকাশিত লেখা 'ছেলেমানুষ' নামে একটি গল্প৷ সায়েন্স ফিকশন তিনি লিখবেন এমন কোন ইচ্ছা তখনও মনের গোপনে স্থায়ী বাসা বাঁধেনি৷ 'কপোট্রনিক ভালোবাসা' গল্পটি অল্প একটু লেখা হয়েছে এমন সময়ে বড়ো ভাই হুমায়ূন আহমেদ এলেন, দেখলেন, পড়লেন৷ মুখে বললেন, "তুই নিজে লিখেছিস না ট্রানস্লেট করেছিস?" গল্পটির লেখক উত্তরে জানালেন যে, তিনি নিজেই লিখেছেন৷ বড়ভাই হুমায়ূন আহমেদ ছোটভাই-এর চমত্‍কার লেখায় মনে মনে সেদিনই মুগ্ধ হয়ে বলেছিলেন, "বেশ ভালো হচ্ছে" ওই শুরু৷ কিন্তু 'কপোট্রনিক ভালোবাসা' গল্পটি তখনকার একমাত্র ম্যাগাজিন 'বিচিত্রা'-তে প্রকাশিত হলে এক পাঠক প্রতিবাদ জানায় যে, লেখাটি নকল করে লেখা৷ বিষয়টি জাফর ইকবালের আত্মসম্মানে লাগে৷ আসলে এটি একটি রোবটের গল্প৷ তিনি এর প্রতিবাদ করার জন্য অভিনব পদ্ধতি বের করলেন৷ আরো কয়েকটি সায়েন্স ফিকশন লিখে কপোট্রনিক সিরিজ করলেন৷ নকল করে তো একটা লেখা যায় কিন্তু অনেকগুলো লেখা যায় না৷ বের হলো তাঁর প্রথম গ্রন্থ 'কপোট্রনিকের সুখ দুঃখ'৷ এর পরপরই 'হাত কাটা রবিন'-এর কাজ শেষ করেন৷ তারপর দীপু নাম্বার টু, তিন্নী ও বন্যা, নয় নয় শূন্য তিন, জলমানব, অবনীলসহ আরও অনেক মজার মজার বই শিশু-কিশোররা জাফর ইকবালের কাছ থেকে পেতে থাকে৷ এভাবে শিশু-কিশারদের জন্য একের পর এক বই সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের শিশুসাহিত্যের ভূবনে জাফর ইকবাল হয়ে ওঠেন এক অবশ্যম্ভাবী নাম৷

২০০৬ সালের এক পরিসংখ্যান অনুযায়ী জাফর ইকবালের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০৪টি৷ জাফর ইকবালের 'দীপু নাম্বার টু'-উপন্যাসের কাহিনী অবলম্বনে মোরশেদুল ইসলাম-এর তৈরি চলচ্চিত্র খুবই জনপ্রিয়তা পেয়েছে৷ দস্যি দু'জনসহ বেশকিছু জনপ্রিয় নাটকের রচয়িতা জাফর ইকবাল৷ বিটিভির সিসিমপুরের নিয়মিত লেখক তিনি৷

কেবল শিশুসাহিত্য নয় জাফর ইকবাল কলম ধরেছেন বড়দের জন্যও৷ ফলে একজন কলামিস্ট জাফর ইকবালের কলম অথবা কলাম আমাদের জাতীয় জীবনের বিভিন্ন ক্রান্তিলগ্নে সমাজকে দেখিয়েছে পথ৷ অন্যায়ের বিরুদ্ধে সবসময় তাঁর লেখনি সোচ্চার হয়ে ওঠে৷ জাফর ইকবাল কখোনোই সমাজের অসংগতিগুলোকেও নীরবে মেনে নেননা৷ কানসার্টে পুলিশের গুলিতে নিহত কিশোর আনোয়ারের রক্ত মাখা শার্ট নিয়ে তাঁর অনবদ্য কলাম কারো চোখ এড়িয়ে যায়নি৷ শিক্ষকদের অনশন বিষয়ে কারো যখন মাথাব্যথা ছিল না তখন তাদের ন্যায্য দাবি নিয়ে সোচ্চার হয়েছে জাফর ইকবালের কলাম৷ এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি খারাপ ফলাফল করা শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে আবার শংকিত হয়ে কলামও তিনি লিখেছেন৷ তিনি যেন সমাজের মানুষকে সচেতনতার দিকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ৷

ছেলেবেলায় প্রচুর বই পড়ার নেশা ছিল জাফর ইকবালের৷ স্বপন কুমার, দস্যু বাহারাম, মাসুদ রানাসহ দেশি-বিদেশী অনেক লেখকের বই পড়তে পড়তে বড় হয়েছেন তিনি৷ আর এসব বই পড়তে পড়তে একসময় তিনি লেখালেখি শুরু করেন৷ তিনি পড়ার এই অভ্যাসটা পেয়েছেন বাবা ও তাঁর বড় ভাই জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদের কাছ থেকেই৷ কারণ তাঁদের নেশার বড় একটা অংশ জুড়ে ছিল বই পড়া৷ ছেলেবেলা থেকে একটা সম্পদের ছড়াছড়ি দেখে বড় হয়েছেন জাফর ইকবাল, আর তা হলো বই৷

জাফর ইকবালের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুরে৷ কিন্তু সেখানে স্থির থাকেননি তিনি৷ বাবা পুলিশ অফিসার হওয়ায় ছেলেবেলা কেটেছে বিভিন্ন জায়গা ঘুরেঘুরে৷ বাবার চাকরির সুবাদে বাবা-মা এবং ভাইবোনদের সাথে দেশের বিভিন্নঅঞ্চল দেখার সুযোগ পেয়েছেন তিনি৷ সিলেটের কিশোর মোহন পাঠশালায় পড়াশুনার শুরু হলেও সেখানে বেশি দিন স্থির হননি৷ বাবার বদলির কারণে ঘুরতে হয়েছে বিভিন্ন স্কুলে৷ চলতি পথে অনেক সহপাঠীদের সাথে হয়েছে বন্ধুত্ব৷ সিলেটের বেশ কয়েকটি স্কুল ঘুরে চলে যান জগদ্দল, দিনাজপুর৷ সেখান থেকে চলে যান পঞ্চগড়৷ তারপর প্রথমে রাঙামাটি, পরে বান্দরবান৷ বান্দরবান থেকে চট্টগ্রাম৷ এরপর যান বগুড়া, সেখান থেকে কুমিল্লা ৷ কুমিল্লা থেকে সোজা পিরোজপুর৷ সেখানে শুরু হয় মুক্তিযুদ্ধ৷ সব শেষে চলে আসেন ঢাকায়৷ জাফর ইকবালের নিজের ভাষায় - "দীপু নাম্বার টু- বই-এ দীপু যেসব জায়গায় গিয়েছিল আমার স্কুলগুলোর নাম ওইখানে দেওয়া আছে৷"

বিভিন্ন স্কুল ঘুরে মাধ্যমিক পাশের পর উচ্চমাধ্যমিকে এসে স্থির হন ঢাকা কলেজে৷ উচ্চমাধ্যমিক সফলতার সাথে উত্তীর্ণ হয়ে পদার্থ বিজ্ঞানে ভর্তি হন প্রাচ্যের অঙ্র্ফোড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়-এ৷ ১৯৭৩ সালে অনার্স-এ দুই নম্বরের ব্যবধানে প্রথম শ্রেণীতে ২য় স্থান অধিকার করেন এবং ১৯৭৪ সালে লাভ করেন মাস্টার্স ডিগ্রি৷

আমেরিকার মতো স্বর্গরাজ্যে Ph.D. করার সুযোগটাও মেধা দিয়ে জয় করেছিলেন জাফর ইকবাল৷ সে সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকেরা ফেলোশিপ দেওয়ার উদ্দেশ্যে আসতেন সদ্য স্বাধীনতা লাভ করা বাংলাদেশে৷ আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ভাইভা নিতে এলে অনেকের সাথে জাফর ইকবালও সে পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ কয়েকমাস পরের ঘটনা৷ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাঁকে Ph.D. করার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠায়৷ ঠিক করেন আমেরিকা যাবেন৷ কিন্তু যাবেন যে, সমস্যা হলো প্লেন ভাড়া৷ এতগুলো টাকা কোথায় পাবেন! জাপান প্রবাসী এক বন্ধু এগিয়ে এলেন৷ সেই বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে জাফর ইকবাল পৌঁছলেন আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটিতে৷ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে মেধাবী ছাত্র হিসেবে ব্যাপক পরিচিতির সাথে সাথে ১৯৮২ সালে এক্সপেরিমেন্টাল ফিজিক্সে অর্জন করলেন Ph.D. ডিগ্রি৷ তাঁর বিষয় ছিল - 'Parity violation in Hydrogen Atom.

Ph.D. ডিগ্রি অর্জনের পর একজন তরুণ বিজ্ঞানী হিসেবে আমেরিকায় পেশাগত জীবন শুরু করেছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল৷ তরুণ সফল গবেষকের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের জীবন ছিল আমেরিকায়৷ পনেরো বছরের নিশ্চিন্ত জীবন ছিল তাঁর৷ উপার্জনও ছিল অনেক ভালো৷ কিন্তু অন্যদেশে রাজার মতো জীবন কাটাতে তাঁর মন টানেনি৷ মাতৃভূমিতে ফেরার জন্য ছটফট করেছেন প্রতি মুহূর্তে৷ স্বজনেরা দেশে ফিরে আসতে না করেছেন বারবার৷ সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছেন দীর্ঘসময়ের বন্ধু, স্ত্রী ইয়াসমিন হক৷ বিদেশের মাটিতে নানা সময়ে বেশকিছু গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন৷ তার মধ্যে উল্লেখযোগ্য হলো- University of Washington- এ Research Assistant হিসেবে ১৯৭৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন৷ এরপর আমেরিকার Caltech- এ Research Faculty তে ছিলেন ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত৷ ১৯৮৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কৃতিত্বে সঙ্গে 'Member of Technical staff '- এর দায়িত্ব পালন করেছেন Bell Communications Research এ৷ এরপর পরই মাতৃভূমির টানে স্তী ও ছেলেমেয়ে নিয়ে দেশে চলে আসেন৷ বর্তমানে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব ছাড়াও তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালকের পদে দায়িত্ব পালন করছেন৷ এই একই বিশ্ববিদ্যালয়ের Research Journal 'SUST Studies' এর সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন৷ Research Initiatives Bangladesh এবংFreedom Foundation এর বোর্ড মেম্বার হিসেবে আছেন৷ 'বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি'র ভাইস প্রেসিডেন্ট এবং 'Bangladesh Informatics Olympiad Committee-র প্রেসিডেন্ট পদে আসীন৷ এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন৷

বাঙালি জাতিকে গল্পের মাধ্যমে বিজ্ঞানমনস্ক করে তুলতে জাফর ইকবালের অবদান অনস্বীকার্য৷ এই প্রজন্মের ছেলে-মেয়েদের বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গির পাশাপাশি দেশপ্রেমিক, ইতিহাস সচেতন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বল মানুষ তৈরি করার ক্ষেত্রেও এই ব্যক্তিত্বের অবদান আজ সর্বজনবিদিত৷ যারা মুক্তযুদ্ধ দেখেনি তাদের জন্য জাফর ইকবাল 'মুক্তিযুদ্ধের গল্প শোন' নামে এক কার্যক্রম শুরু করেছিলেন৷ তাঁর মতে- নিজের দেশকে চিনতে হবে, জানতে হবে এই দেশটির বাংলাদেশ হয়ে ওঠার সঠিক ইতিহাস৷ আর ইতিহাস জানা মানেই শুধু কিছু দিন, তারিখ এবং কিছু মানুষের নাম মুখস্থ করা নয়৷ শুধুমাত্র এ জন্যই এতগুলো জীবন থেকে রক্ত ঝরেনি৷ নতুন প্রজন্মের কাছে তাই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত তথ্য নয়, বরং মুক্তিযুদ্ধকে অনুভব করাতে, তাদের উপলদ্ধিতে সেদিনের ত্যাগ, বীরত্ব, নির্যাতনের নির্মমতা সঠিকভাবে পৌঁছে দিতে শুরু করেছিলেন এই অভিনব কার্যক্রম৷ আর এই অনুষ্ঠানটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছে৷ সত্যিকার মুক্তিযোদ্ধারা এই অনুষ্ঠানে এসে শিশু-কিশোরদের সামনে স্বীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে৷ শিশু-কিশোররা বিভিন্ন প্রশ্ন করে, মুক্তিযোদ্ধাদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলে৷ নতুন প্রজন্ম সেইসব দিন মনের জগতে কল্পনায় সাজিয়ে নেয়, উপলদ্ধি করে৷

একমুখী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গণসচেতনা সৃষ্টি করেছিলেন তিনি৷ সচেতন সমাজের সমর্থন আদায় করে এটি প্রতিরোধ করেন জাফর ইকবাল৷ দেশের সাধারণ মানুষ, শিক্ষক সবাই তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছিল৷ সাংবাদিক সম্মেলন করে, কলাম লিখে দেশের মানুষকে একমুখী শিক্ষা সম্পর্কে তথ্য দিয়ে শিক্ষার সর্বনাশ রোধ করতে সমর্থ হয়েছেন৷ আবার জাফর ইকবাল গণিতের মতো কঠিন বিষয়ের ওপর সাধারণ জনগণের আগ্রহ তৈরি করেছেন৷ গণিতের সাথে যেন বাঙালিদের আড়ি৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারণে শিক্ষার্থীদের গণিতের সাথে দুরত্ব নিজেই উপলদ্ধি করেছেন৷ কিন্তু ভালো সায়েন্টিস্ট বা ভালো ইঞ্জিনিয়ার হতে হলে বিজ্ঞানের পাশাপাশি ভালোভাবে অংকের ওপর দক্ষতার প্রয়োজন৷ তাই অংক ভীতি দূর করতে বন্ধু কায়কোবাদকে সাথে নিয়ে প্রথমদিকে শিশু-কিশোরদের জন্য 'দৈনিক প্রথম আলো' তে গণিত বিষয়ে পাঁচটি করে প্রশ্ন দিতেন৷ 'দৈনিক প্রথম আলো'তে 'এই নিউরনে অনুরণন' নামের এই অংশটি বেশ জনপ্রিয়তা অর্জন করে৷ পরে এ দলে মুনির হাসান যোগ দেন৷

ছোট ছোট ছেলে-মেয়েদের গণিতে আগ্রহী করার জন্য পরবর্তীতে শুরু করেন 'গণিত অলিম্পিয়ার্ড' কার্যক্রম৷ ধীরে ধীরে এই গণিত অলিম্পিয়ার্ড কার্যক্রমটি গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে৷ ছোট ছোট ছেলেমেয়েরা মহা উত্‍সাহ নিয়ে জটিল জটিল অংকের সমাধান করছে৷ মুখে তৃপ্তির হাসি নিয়ে তাই দেখতে গ্রাম থেকে গ্রামে ছুটে চলেছেন জাফর ইকবাল৷ তিনি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যুগিয়েছেন৷ কখনো প্রশ্ন জটিল হলে চিন্তিত হয়ে পড়ছেন এই ভেবে যে, কঠিন দেখে ছেলে-মেয়েরা যদি উত্‍সাহ হারিয়ে ফেলে৷ আবার ছেলে-মেয়েদের 'অংক' বিষয়ে উত্‍সাহ দিতে 'আমি তপু'র মতো গল্পও লিখেছেন৷ বর্তমানে বাংলাদেশ 'আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড' এ অংশগ্রহণ করছে৷ গণিত অলিম্পিয়াড এর মাধ্যমে তিনি এদেশের শিশু কিশোরদের মনে তৈরি করেছেন গণিতের প্রতি ভালোবাসা৷ দূর করেছেন গণিতের প্রতি মানুষের আজীবনের ভয়৷ আজ তারা গণিতের ভিত্তির উপর দাঁড়িয়ে নিজেদের স্বপ্নকে দূরদূরান্তে ছড়িয়ে দেওয়ার সাহস দেখাতে পারছে৷

লেখক জাফর ইকবালের সাহিত্যিক জীবনে ছড়িয়ে আছে প্রেরণার এবং মজাদার অনেক কাহিনী৷ প্রেরণার একটি হলো- ১৯৭৫ সালের দিকে বিশ্ববিদ্যালয় জীবনে এক পত্রিকায় শহীদ বাবাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন তিনি৷ লেখাটি প্রকাশের কিছুদিন পরেই বাংলা সাহিত্যের আরেক স্তম্ভ আহমেদ ছফার সাথে রাস্তায় দেখা৷ তিনি জাফর ইকবালের রিকশা থামিয়ে বললেন, "তোমার লেখাটা আমার ভালো লেগেছে৷ নাও, এক টাকা নাও৷" লেখা থেকে সেই প্রথম উপার্জন৷ জাফর ইকবাল সেদিন অসম্ভব প্রাণিত হয়েছিলেন অগ্রজের এই স্বীকৃতিতে৷ অপরদিকে মজার কাহিনী হলো তাঁর জন্মদিন এবং পিতৃদত্ত নামটি নিয়ে৷ প্রত্যেক মানুষের তো জন্মদিন একটা৷ তাঁর কিন্তু দু'টো৷ স্কুলের শিক্ষকেরা জাফর ইকবাল নামের ছাত্রটির জন্ম তারিখের স্থানে ১৯৫৩ সালের ৩ অক্টোবর দিয়ে দেন৷ তবে তিনি নিজের সাহিত্যকর্মে বা সাক্ষাত্‍কারে আসল জন্মদিনটা উল্লেখ করেন৷ আর সেটা ভাষা আন্দোলনের বছর, ১৯৫২-র ২৩ ডিসেম্বর সিলেটের মীরা বাজারে৷ দু'জন্মদিনের বিষয়টা বেশ উপভোগ করেন জাফর ইকবাল৷ নামের ক্ষেত্রে হয়েছে আরেক ঘটনা৷ আগে নামের বানানে তিনি 'মোহাম্মদ' লিখতেন৷ আহমেদ ছফা তাঁকে বললেন, "এভাবে লিখলে চলবে না৷ ড. মুহম্মদ শহিদুল্লাহ যেভাবে লেখে সেভাবে লেখো৷" তারপর থেকে নিজের নামের বানানে 'মুহম্মদ জাফর ইকবাল' লিখতে শুরু করেন৷

শুধুমাত্র দেশেই নয় ড. মুহম্মদ জাফর ইকবাল দেশের বাইরেও একটি পরিচিত নাম৷ আর তাঁর সে পরিচয়টা বিজ্ঞানী হিসেবে৷ এক্সপেরিমেন্টাল পদার্থবিদ্যায় তাঁর দক্ষতা ও মেধার স্ফূরণ দেখে নোবেল বিজয়ী অধ্যাপক ড্যামলেট তাঁকে নিজের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানিয়েছিলেন৷ ক্যালটেকের বেল ল্যাবরেটরিতে তাঁর সহকর্মী ছিলেন বারোজন নোবেল লরেট৷ তিনি নিযুক্ত ছিলেন ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরির কাজে৷ তাঁর উদ্ভাবিত টাইম প্রজেকশন সুইজারল্যান্ডের এক পাহাড়ের নিচে বহুদিন যাবত্‍ ডাটা সংগ্রহের কাজ করছে৷ গবেষণার কাজকে প্রচণ্ড আনন্দদায়ক বলে মনে হয় এই গবেষকের কাছে৷ বিজ্ঞানী জাফর ইকবাল Electronics, Computer Science and Engineering, Bangla Computerization, Networking, Non-Linear Optics এবং পদার্থ বিজ্ঞানের ওপর বিভিন্ন গবেষণামূলক কাজ করেছেন৷

এই সফল মানুষটির জীবনেও রয়েছে বেদনার গভীর ক্ষত৷ যে বেদনাকে তিনি ধারণ করেন গর্বের সাথে৷ ঘটনাটি ১৯৭১ সালের৷ বাঙালিজাতির স্বাধীনতার বছর৷ জাফর ইকবাল তখন প্রায় আঠারো বছরের তরুণ৷ ১৯৭১ সালে তাঁর বাবার পোস্টিং ছিল পিরোজপুরে৷ মুক্তিযোদ্ধাদের সাহায্য করার অপরাধে তাঁর পুলিশ অফিসার বাবাকে পাকবাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করার পর লাশ ফেলে দেয় ধলেশ্বরীর পানিতে৷ পিরোজপুর ভাটি অঞ্চল৷ নদীর জোয়ার ভাটায় সেই মৃত শরীর একবার এদিক আরেকবার ওদিক ভেসে বেড়াচ্ছিল৷ কখনও ঠেকে যাচ্ছিল পাড়ে৷ নদী থেকে সেই মৃত শরীরটি তুলে আশপাশের মানুষজন নদীর পাড়েই দাফন করে৷ আর জুতো জোড়া রেখে দেয় পরিবারের লোকজনকে দেখানোর জন্য৷ যুদ্ধ শেষে জাফর ইকবাল বাবার মৃতদেহ শনাক্ত করে মায়ের কাছে নিয়ে আসে৷ তাই মুক্তিযুদ্ধ মানেই বাবাকে হারিয়ে ফেলার কষ্ট, আর কোনদিন বাবাকে দেখতে না পাওয়ার গভীর যন্ত্রণা৷

নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বিখ্যাত পীর জাঙ্গির মুনশি'র ছেলে মৌলানা আজিমুদ্দিন মুহম্মদ জাফর ইকবালের দাদা৷ তিনি ছিলেন একজন উঁচুদরের আলেম এবং মৌলানা৷ জাফর ইকবালের বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ অফিসার এবং মা গৃহিনী৷ তিন ভাই দুই বোনের মাঝে তিনি দ্বিতীয়৷ তাঁর বড়ভাই বাংলাদেশের লেখালেখির ভূবনে প্রবাদ পুরুষ হুমায়ূন আহমেদ৷ গত ত্রিশ বছর ধরেই তাঁর তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা ৷ সবার ছোট ভাই আহসান হাবীব নামকরা কার্টুনিস্ট এবং রম্য লেখক৷ দেশের একমাত্র রম্য পত্রিকা উন্মাদ' এর কার্যনির্বাহী সম্পাদক৷ জাফর ইকবালের স্ত্রী ইয়াসমীন হক৷ ব্যাক্তিগত জীবনে ড. ইয়াসমীন হক জাফর ইকবালের সহপাঠী৷ তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে এম.এ শেষে ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে চ.যফ করেছেন৷ এখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন৷ এই দম্পতির দু'সন্তানের মধ্যে বড় ছেলে নাবিল ইকবাল এবং একমাত্র মেয়ে ইয়েশিম ইকবাল৷

জাফর ইকবাল ২০০২ সালে কাজী মাহবুবুল্লা জেবুন্নেছা পদক পান ৷ ১৪১০-এ খালেদা চৌধুরি সাহিত্য পদক লাভ করেন৷ ২০০৩ সালে লাভ করেন শেলটেক সাহিত্য পদক৷ এরপরের বছর অর্থাত্‍ ২০০৪ সালে শিশু সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাফর ইকবালকে ইউরো শিশুসাহিত্য পদক দেওয়া হয়৷ জনগণের ভোটের মাধ্যমে ২০০৫ সালে জীবিত ১০ জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জাফর ইকবালের নাম উঠে এসেছে৷ ২০০৫ সালে তাঁর সাহিত্য জিতে নেয় মোহা. মুদাব্বর-হুসনে আরা সাহিত্য পদক৷ এই বছরই মার্কেন্টাইল ব্যাংক তাঁকে সম্মাননা পদক প্রদান করে৷ একই বছরে বাংলা সাহিত্যের অন্যতম বড় স্বীকৃতি জাফর ইকবালের ভাণ্ডারে জমা হয়৷ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০০৫ লাভ করেন তিনি৷ ২০০৫ সালে আমেরিকা এল্যাইমনি এ্যসোসিয়েসন পদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালাইমনি এ্যাসোসিয়েসন পদক '০৫ লাভ করেন৷

তিনি কখনই অন্যায় এর সাথে আপোষ করেননা৷ অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার হয়ে ওঠেন তাঁর লেখনীর মাধ্যমে ৷ সমাজে কোনো অন্যায় দেখার সাথে সাথে তাঁর কলম সেই অন্যায়ের প্রতিবাদ করে ওঠে৷ আর এই অন্যায়ের প্রতিবাদ করায় তাঁর বাড়িতে বোমা মারা হয়েছে৷ পাঠানো হয়েছে কাফনের কাপড়৷ ছেলেবেলায় একদিন যে বালকটি মৃত্যু ভয়ে ভীত হয়ে কেঁদে সারা হয়েছিল বড় হয়ে অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পথ চলতে হচ্ছে৷ কিন্তু তিনি একমুহুর্তের জন্যও থেমে যাননি৷ হাজারও হুমকি-ধামকি আর কাফনের কাপড়ের মধ্যে বাস করেও ছেলেবেলার সেই ছোট্ট ইকবাল মৃত্যু ভয়ে ভীত না হয়ে পথ চলছেন নির্ভয়ে৷ আর অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছেন বলিষ্ঠকন্ঠে৷

সংক্ষিপ্ত জীবনী:
জন্ম: জাফর ইকবালের প্রকৃত জন্ম তারিখ ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর৷ এ দিনটিতেই তিনি জন্মগ্রহণ করেন৷ মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকরা নিজেদের খেয়াল খুশিমতো সেটা করেছেন ১৯৫৩ সালের ৬ অক্টোবর৷ আর শিক্ষকদের দেওয়া এই তারিখটিই তাঁকে বহন করতে হয়েছে সব সার্টিফিকেটে, পাসপোর্টে এবং সবধরনের দাপ্তরিক কাজে৷

বাবা-মা: জাফর ইকবালের বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ অফিসার এবং মা আয়েশা ফায়েজ গৃহিনী৷ তিন ভাই দুই বোনের মাঝে তিনি দ্বিতীয়৷

পড়াশুনা: সিলেটের কিশোর মোহন পাঠশালায় পড়াশুনার শুরু হলেও সেখানে বেশি দিন স্থির হননি৷ বাবার বদলির কারণে ঘুরতে হয়েছে বিভিন্ন স্কুলে৷ বিভিন্ন স্কুল ঘুরে মাধ্যমিক পাশের পর উচ্চমাধ্যমিকে এসে স্থির হন ঢাকা কলেজে৷ উচ্চমাধ্যমিক সফলতার সাথে উত্তীর্ণ হয়ে পদার্থ বিজ্ঞানে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়-এ৷ ১৯৭৩ সালে অনার্স-এ দুই নম্বরের ব্যবধানে প্রথম শ্রেণীতে ২য় স্থান অধিকার করেন এবং ১৯৭৪ সালে লাভ করেন মাস্টার্স ডিগ্রি৷ এরপর ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ১৯৮২ সালে এঙ্পেরিমেন্টাল ফিজিক্স অর্জন করলেন Ph.D. ডিগ্রি৷ তাঁর বিষয় ছিল - 'Parity violation in Hydrogen Atom.

কর্মজীবন: Ph.D. ডিগ্রি অর্জনের পর একজন তরুণ বিজ্ঞানী হিসেবে আমেরিকায় পেশাগত জীবন শুরু করেছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল৷ বিদেশের মাটিতে নানা সময়ে বেশকিছু গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন৷ তার মধ্যে উল্লেখযোগ্য হলো- University of Washington- এ Research Assistant হিসেবে ১৯৭৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন৷ এরপর আমেরিকার Caltech- এ Research Faculty তে ছিলেন ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত৷ ১৯৮৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কৃতিত্বে সঙ্গে 'Member of Technical staff '- এর দায়িত্ব পালন করেছেন Bell Communications Research এ৷ এরপর পরই মাতৃভূমির টানে স্তী ও ছেলেমেয়ে নিয়ে দেশে চলে আসেন৷ বর্তমানে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব ছাড়াও তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালকের পদে দায়িত্ব পালন করছেন৷ এই একই বিশ্ববিদ্যালয়ের Research Journal 'SUST Studies' এর সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন৷ Research Initiatives Bangladesh এবংFreedom Foundation এর বোর্ড মেম্বার হিসেবে আছেন৷ 'বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি'র ভাইস প্রেসিডেন্ট এবং 'Bangladesh Informatics Olympiad Committee-র প্রেসিডেন্ট পদে আসীন৷ এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন৷

স্ত্রী ও ছেলেমেয়ে: জাফর ইকবালের স্ত্রী ইয়াসমীন হক৷ ব্যাক্তিগত জীবনে ড. ইয়াসমীন হক জাফর ইকবালের সহপাঠী৷ তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে এম.এ শেষে ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে চ.যফ করেছেন৷ এখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন৷ এই দম্পতির দু'সন্তানের মধ্যে বড় ছেলে নাবিল ইকবাল এবং একমাত্র মেয়ে ইয়েশিম ইকবাল৷

সুকুমার বড়ুয়া Sukumar Borua Biography 1938-



জীবনের প্রথম লেখাটি লেখা হয়েছিল বৃষ্টি নিয়ে ৷ বিশ বছর বয়স তখন তাঁর ৷ অথচ বিগত জীবনের কোথাও বৃষ্টি নিয়ে একবারও ভাবার অবকাশ হয়েছিল কিনা তা তাঁর জীবন পর্যালোচনা করে কোন গবেষকই বের করতে পারেননি ৷ কবিরা এমনই হন ৷ বায়োগ্রাফি লেখার সময় শিক্ষাগত যোগ্যতার জায়গায় লেখেন 'স্বশিক্ষিত' ৷ মননশীলতার কোন অভাবই যার ভেতর নেই তাঁর বায়োগ্রাফিতে বড় বড় ডিগ্রির তালিকা নেই কেন সেই তত্ত্ব উদ্ধারের জন্য আমাদের ফিরে যেতে হয়েছে তাঁর শৈশবে, কৈশোরে ৷ কি ছিল সেই কিশোরের মনে, যে ঘর পালায়নি কিন্তু ঘরই তার কাছ থেকে পালিয়েছিল ৷ মাকে তাঁর ভীষণ মনে পড়ত ৷ মা কিন্তু ছিলই ৷ ছিল না সংসারে স্বচ্ছলতা ৷ যদি বলি শৈশবের শুরুতেই শিশু শ্রমিকের কাজ করেছেন, তা হলে কি মনে হবে যে আর এক নজরুলের গল্প বলছি ৷ জীবনে হার না মানা সব মানুষের গল্পই আসলে এক ৷ একদিন বাজি ধরে পনের টাকা মাইনের চাকরি ছেড়ে চলে এসেছিলেন এই শহরে ৷ কিন্তু বাজিতে হারেননি তিনি ৷ শৈশবে চায়ের দোকানে কাজ করেছেন, বাদাম বিক্রি করেছেন, ফেরি করে আইসক্রিম বিক্রি করা সেই যুবক, যিনি আইসক্রিমের বাক্সের ভেতর নিজস্ব স্বপ্ন নিয়ে বহুদিন ঘুরে বেড়িয়েছেন শহরের সমস্ত পীচ রাস্তা ধরে ৷ তিনি আমাদের সুকুমার বড়ুয়া ৷ ছড়াকার ৷ আমরা তাঁর আনন্দ বেদনার কাব্য সংযুক্ত করলাম ৷

If you cannot view the fonts properly please download and Install this file.

জন্ম

সুকুমার বড়ুয়া জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে ৷ ৫ জানুয়ারি, ১৯৩৮ সালে ৷ পিতার নাম সর্বানন্দ বড়ুয়া ৷ মা কিরণ বালা বড়ুয়া ৷ বাবার পয়সা ছিলনা মোটেই ৷ কিন্তু একটা ছেলের শখ ছিল ৷ সেই শখের ধারাবাহিকতায় তিনি বাবা মায়ের তেরতম সন্তান ৷

মহাদেব থেকে সুকুমার

বিভূতিভূষনের পথের পাঁচালীর মতোই সুকুমার বড়ুয়ার এক বোনের নাম ছিল দূর্গা ৷ তাঁকে তিনি দেখেননি ৷ তাঁর পিঠোপিঠি বড় যে বোন , তাঁর নাম ছিল পূজা ৷ পথের পাঁচালীর মতোই দুরন্ত দুই শিশু প্রকৃতির কোলে কোলে ঘুরতেন ৷ পূজা দিদি তাঁকে চেনাতেন গাছপালা, নদী ৷ আর পাখি চেনাতো না ৷ খুব চেনাতো ৷ যে আকাশ চেনায় সে পাখিও চেনে ৷ দিদি কিন্তু গল্পও জানতো ৷ দুইটা মাত্র গল্প ৷ শোনাতো, রাতে শোবার সময় ৷ ঘুরে ফিরে সেই দুটো গল্পই ৷ তার একটা শিয়াল আর ঘুঘু পাখির, আরেকটি পিঠে গাছের গল্প ৷
পূজা দিদির সাথে বাবা সর্বানন্দ বড়ুয়ার কথা হতো ঘুমুতে যাবার আগে ৷ দিদি কি নিয়ে আলাপ করতো বাবার সাথে ? গল্প শোনাতো ? পিঠে গাছের গল্প ? না, আলাপ হতো নাম নিয়ে ৷ ছোট ভাইটির নাম কি হবে তা নিয়ে বোনটির চিন্তার অন্ত ছিল না ৷ হিন্দু মহাভারতের অনেক অনেক পাত্র পাত্রীর নাম তাঁদের দুজনেরই জানা ছিল ৷ ফলে প্রতিদিনই নাম বদলে যায় ৷ আজ অর্জুন তো কাল নকুল ৷ তারপরদিন মহাদেব ৷ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ৷ সেই প্রভাবে কোনকোন দিন তাঁর নাম চীন, জাপান, আমেরিকাও হয়েছে ৷ সেই নাম চীন জাপান ঘুরে সুকুমার বড়ুয়া কি করে হলো তাও জানা গেল ৷ তাঁর মামা বাড়ি ছিল তাঁদের বাড়ি থেকে উন্নত ৷ অর্থাত্‍ অবস্থাসম্পন্ন ৷ ফলে তাদের পরিবাবের প্রতি মামাদের প্রভাবও কম ছিলনা ৷ বাবা আর দিদির প্রস্তাবিত নাম শুনে মামীমা একদিন নাক শিটকোলেন ৷ কি বিশ্রী নাম ৷ তোমার নাম হবে সুকুমোল কিংবা সুকুমার ৷ ফলে এক দিদির নাম রাখার স্বপ্ন মাঠে মারা পড়ল ৷ মহাদেব কিংবা অর্জুন কিংবা নকুল হয়ে গেলেন সুকুমার বড়ুয়া ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বাবার নিরুদ্দেশ

তখন ১৯৪৩ সাল ৷ দুর্ভিক্ষের বছর ৷ সারা পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক কালো ছায়া ৷ সুকুমার বড়ুয়ার বয়স তখন মাত্র পাঁচ ৷ বাড়িতে, পুরো পরিবারে বড় দুই বোনসহ পাঁচজন সদস্য ৷ কোন জমিজমা নেই ৷ বাবা হাটবাজারে ছোটখাট বেচাকেনা করতেন ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল থাবায় জনজীবন বিপর্যস্ত ৷ জিনিসের দাম হু হু করে বাড়ছে ৷ অনাহারে অর্ধাহারে থেকে ভিখিরীর সংখ্যাও বাড়ছে দিন দিন ৷ চাল কেনার মত কোন গরীব নেই ৷ কদিন আগেও টাকায় পাঁচ সের চাল পাওয়া যেত ৷ এখন টাকায় তিন পোয়া ৷ পুরো পরিবারটি চলছে শুধু শাক সেদ্ধ খেয়ে ৷ রুচি বদলের জন্য কোন কোন দিন কলার থোড় কখনোবা ভাতের মাড় খেয়ে দিন যাপন করতে হয়েছে ৷ কোনকোন দিন তাও জুটতো না ৷ ১৯৪৩ সাল আমাদেরকে অনেক উদ্ভাবনী ক্ষমতা দিয়েছিল ৷ মানুষ আগে যা খাওয়ার কথা কল্পনাও করতে পারতো না সেই সব 'খাদ্য তালিকা' থেকে কি কি খাদ্য খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, তখন আমরা আবিস্কার করেছি ৷ ঘরে ঘরে খাবার নিয়ে কাড়াকাড়ি ৷ আপনজনকে ফাঁকি দিয়ে কে বেশি খেতে পারে সেই নীরব প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার কলাকৌশলও মানুষ রপ্ত করে ফেলেছে ৷ চট্টগ্রামের মধ্যম বিনাজুরি গ্রামের বড়ুয়া পরিবারের ছনে ছাওয়া দোচালা বেড়ার ঘরে সেই প্রতিযোগীতার রেশ মাত্র নেই ৷ খাদ্যই নেই আর খাওয়ার প্রতিযোগীতা! বাবা একদিন সুকুমারের হাতে তাঁদের একমাত্র বালতিটা দিয়ে বললেন, তোর জেঠাদের দিয়ে আয় আর বলিস যেন দুই সের চাল দেয় ৷ লজ্জায় বাবা নিজে যেতে পারেননি ৷ সেই বালতি নিয়ে সুকুমার বোবার মত কিছুক্ষণ জেঠাদের ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন ৷ ফিরেও আসেন ৷ কিছুই বলতে পারেননি ৷ এরপর বাবা যান ৷ বালতির বদলে চালও আনেন ৷
ঘরেতো দেবার মত আর কিছুই ছিলনা ৷ এভাবে আর কতদিন চলে ৷ অনেক শখের শিশুপুত্র আর বাড়িতে পাঁচ পাঁচটা মুখ ৷ এই হাহাকার সারা পৃথিবীর মত বাবার বুকের মধ্যেও বেজেছিল ৷ একসময় বাবা বেরিয়ে পড়েন ভাগ্যন্নেসনে ৷ কেউ জানলোনা কোথায় গেলেন ৷ বাবা আর ফিরে আসেননি সুকুমারদের জীবনে, পরিবারে ৷

দুর্ভিক্ষের স্মৃতি ও লঙ্গরখানার খিচুড়ি

মধ্যম বিনাজুরি গ্রামে যে বাড়িটিতে সুকুমার বড়ুয়া থাকতেন তার কাছাকাছিই কয়েকটি হিন্দু বাড়ি ছিল ৷ বৌদ্ধ পল্লীর অনেকেই সেখানে ধান ভানার কাজ করতো ৷ সুকুমারের মাও সেখানে ধান ভানতেন ৷ কখনও সেখানে কাজ করে আবার কখনোবা মামার বাড়ি থেকেই অন্নের সংস্থান হতো ৷ মা নিজেই অন্নের সংস্থান করতেন ৷ তিনি হঠাত্‍ একদিন এসে সুকুমারকে মামার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন ৷ সুকুমারের এক স্নেহময়ী জেঠিমা ছিলেন ৷ তাকে তিনি দুদুমা বলে ডাকতেন ৷ তাঁর একছেলে বঙ্কিমকে বিকৃতভাবে 'বেইঙ্গা' ডাকা হতো ৷ দুদুমার এক মেয়ে বিবাহিতা, নাম খুকি ৷ সেই দুদুমা সুকুমারকে মামা বাড়ি নিয়ে যাবেন ৷ কাগতিয়া হাটে ঢুকতেই দুদুমা থামলেন একটি চায়ের দোকানের সামনে ৷ সেই চা দোকানে আছে তাঁর একমাত্র মেয়ে খুকি ৷ খুকিদি সেই চায়ের দোকানে কাজ করতেন কিছু খাদ্যের বিনিময়ে ৷ সেদিন সুকুমার দুই কাপ চা আর একখানা কচুরি খেয়েছিলেন ৷
ইতোমধ্যে দুদুমা গিয়েছেন খিচুড়ির রান্না দেখতে ৷ সুকুমার বসে আছেন চায়ের দোকানে ৷ অত্যন্ত মনোযোগের সাথে বসে বসে চা বানানোর কায়দা কানুন দেখছেন ৷ দেখছিলেন কেমন করে চা ছাঁকে আর চামচ নাড়ে ৷ দুজনের ভঙ্গি দুরকমের ৷ একটা ভিখারীর ছেলে সামনে এসে দাঁড়িয়ে আছে ৷ দোকানি পাঁউরুটির চামড়া ছুঁড়ে ফেলছে আর ছেলেটি পাখির মতো টুপ করে কুড়িয়ে তা মুখে দিচ্ছে ৷ একসময় দুদুমা সুকুমারকে লঙ্গরখানার খিচুড়ি খাওয়াতে নিয়ে যান ৷ সাথে বেইঙ্গাদা'ও আছে ৷ বুটের ডাল চাল মেশানো মজার খিচুড়ি ৷ কর্তাবাবুদের একজন বেইঙ্গাদাকে বললেন, এই তুই আরও একবার খেয়েছিস ৷ সঙ্গে সঙ্গে দুদুমা বললেন, কখন খেয়েছে ? তুই দেখেছিস ? কথাটা আসলে সত্য ছিল ৷ শুধু বেইঙ্গাদা কেন, অনেকেই দিনের বেলাতেই রাতের ভাগটা পুষিয়ে নেয়ার চেষ্টা করত ৷ রাতে আবার খাবার জোটার সম্ভাবনা ক্ষীণ ছিল ৷ সানকিতে ও কলাপাতায় খিচুড়ি খাওয়ার জন্য কুকুর আর মানুষ মিলে যে কি এক ভয়াবহ অবস্থা! খোদ ঢাকাতে বসেই সেই দৃশ্য আরো একবার দেখেছেন সুকুমার বড়ুয়া ৷ সেটা ১৯৮৮ সালের বন্যার সময় ৷ জাতীয় সংসদ ভবনের লঙ্গরখানায় ৷

অবশেষে মামাবাড়িতে আসা হল ৷ এখানে খাওয়দাওয়ার সুবিধা ছিল কিছুটা বেশি ৷ সুকুমারের আপন মামারা গরীব হলেও তাঁদের প্রতিবেশীরা ধনী ছিলেন ৷ মামার দুই জেঠতুতো ভাই রামজীবন সওদাগর আর রামজীবন মহাজনের বেশ নামডাক ছিল ৷ কিন্তু বড়লোক হলেই বা কি ৷ রাত পোহালেই ভিখারীর ঠেলা সামলাতে অস্থির হয়ে পড়তেন তাঁরা ৷ তখন এমন সব হিন্দু মুসলিম পরিবারের মহিলারা ভিক্ষায় নেমেছিল, যা কেই ভাবতেও পারতো না ৷ কোন কোন একরোখা ভিখারী গোঁ ধরতো চাল ধোয়া পানি হলেও খাবে, তবুও যাবেনা ৷ পেটের জ্বালা সহ্য করা কঠিন ছিল ৷

হীরাবালা ৷ সেখানকারই এক পাগলী, যার কথা হয়তো এখনও সেখানকার মানুষের মুখে মুখে শোনা যাবে ৷ অনেকেই তাকে এমন সব অখাদ্য খেতে দেখেছে যে আজকের মানুষতো বটেই সেই সেদিনেও অনেকের গা শিউরে উঠতো ৷ কত বাড়ি বাড়ি ঢুকে খাবার লুট করে খেয়েছে সে! এরজন্য মারও কম খায়নি ৷ অনেকে লাঠি দিয়েও মেরেছেন ৷ কিন্তু সরানো যায়নি তাকে ৷ মার খেয়ে কাঁদতেও দেখেনি তাকে কেউ ৷ সেই লাঠির মার, মানুষের ক্ষুধার্ত মুখ, মারমুখো ভঙ্গি, দমাতে পারেনি হীরাবালাকে ৷

পূজাদিদি

সেই পূজাদিদি ৷ যিনি বিভূতিভূষনের দূর্গার মতো ছিলেন সুকুমারের জীবনে ৷ অভাবে, নাখেতে পেয়ে অথবা লঙ্গরখানার খিচুড়ি আর জাউ খেয়েও হতে পারে , দিদির হাত পা ফুলে গেছে ৷ চেহার বিকৃত হয়ে গেছে ৷ তখন সুকুমারের বয়স আট, নয় ৷ আর দিদি তের, চৌদ্দ বছরের ৷ একদিন মধ্যম বিনাজুরির সেই দোচালার ছনের ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ৷ সুকুমার তখন বড় দিদির বাড়ি ৷ পূজাদিদির সাথে সেই সুকুমারের শেষ দেখা ৷ এক রাত্রে বড়দিদির বাড়ি চলে আসাতে বড়দিদি খুব রেগে গিয়েছিলেন ৷ এমনিতেই দু, একজনকে পুষতে গিয়ে কত ঝুঁকি নিয়েছেন, তার মধ্যে আরও একজন ৷ পরে শুনেছিলেন প্রতিবেশিরা সংক্ষেপে শেষকৃত্য সেরেছেন ৷ এর পনের বছরপর পথের পাঁচালী পড়তে গিয়ে দূর্গার সাথে পূজাদিদির মিল দেখে ভীষণ অবাক হয়েছিলেন সুকুমার ৷ দূর্ভাগা দেশে এমনি কত হাজার হাজার অপু দূর্গা যে হারিয়ে গেছে আর কত হরিহরও বাড়িঘর ছেড়ে রোজগারের আশায় জীবন দিয়েছে কে জানে৷

মামাবাড়ির স্মৃতি

মামাবড়িতে মামীমাকে খুব ভয় পেতেন সুকুমার ৷ কারণ সে বাড়িতে শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হতো ৷ যে বিষয়টি তাঁর নিজের বাড়িতে ছিলনা ৷ বর্ণজ্ঞান থেকে প্রথম শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছেন ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরমে পৌঁছেছে ৷ মাথার উপরে রংবেরঙের যুদ্ধ বিমান ৷ মাটিতে কোন মটর গাড়ি দেখা হয়নি ৷ মামাবাড়িতে আশ্চর্য যে জিনিষটি দেখলেন তিনি, সেটি কলের গান ৷ এই মামার বাড়ির কাছে অনেকভাবে ঋণী তিনি ৷
সে সময়ের ১১টি পরিবারের আঠারো বিশটি ঘরের সবকটাই ছিল যেন তাঁর খুব আপন ৷ মামা পুলিশ কনষ্টে বলের চাকুরি করে খুব কম টাকা পাঠান ৷ একবার শুধু দেড় টাকা পাঠিয়েছিলেন ৷ কোন জমিজমা নেই ৷ দিদিমা, মামীমা আর সুকুমার নিজে ছাড়া মাও মাঝে মধ্যে আসতেন ৷ মা আর দুদুমা একত্রে রোজগারের আশায় ছোটাছুটি করতেন ৷ সুকুমারের নিজবাড়িতে একটি বর্গা গাই গরু ছিল ৷ বাছুরসহ সেটার আশ্রয়ও শেষ পর্যন্ত মামাবাড়িতেই হয়েছিল ৷ গাইটা ছিল পাজি ধরনের ৷ সেটাকে সামলাতে হতো সুকুমারকে ৷ ঠিকমতো সামলাতে বা চড়াতে না পারলে বকা খেতে হতো ৷ সেই বাছুরসহ গরু চড়াতে চড়াতে সুকুমার তাদের খাওয়া দাওয়া খুব মনোযোগের সাথে দেখতেন ৷ গরু ছাগলের খাওয়ার ভঙ্গিটা তার কাছে খুব মজার মনে হতো ৷

দেশে দুর্ভিক্ষ আর হাহাকার বেড়েই চলেছে ৷ পথে ঘাটে রোজ অনাহারে মানুষ মরছে ৷ মামাবাড়িতেও চরম অভাব। এরমধ্যেই একদিন সেই দুদুমা এলেন সুকুমারকে বড়দিদির বাড়ি নিয়ে যেতে ৷ দুদুমা বেশ খুশি হয়ে মাকে জানালেন, বুড়ি তোর ছেলেকে নিয়ে যাব ৷ বড়দিদির বাড়ির অবস্থা ভালো ৷ সুকুমারের ভগ্নিপতি ছিলেন গ্রামের মেম্বার ৷ তাতে কি ৷ বাবার জন্য সকলের আক্ষেপ কিন্তু ছিলই ৷

আবার তিনি মধ্যম বিনাজুরি গ্রামে ফিরে গেলেন ৷ বড়দিদির বাড়ি তাঁদের নিজ বাড়ির পাশেই ছিল ৷ সুকুমারের রানীদিদি আগে থেকেই বড় দিদির বাড়িতে ছিলেন ৷ ভগ্নিপতির বেশ বড়-সর ধানের গোলা, খড়ের গাদা, বড়বড় গরু ৷ এখানে এসে বহুদিন পর পেটপুরে খাবারের অভিজ্ঞতা হয়েছিল সুকুমারের ৷

মামাবাড়িতে থাকতে যোগীন্দ্রনাথ সরকারের 'হাসি-খুশি' পুরোটা মুখস্থ হয়ে গিয়েছিল ৷ দিদির বাড়িতে এসে সঙ্গী সাথীদের দুএকবার শোনাতেই সবাই ছেঁকে ধরল, আবার শোনাও ৷ সুকুমার কিন্তু সেই শ্রোতাদের হাত থেকে এখনও রেহাই পাননা ৷ কোথাও গেলেই এখনও সেই অনুরোধ ঘুরে ফিরে আসে ৷ নানা একটা ছড়া শোনান ৷ কাকু একটা ছড়া শোনান ৷ এই ছড়ার বীজ সূদুরের সেই শৈশবেই পোতা হয়েছিল বোধহয় ৷ এর আগে মামা বাড়িতে আংশিক অ-আ শিখেছিলেন তিনি ৷ এখানে ভগ্নী সুমতি প্রথমে হাতে লেখা বই, পরে একটি বাল্যশিক্ষা কিনে পড়তে দিয়েছিলেন ৷ স্কুলেও যাওয়া আসা শুরু করলেন ৷ অল্প কদিনের মধ্যে বাল্য শিক্ষা পুরো মুখস্থ দেখে সবাই তো অবাক ৷ অনেকেই সে সময় বলাবলি করলেন, ছেলেটার মাথা আছে ৷

রেলগাড়ি চড়ার অভিজ্ঞতা

হাটহাজারী একটা ছোট শহর ৷ এরমধ্যেই সেখানে রেললাইন নির্মাণ কাজ শেষ হয়েছে ৷ কোন গাড়ি চলেনি ৷ লাইন নির্মাণের সময় অবাক হয়ে ভাবতেন, এর উপর দিয়ে গাড়ি চলবে কিভাবে ? রানীদিদির শ্বশুরবাড়ি ছিল রেল লাইনের খুব কাছেই ৷ চারটার সময় গাড়ি আসবে, গাড়ির কাছে না যাওয়ার জন্য দিদি বার বার সাবধান করে দিলেন সুকুমারকে ৷ সত্যিই গাড়ি এলো একসময় ৷ কী ভয়ংকর বিশাল সেই যন্ত্র দানব ৷ আশেপাশের বাড়িঘর সব যেন থর থর করে কাঁপতে শুরু করল ৷ পরদিন রেলে চড়ে চট্টগ্রাম শহর হয়ে পটিয়া যেতে হবে ৷ সেই স্বপ্নের রেলগাড়িতে চড়া হলো ৷ মাইলপ্রতি একপয়সা হিসাবে নাকি ভাড়া ৷ গাড়ি চলার সময় চমত্‍কার একটা ছন্দের সৃষ্টি হচ্ছিল ৷ হাটহাজারীর পাহাড়সহ গাছপালা সব যেন পটিয়ার দিকে ছুটতে শুরু করল ৷ আর গাড়িটি রইল দাঁড়িয়ে ৷ সেটা ১৯৪৬ সালের কথা ৷

ভাঙা গড়ার আড়াই ক্লাস

মামার বাড়ির ২টি ধর্মশালায় আর দিদির বাড়িতে মোট কতদিন তিনি থেকেছেন, সুকুমার বড়ুয়া আজ আর তা মনে করত পারেন না ৷ শুধুমাত্র দিদির বাড়িতে শেষবার যাওয়া এবং ফাঁকি দিয়ে মুক্ত হবার বিষয়টি তাঁর স্পষ্ট মনে পড়ে ৷ মুক্ত হবার কথাটি বলা হয়েছে এজন্য যে দিদির বাড়ির ব্যাবস্থাটি সুকুমারের প্রিয় ছিল না ৷ সেইবার মামাবাড়ি থেকে তিনি যখন নিজেদের পাড়ার ধর্মশালায় এলেন তখন ধর্মগুরু বেশ চড় থাপ্পড় দিয়ে শ্মশান বিহারে সারানন্দ ভিক্ষুর কাছে যাবার চাপ দিলেন ৷ সরানন্দ ভিক্ষুর শিষ্য থাকাকালে ২য় শ্রেণীতে পড়তেন তিনি ৷ স্কুলের শিক্ষকরাও তাঁর উপর খুশি ছিলেন ৷ কারণ পড়াশোনাটা ভালো হচ্ছিল ৷ কিন্তু সুকুমারের বড়দিদি তা না করে তাঁর নিজের বাড়ি নিয়ে গেলেন পড়াবেন বলে ৷
এই স্কুলের নাম আসলে অন্য ৷ ডাবুয়া খালের পাশে বলে সংক্ষেপে 'ডাবুয়া স্কুল' বলা হয় ৷ সেই স্কুলে একদিন ইন্সপেক্টর আসবেন ৷ মহেশ মাস্টার, রমনী মাস্টার আর সুশীল মাস্টার অনেক সেজেগুজে স্কুলে এসেছেন ৷ গ্রামের শিক্ষার্থীদেরকে যথাসম্ভব পরিস্কার পরিচ্ছন্ন হয়ে আসার জন্য স্কুল থেকে নির্দেশ দেওয়া হলো ৷ যথাসময়ে এক দাড়িওয়ালা স্পষ্টভাষী ইন্সপেক্টর এলেন ৷

ছাত্রদের বুদ্ধিসুদ্ধি পরীক্ষা করার তোড়জোড় চলছে ৷ ৪র্থ ও ৫ম শ্রেণীর সাথে কিছু হাই স্কুলের বড় বড় ছেলেকেও ভেজাল দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ৷ দাঁড়িওয়ালা ইন্সপেক্টর এসে বললেন, বুদ্ধি ধর বুদ্ধি ধর ৷ সবাই হা করে চেয়ে আছে ৷ ইন্সপেক্টর বললেন, বুঝলে না ? তারপর দুই হাত এক করে পতাকা ধরার মতো করে দেখালেন ৷ কেউ বুঝলোই না ৷ ইন্সপেক্টর প্রথম লাইনের দিকে এলেন ৷ সেখানে আটদশটা ছেলের সাথে সুকুমারও ছিলেন ৷ দাঁড়িওয়ালা এবার ছাত্রদের কাছে মানষাঙ্ক ধরলেন ৷ মানষাঙ্ক হচ্ছে সেই অঙ্ক যা মনে মনে সমাধান করা হয় ৷ প্রথম কয়েকটির উত্তর অন্যরা বলে দিল ৷ সুকুমার তখনও বিষয়টি পুরোপুরি ধরতে পারেননি ৷ এরপর যখন পারলেন অন্যদের আগে আগেই পারলেন ৷ শেষ কয়েকটির উত্তর দেওয়ার কৃতিত্ব তাঁর ভাগ্যেই জুটলো ৷ দাঁড়িওয়ালা ইন্সপেক্টর তাঁর পিঠ চাপড়ে দিলেন ৷ এরপরের অঙ্কটি করতে হলো বিশেষ কায়দায়, স্লেটে ৷ কেউ যাতে কারোটা না দেখে সেজন্য সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হল ৷ এরপর দাঁড়িওয়ালা সবাইকে এগারো হাজার এগারোকে এগারো দিয়ে ভাগ করতে বললেন ৷ ভাগ করাতো দূরে থাকুক, অনেকে এগারো হাজার এগারো লিখতেই পারলো না ৷ সবার অঙ্কই ভুল হয়েছিল ৷ সুকুমারেরটাও ৷ তবে শুধু তাঁর আর ৬ষ্ঠ শ্রেণীর একটা ছেলের উত্তর হয়েছিল একশো এক ৷ দাঁড়িওয়ালা আবার তারিফ করলেন, পিঠ চাপড়ে দিলেন ৷ সেই স্কুলেও কিন্তু তৃতীয় শ্রেণীর পড়াটা শেষ হয়নি সুকুমারের। স্কুলের হেডমাষ্টার চেয়েছিলেন সুকুমারের পড়াশুনাটা যেন বন্ধ হয়ে না যায়। আর তাইতো হেডমাস্টার সুশীল বাবু জানালেন যে তার পরীক্ষার ফি দিতে হবে না ৷ তারপরেও বড় দিদি তাঁকে পরীক্ষা দিতে দেননি ৷ পড়াননি ৷ স্কুলে যাওয়ার সময় বাধা দিলেন ৷ বললেন, যাও গরু ছাগল রাখো, পড়তে হবেনা ৷ বাংলাদেশে কত লক্ষ কিশোরের ভাগ্যে এমন ঘটেছে কে জানে ৷ প্রচুর কাজের চাপে, ব্যবহারের বস্ত্রের অভাবে যখন সুকুমারকে আর মানুষ বলে মনে হচ্ছিল না, তখনই মা এসে তাঁকে সেখান থেকে উদ্ধার করলেন ৷ অন্য গ্রামে তাঁর মাসীর অসুখ, শেষবেলায় তিনি সুকুমারকে দেখতে চান এইসব সাতপাঁচ বুঝিয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করা হল ৷ এরপর মা তাঁকে প্রথমে মামাবাড়ি তারপর চট্টগ্রাম শহরে দামপাড়া পুলিশ লাইনে নিয়ে গেলেন ৷ মামাবাড়ির লোকেরা তাঁর এই দুরাবস্থার কথা শুনে মাকে এই বুদ্ধি বাতলে দিলেন ৷

চট্টগ্রামের স্মৃতি

মামাবাড়ির সবাই সুকুমারকে খুব স্নেহ করতেন ৷ সেই স্নেহ উপেক্ষা করে তাঁর চট্টগ্রামে যাওয়ার বিষয়ে কথা ঠিকঠাক হয়ে গেছে ৷ তবে এই যাত্রার বিষয়ে মামাতো বৌদিরা অনেক খুশি ছিলেন ৷ কোথাও যাত্রা করার খবরটাই তাঁদের জন্য খুব খুশির একটা বিষয় ছিল ৷ এক বৌদি বললেন, শহরে যাওয়ার সময় দেশের মাটি খেতে হয়, এতে দেশের জন্য মায়াটা বলবত্‍ থাকে ৷ যাত্রার দিন নির্দিষ্ট হলো ৷ লঞ্চে করে যেতে হবে ৷ হালদা নদী দিয়ে লঞ্চ যাবে ৷ এর আগে লঞ্চ দেখা হয়নি ৷ এবার চড়া আর দেখা দুটোই একসাথে হবে ৷ মাথার ভেতর নানা রকম কল্পনা ছিল এই লঞ্চে চড়া নিয়ে ৷ লঞ্চ থাকে পানিতে, তাহলে তাতে উঠতে হবে কি কর? সাঁতরে ? মা বললেন, লঞ্চে ওঠার সিঁড়ি আছে ৷ সব কল্পনার অবসান হলো ৷ লঞ্চে উঠলেনও তিনি, কাঠের সিঁড়ি বেয়ে ৷ তখন চট্টগ্রামের কাপ্তাই যেতে বড়দের আটআনা আর ছোটদের লাগতো চারআনা ৷
চট্টগ্রাম শহরের দামপাড়া পুলিশ লাইনে সেই একরুমের সারবদ্ধ কোয়ার্টারগুলো এখনও আছে ৷ এতগুলো বছর পরও সেই সরকারি কোয়ার্টারগুলোর দিকে তাকিয়ে শৈশবের অনেক কথা মনে করতে পারেন সুকুমার। মামা, মামী, দিদিমা আর দুই বছরের সাধন ৷ তাদের সাথে সুকুমারও এই প্রথম শহরবাসী ৷ মামা পুলিশ হিসাবে রেশনের উপর নির্ভরশীল ৷ মাঝে মাঝে অবশ্য পাবলিক রেশন তুলতেন ভোলা বাবুর কন্ট্রোল থেকে ৷ সেই তখন, কোয়ার্টারে অনেক বাঙালী আর অবাঙালী পুলিশ আর তাদের ছেলে মেয়ে যারা থাকতেন, তাদের নাম মুখস্ত হয়ে গিয়েছিল সুকুমারের ৷ এখনও স্মৃতিতে সেইসব নাম বয়ে বেড়াচ্ছেন তিনি ৷ মনে সেই জীজ্ঞাসাও আছে, ওরা কে কোথায় এখন?

শহরের দালান কোঠা, গাড়ি ঘোড়া আর পাহাড় টিলা সব দেখে নেশার মতো লাগতো ৷ এতদিনে যেন নিজের জন্য সঠিক জায়গাটি খুঁজে পেয়েছেন তিনি ৷ জেনারেল হাসপাতালের পাহাড়ে উঠলে কত কি যে দেখা যেত ৷ গ্রামে যেখানে জন্ম নিয়েছিলেন তিনি সেখানে গাড়ি ঘোড়া দেখা যেতো না ৷ সেখানে শুধু সাইকেল ছিল ৷ সেই সাইকেলকে তাঁরা, শিশুরা বলতেন ঠ্যাঙ গাড়ি ৷ তখন সেই একটা দুটো ঠ্যাঙ গাড়ি দেখেও নিজেদের অনেক সৌভাগ্যবান মনে হতো ৷ আর এই বড় শহরে এসে এই সমস্ত কলের গাড়ি আর হাল ফ্যাশানের গাড়ি দেখতে সুকুমারের খুবই ভালো লাগতো ৷ ছেলেবেলা থেকেই যন্ত্রের প্রতি তাঁর একটা গভীর ভালোবাসা ছিল। বাসা থেকে কিছুদূর এগিয়ে গেলে একটা চায়ের দোকান ছিল আর সেখানে ছিল বিরাট একটা রেডিও ৷ দোকানদার ওটাকে যখনই চালাত তখনই খই ফোটানোর মতো আওয়াজ বের হত ৷ সুকুমার তাই শুনতে যেতেন ৷ ওখানে তাঁর কাজ ছিল মামাতো ভাই সাধনকে নিয়ে খেলা আর পানি সংগ্রহ করা ৷ পিতলের চাবি ঘোরালেই কী জোরে কল থেকে পানি বের হবে যেন হাত ছিঁড়ে যাবে ৷ পানির কলের মালিকের নাম জসীমুদ্দিন ৷ মাঝে মাঝে কল পানি শূণ্য হত আর পানি নিতে আসা লোক হাঁক ছাড়ত, ওভাই জসীমুদ্দিন, কল ছোড়দো... ৷ অনেক উঁচুতে ছিল পানির টাংকি, সেখান থেকে পানি আসতো, তখন অবিরাম কয়লার রেল ইঞ্জিনের মতো শব্দ হতো ৷ পাতাল থেকে কলের দ্বারা পানি তুলে সেই পানি সিদ্ধ করে তবেই মাটির তলা দিয়ে সরবরাহ করা হতো ৷ দামপাড়া পানির কলের বর্তমান নাম 'ওয়াসা' ৷ দামপাড়ার সেই পানির কল দেখে সুকুমারের মনে একটি ধারণার জন্ম নিয়েছিল যে, বিদেশে চিঠি দিলে বুঝি মাটির তলা দিয়েই যায় ৷ শুধু তিনিই না, গ্রামের অনেকেই এমনটি ভাবতেন ৷

একজন শিশু শ্রমিকের কথা

১৯৫০ সালের ১ জুন ৷ চট্টগ্রাম শহরের দক্ষিণ নালাপাড়ার বাবু মনোমহোন তালুকদার এর বাসা ৷ মাসিক তিন টাকা বেতনের চাকুরি নিলেন সুকুমার ৷ একটি পাঁচ মাসের শিশুকে সঙ্গ দেওয়া তাঁর প্রধান কাজ ৷ এই শিশুটি এখন চিত্র পরিচালক চঞ্চল বড়ুয়া (ঘর ভাঙা ঘর) ৷ এই পরিবারে এসে জীবনে প্রথম কিছুটা উন্নত শ্রেণীর রুচিশীল মানুষের সাথে পরিচয় হলো সুকুমারের ৷ এতোদিন যাদের আসেপাশে তিনি ছিলেন, তাঁরা সকাল আর রাতের খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন ৷ সেই জীবন থেকে শিল্প সাহিত্য অনেক দূরের বিষয় ছিল ৷ এই বাড়িটির কর্তাবাবুটি গম্ভীর প্রকৃতির হলেও বেশ স্নেহ প্রবণছিলেন ৷ গৃহকর্ত্রী মাসীমা এখনও জীবিত ৷ তিনি আপন সন্তানের চেয়ে সুকুমারকে কম ভালোবাসেন না ৷ শিক্ষিত ছেলেমেয়েরা নাচ, গান, নাটক ইত্যাদি করে ৷ আপন ভাইবোনের মতো সম্পর্ক তাদের সাথে ৷ কেউই সুকুমারকে আলাদা চোখে, কাজের ছেলে হিসাবে দেখতেন না ৷
১৯৫২ সালের দ্বিতীয়ার্ধে সুকুমার তাঁর এক মামাতো ভাইয়ের সাথে ভৈরব বাজার ছিলেন ৷ সেখানে বাবুর্চির কাজ করতে হতো ৷ দুজনের জন্য রান্না করার কাজ ৷ সুকুমারের মা তখন মামাবাড়িতে ৷ নিজেদের যে বাড়িঘর ছিল তাতো ১৯৪৩ সালের আকালে শেষ হয়ে গেছে ৷ চট্টগ্রামের চেয়ে এখানে এই রান্নার কাজে দুটাকা বেশি মাইনে পেতেন ৷ কিন্তু এই বেশি আয়ের চাকরির জন্য না, এখানে কাজ করার পেছনে ভিন্ন একটি উত্তেজনা কাজ করতো সুকুমারের ভেতর ৷ এখানে এসেই পেলেন দাদার সংগ্রহে রাখা 'দেব সাহিত্য কুটির' এর যতো মজার মজার শিশু সাহিত্য সংকলন ৷ তাড়াতাড়ি কাজ সেরে সেইসব পড়া শুরু করতেন ৷ সেগুলো সবই তিরিশ আর চল্লিশের দশকের ছিল ৷ অনেক লেখার শিরোনাম বহুদিন মনে ছিল সুকুমারের ৷ ঐ সময় আরেকটি আকর্ষণ ছিল সুকুমারের জীবনে ৷ সেটিও একটি পত্রিকা ৷ দৈনিক আজাদ এর 'মুকুলের মাহিফল' ৷ সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে বসে থাকতেন তিনি ৷ এই সময়টা, এই অপেক্ষার প্রহরগোনা এই কিশোরটির জন্য অনেকখানি কঠিন ছিল ৷ আর পত্রিকাটি হাতে পাওয়ার মুহুর্তটিকে চরম মুহুর্ত বলে আখ্যায়িত করলেন সুকুমার ৷ কি ছিল সেদিনের সেই মুকুলের মাহিফলে ? অনেক অনেক মজার গল্প, ছড়া আর কাতুকুতু ৷ একজন শিশু শ্রমিকের একমাত্র বিনোদন ৷

এর ছমাস পর চট্টগ্রামের সেই পুরোনো বাসায় দেখা করতে গেলেন সুকুমার ৷ তাঁরা বললেন, ‌‌‍‌'পাঁচ টাকা মাইনে কি আমরা দিতে পারিনা ? তোর মা কেন পড়ানোর নামে ফাঁকি দিয়ে নিয়ে গিয়েছিল ? কোন স্কুলে, কোন ক্লাসে পড়ছিস ?' সুকুমার বললেন, 'গল্প কবিতার বই পড়েছি অ-নে-ক ৷' সবাই হেসে ফেলল ৷ সেই বাসায় তিনি আরো দুবছর ছিলেন ৷ সেটা ১৯৫৩ থেকে ১৯৫৪ সাল ৷ এই বাড়িতেই কাজ করতে করতে এক কঠিন অসুখে পড়েন সুকুমার ৷ বাড়ির লোকের সেবা যত্নেই সুস্থ হয়ে উঠেন তিনি ৷ ঐসময়, ঐ অসুস্থতার সময়টুকু যখন কোন কাজ করতে হতো না সুকুমারের তখন তাঁর জীবনের প্রধান আকর্ষণ ছিল, সত্যযুগ আর যুগান্তর পত্রিকার ছোটদের পাততাড়ি, ছোটদের মজলিস ইত্যাদি ৷ যে কোন মূল্যে এগুলো তিনি পড়তেন ৷

পর্যাপ্ত বেতনের অভাবে সে বাসায় কাজ ছেড়ে দিয়ে এক চায়ের দোকানে তিনি কাজ নিয়েছিলেন ৷ সেখানে সাতটাকা করে দেওয়ার কথা ছিল ৷ দক্ষিণ নালাপাড়ার সুখেন্দু বিশ্বাস নামের সেই ব্যক্তির দোকানে ১৯৫৫ সালে ১০ মাস কাজ করেছিলেন তিনি ৷ কিন্তু দুই টাকা বাড়তি বেতনের চেয়ে আত্মরক্ষাই বড় হয়ে দেখা দিয়েছিল সুকুমারের জীবনে ৷ সেখান থেকে পালালেন ৷ চলে এলন লালখান বাজারের নাছিম সওদাগর নামের এক ব্যক্তির হোটেলে ৷ এখানে টাকার পরিমাণও বেশি ৷ ১০টাকা মাইনের পাশাপাশি বাড়তি পাওয়া হিসাবে ভদ্রলোকের স্নেহটাকেও জয় করেছিলেন সুকুমার ৷ নাছিম সওদাগর আদর করে সুকুমারকে নোয়া মিয়া বা নোয়ইয়া বলে ডাকতেন ৷ দোকান যে খুব চলতো এমন নয় ৷ কিন্তু মাইনে পরিস্কার ছিল ৷ ১৯৫৬ সালে দৈনিক পৌনে দুটাকা বেতনে রাজমিস্ত্রীর কাজও করেছেন ৷ এছাড়া মাটি কাটার কাজ, লবনের গোলায় জোগালীর কাজও করেছেন ৷ এখনও লাললেনের জজসাহেব ইমাম হোসেনের বাড়ির দিকে তাকালে সেই স্মৃতি ভাসে সুকুমারের মনে ৷ সেখানেও দুদিন বালি তুলেছিলেন তিনি ৷ রোজ এক টাকা বারো আনা মুজুরীতে ৷

১৯৫৭ সালের দিকে সবকিছু ছেড়ে আবার সেই দক্ষিণ নালাপাড়ার পুরোনো বাসায় ফিরে এলেন ৷ তখন ওটা মেস হয়ে গেছে ৷ পাঁচ জনের জন্য রান্না করতে হয় ৷ খাওয়াসহ মাসিক মাথাপিছু তিন টাকা হারে ১৫ টাকা মাইনে পাওয়া যায় ৷ সকালে সবাইকে খাওয়ানো শেষে বিদায় দিয়ে একটি নেশায় মেতে উঠতেন তিনি ৷ সেটা বই পড়ার নেশা ৷ তখন অনেক আশ্চর্য সব বই পড়েছেন ৷ সঞ্চয়িতা, সঞ্চিতা, পথের পাঁচালী, কুলি, জনান্তিক আরও সব শিহরণ জাগানো বই ৷ এই সমস্ত বই, এর ভেতরকার জগত সুকুমারের ভেতরটাকে, তাঁর জীবনের অর্থটাকে বদলে দিচ্ছে সঙ্গোপনে ৷

প্রথম লেখা

দক্ষিণ নালপাড়ার পুরোনো মেস বাড়িতে কাজ করার সময় নিয়মিত চায়ের দোকানে যেতেন ৷ সেখানে যাওয়ার একমাত্র আকর্ষণ ছিল 'খেলাঘর' আর 'কচি কাঁচার আসর' পাঠ করা ৷ এই প্রচুর পাঠই একদিন তাঁকে সাহস জোগালো ৷ লিখতে বললো ৷ কেউ, কোন মানুষ না কিন্তু ৷ নিভৃতে অন্যদের লেখা-ই তাঁকে লিখতে বলল, উত্‍সাহ জোগালো ৷ লিখলেনও প্রথম কবিতা ৷ বৃষ্টি নিয়ে ৷ বৃষ্টি নেমে আয় ৷ প্রথম লেখাটি প্রকাশিত হয় 'খেলাঘর' এর পাতায় ৷ সেটা ৩ জুলাই, ১৯৫৮ সাল ৷ প্রথম লেখা প্রকাশের আনন্দকে অপার্থিব আনন্দ বলেছেন সুকুমার বড়ুয়া ৷ জ্যোত্‍স্না ফুলের মতো পবিত্র এক আনন্দ ৷ বাড়তি পাওয়া হিসাবে ছিল, এই লেখাটি পুরষ্কারও পায় ৷ ৩য় পুরস্কার ৷ ১ম হয়েছিল নাজমা জেসমিন, ২য় ইমরুল চৌধুরী ৷

আবার জীবন যুদ্ধ

দক্ষিণ নালপাড়ার পুরোনো মেস বাড়ির ১৫ টাকা বেতনে আর চলছিল না ৷ মাকে টাকা পাঠালে বাকি টাকা দিয়ে নিজের চলা অনেক কঠিন হয়ে পড়ে ৷ সেই কাজ ছেড়ে ১৯৫৯ সালে কিছুদিন ফলমূল বিক্রি করলেন ৷ এরপর আইসক্রিম, বুট বাদাম ইত্যাদি বিক্রি করেও রোজগার বাড়ানোর চেষ্টা করেছেন ৷ লালদিঘির পাড় থেকে শুরু করে উজারা সিনেমা হল পর্যন্ত অনেক কিছু ফেরি করে বিক্রি করে বেড়িয়েছেন সুকুমার ৷ অবস্থাসম্পন্ন বড় বড় আত্মীয়রা দূর থেকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন ৷ অনেকে আক্ষেপও করেছেন ৷ দানিয়ালাপাড়ায় মাসিক পাঁচটাকায় বাসা ভাড়া করে মাকে নিয়ে আসলেন তিনি ৷ অনেকদিনপর আবার মায়ের সাথে থাকা শুরু হল ৷ কিন্তু রোজগার আর খরচের তারতম্যের কারণে জীবন প্রায় থেমে যায় যায় করছে ৷ মেসে থাকতে ঢাকার পত্রিকায় ছয় সাতটি লেখা বেরিয়েছিল ৷ এখন কিন্তু লেখালেখি নিয়ে ভাবার অবকাশও নেই ৷
বছর খানিক এভাবে কাটলো ৷ এরপর মাকে আবার মামা বাড়ি পাঠিয়ে দিলেন ৷ আর নিজে ফিরে গেলেন সেই পুরোনা মেসে ৷ আগের বেতনেই ৷ এখানে একটা সান্ত্বনা আছে, কাজের ফাঁকে ফাঁকে লেখালেখি করার সুযোগটা পাওয়া যায় ৷ এরমধ্যে দৈনিক জামানা পত্রিকায় একটা দীর্ঘ লেখা নিয়ে গেলেন তিনি ৷ নাম, পথের ধূলো ৷ করুণ কবিতা ৷ কবিতাটি জসীম উদ্দীন এর ‌'কবর' কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা ৷ এই কবিতাও পড়ার সুযোগ হয়েছিল মেসেই ৷ মেসের নৈশ কলেজ ছাত্র সংসদ সদস্য বিমল বাবুর পাঠ্যবইয়ে ৷ সাহিত্যিক মাহবুব-উল-আলম সাহেব বললেন, তোমার কথা আমি শুনেছি ৷ তুমি যখন কাজ করবে, তখন ভাববে তুমি একজন বাবুর্চি ৷ আর যখন লিখতে বসবে, তখন ভাববে, তুমি সত্যিই একজন কবি ৷ পৃথিবীর সব কবির মতো ৷

রাজধানীর বুকে

এরমধ্যেই ঢাকায় আসার জন্য মন তৈরী হয়ে গেছে ৷ মন বলছে, এখানে থাকলে আসলে কিছুই হবেনা ৷ কিন্তু জীবনে উপার্জন আর সুনাম দুটোরই দরকার আছে ৷ তাই মিথ্যে বলতে হলো ৷ মেসের কর্মকর্তাদের একদিন বললেন, 'আমি এক ছাপাখানায় প্রশিক্ষণের কাজ পেয়েছি ৷' কবি হয়ে বাবুর্চিগিরি যেমন পোষায় না তেমনি মানায়ও না ৷ বড় ভাইয়ের মতো স্নেহপ্রবণ সবাই সুকুমারকে মুক্তি দিতে রাজি হলেন ৷
মহানন্দে সাতটাকা দশ আনার টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন সুকুমার বড়ুয়া ৷

ঢাকায় এসে মন্দির খুঁজতে গিয়ে পেলেন দাদাভাইকে, ইত্তেফাক অফিসে ৷ তারপরে বাবু দেবপ্রিয় বড়ুয়ার (অবসরপ্রাপ্ত বাসস প্রধান) সাথে পরিচয় হল ৷ তোপখানা রোডে তাঁরা সাতজন মেস ভাড়া করেছেন ৷ কাজের লোক দরকার ৷ আবারও চাকরি মিলে গেল ৷ মাথাপিছু পাঁচটাকা করে সাতজনের জন্য পঁয়ত্রিশ টাকা মাইনের চাকরি ৷ চাকরিতো হলো কিন্তু লেখা আর হয়না ৷ তবুও অনেক কষ্ট করে লিখলেন 'ছারপোকার গান' আর 'খাওয়ার গান' শিরোনামের দুটি লেখা ৷

১৯৬১ সালের ২৭ ডিসেম্বর ৷ মাকে হারিয়ে একদম একা হয়ে পড়লেন সুকুমার বড়ুয়া ৷

১৯৬২ সালের ৩ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৌষট্টি টাকা বেতনের চাকুরী হয় সুকুমারের ৷ ১৯৬৩ সালে তোপখানা রোডে ছয়টাকায় বেড়ার ঘর ভাড়া করে এই প্রথম স্বাধীনভাবে প্রচুর লেখালেখি শুরু করেন। কচিকাঁচার আসর, খেলাঘর আর মুকুলের মাহফিলে এসমস্ত লেখা ছাপা হতে থাকে ৷ যদিও তিনি নিজে মনে করেন যে সেসব লেখায় সুনির্মল বসুর পরোক্ষ প্রভাব থাকলেও থাকতে পারে ৷ তারপরও সে লেখাগুলো এখনো সুখপাঠ্য তাঁর কাছে ৷

সৃষ্টিশীল আড্ডার গল্প

১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে রোজ আড্ডা জমাতেন সুকুমাররা ৷ সে আড্ডায় হাজির থাকতেন আখতার হুসেন, রশীদ সিনহা, মাহমুদউল্লাহ, শফিক পান্না, মোহাম্মদ মোস্তফা, আলী ইমামসহ আরও অনেকে ৷ এঁদের রাজনৈতিক লেখাগুলো দারুণভাবে নাড়া দিত সুকুমারকে ৷ ফলে তাঁর লেখায়ও পরিবর্তন আসে ৷ আক্ষেপ কিন্তু আছেই ৷ প্রথম দিককার সাতটি বইয়ের একটাও আজ আর বাজারে নেই ৷ বাংলাদেশের অনেক প্রবীণ লেখকেরই এই সমস্যা আছে ৷ দেশের বহু মানুষই হয়তো এই সমস্ত মানুষের নাম জানেন কিন্তু তাঁদের লেখা পড়ার সৌভাগ্য আর তাদের হয়না ৷ সুকুমার রায়ের মতো ৮০ বছর অবিরাম পুনঃমুদ্রণের সৌভাগ্য বাংলাদেশের কোন লেখকের কি হবেনা ?

সুকুমার বড়ুয়ার লেখালেখির জগত্‍

সুকুমার বড়ুয়া তাঁর নিজের লেখালেখি নিয়ে যা বলেছেন সেটি আমরা তাঁর মুখ থেকেই শুনি ৷
আমি কেমন করে ছড়ার জগতে প্রবেশ করলাম, সে বিষয়ে স্পষ্ট কিছু ব্যাখ্যা করা সম্ভব নয় ৷ ছেলেবেলায় মনসার পুঁথি শোনার সময় পাঠক-প্রধানের মুখে শুনতাম, তোমার গান তুমি গাইবা উপলক্ষ্য আমি/ অশুদ্ধ হইলে মাগো লজ্জা পাবা তুমি ৷ এক অদৃশ্য দৈবসত্তার ওপর নির্ভরতা রবীন্দ্রনাথের সৃষ্টিতেও প্রচুর দেখতে পাই ৷ আমার কৃতিত্ব দেখে অনেক সাধারণ পাঠক বলেন, এটা ঐশ্বরিক দান, জন্মান্তরের কর্মফল ইত্যাদি ইত্যাদি ৷ এসব আমার মস্তিস্কে খুব একটা ক্রিয়া করেনা ৷ সব বুঝিও না ৷

আমি রাউজান থানার বিনাজুরি গ্রামে যেখানে জন্ম নিয়েছিলাম সেখানে শিল্প সংস্কৃতি দূরে থাক, নিম্নতম লেখাপড়ার চর্চাও খুব একটা ছিলনা ৷ তাই বলে চট্টগ্রাম তথা বাংরার লোক-ঐতিহ্যের অবদান লোকজ ছড়া বা শ্লোকের কোনো অভাব ছিলনা ৷ দলবদ্ধ গ্রাম্য শিশুদের রোদ ডাকা, বৃষ্টি থামানো, হা-ডু-ডু খেলা, চি বুড়ি খেলা, ধাঁধাঁ বা হেঁয়ালী ইত্যাদি ছাড়াও ছন্দে ছন্দে ভাব প্রকাশের মাধ্যমগুলো আমাকে আলোড়িত করতো ৷

১৯৪৪-৪৫ সনের দিকে যখন আমার বড়দিদির বাড়িতে অবস্থান করছিলাম, সেই ইদিলপুর আমাদের পাশ্ববর্তী গ্রাম ৷ সে গ্রাম বৌদ্ধদের জন্য নিষিদ্ধ হলেও কিছু লোক সারা রাত জেগে মনসার পুঁথি পাঠ করতো ৷ দলবদ্ধ নর নারী সেই ছন্দে কাহিনীর যাদুতে মুগ্ধ হয়ে যেতো ৷ আমি তো নাবালক শিশু ৷ আমি আরও বেশি মুগ্ধ হতাম ৷ কিছু বাস্তব কারণে আমাকে যদিও খুব লাজুক বা মুখচোরা হয়ে থাকতে হতো, তবুও খেলাধূলা বা ছুটোছুটির সময় কিংবা পথে একা চলার সময়, সেই পুঁথির ধূয়া ঘোষা বা কোরাসগুলো জোরে জোরে গাইতে গাইতে অন্য জগতে চলে যেতাম ৷ তখন ঐ অঞ্চলে ভেলুয়ার পুঁথি, মনসার পুঁথি, বিশেষ ঘটনার কবিতা ইত্যাদি খুব জনপ্রিয় ছিল ৷

এরও আগে মামা বাড়িতে অবস্থানকালে আমি যোগীন্দ্রনাথ এর হাসিখুশি পুরোটাই মুখস্থ করেছিলাম ৷ দিদির বাড়িতে অনেকেই ঘিরে ধরতো সেই বর্ণমালার ছড়াগুলো মুখস্থ শোনার জন্য ৷ আশ্চর্যের ব্যাপার এই, ৫০ বছর পরও আমার ঢাকার আবাসিক এলাকার ছেলে মেয়েরা টিভি অনুষ্ঠানের চাইতেও আমার মুখের ছড়া বেশি পছন্দ করে বলে মনে হয় ৷

নিজের লেখার মূল্যায়ন

১৯৫৮ থেকে ২০০৭ প্রায় পঞ্চাশ বছরে যে পরিমাণ লেখার কথা, তার নিম্নতম অংশও বোধহয় লিখতে পারিনি ৷ তবে লেখার অভ্যাসটা একেবারে বাদও দেইনি ৷ ১৯৬৩ থেকে ১৯৬৬ পর্যন্ত প্রচুর লিখেছি ৷ এ লেখাগুলো প্রথম দিকে সুনির্মল বসু প্রভাবিত এবং শেষদিকে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত বলা যায় ৷ পরবর্তীতে স্বাতন্ত্রের সন্ধান করতে গিয়ে লেখার পরিমাণ খুব কমে যায় ৷
লেখার জন্য আমি অকল্পনীয় প্রশংসা ও স্বীকৃতি পেয়েছি ৷ শুধু ছড়ার জগতে আবদ্ধ থেকে কেউ এত বেশী পেয়েছেন বলে আমার মনে হয়না ৷ শিক্ষাগত অপূর্ণতা এবং আর্থিক অনিশ্চয়তা নানাভাবে আমার মানসিক দুর্বলতার কারণ ৷ এতদসত্ত্বেও আমি শিশু কিশোরদের নির্মল আনন্দ দেবার চেষ্টা করেছি ৷

সুকুমারের সংসার জীবন ও একটি স্বপ্ন

সুকুমার বড়ুয়া বিয়ে করেছিলেন ২১ এপ্রিল ১৯৬৪ সালে ৷ পাত্রী ছিলেন ননী বালা বড়ুয়া ৷ চট্টগ্রামের গহিরা গ্রামের এক বিশিষ্ট শিক্ষক প্রতাপ চন্দ্র বড়ুয়ার মেয়ে ৷ সুকুমার বড়ুয়া চার সন্তানের জনক ৷ তিন মেয়ে ও এক ছেলে ৷ মেয়েরা হচ্ছেন চন্দনা বড়ুয়া, রঞ্জনা বড়ুয়া ও অঞ্জনা বড়ুয়া ৷ ছেলে অরূপ রতন বড়ুয়া ৷ চন্দনা বিবাহিতা ৷ ছেলে চাকুরিরত ৷ অন্যেরা পড়াশোনা করছেন ৷ পরিবারের সকল সদস্যদের নিয়ে সুকুমার বড়ুয়া বর্তমানে বাস করছেন আজিমপুরে তিন কামরার একটি ভাড়া করা বাসাতে ৷ এখন তাঁর অধিকাংশ সময় কাটে নিজের লেখাগুলিকে সংরক্ষণ করার চিন্তায় ৷ আরও একটি বড় স্বপ্ন তিনি আজীবন বুকের ভেতর লালন করছেন ৷ সেটি চট্টগ্রামে সুকুমারের পৈতৃক ভিটায় সুকুমার শিশু তীর্থ নামে একটি শিশু পাঠাগার স্থাপন করা ৷ এই পাঠাগারটি স্থাপন করার জন্য তিনি সামাজের সকলের কাছে আবেদন জানালেন ৷ তাঁর প্রবল ইচ্ছা, ইহকালে থাকাকালীন এই পাঠাগারের কাজ শেষ করা ৷

সুকুমার বড়ুয়ার যত বই

পাগলা ঘোড়া
প্রকাশকাল : ১৯৭০
পরিবেশনকারী : বাংলা একাডেমী
ভিজে বেড়াল
প্রকাশকাল : ১৯৭৬
পরিবেশনকারী : মুক্তধারা

চন্দনা রঞ্জনার ছড়া
প্রকাশকাল : ১৯৭৯
পরিবেশনকারী : মুক্তধারা

এলোপাতাড়ি
প্রকাশকাল : ১৯৮০
পরিবেশনকারী : বাংলা একাডেমী

নানা রঙের দিন
প্রকাশকাল : ১৯৮১
পরিবেশনকারী : শিশু একাডেমী

সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া
প্রকাশকাল : ১৯৯১
পরিবেশনকারী : বিশ্ব সাহিত্য কেন্দ্র

চিচিং ফাঁক
প্রকাশকাল : ১৯৯২
পরিবেশনকারী : ওলট পালট প্রকাশনী

কিছু না কিছু
প্রকাশকাল : ১৯৯৫
পরিবেশনকারী : বিশাখা প্রকাশনী

প্রিয় ছড়া শতক
প্রকাশকাল : ১৯৯৭
পরিবেশনকারী : মিডিয়া

বুদ্ধ চর্চা বিষয়ক ছড়া
প্রকাশকাল : ১৯৯৭
পরিবেশনকারী : সৌগতঃ ভিক্ষু সুনন্দ প্রিয়

ঠুস্ঠাস্
প্রকাশকাল : ১৯৯৮
পরিবেশনকারী : প্রজাপতি প্রকাশন

নদীর খেলা
প্রকাশকাল : ১৯৯৯
পরিবেশনকারী : শিশু একাডেমী

আরো আছে
প্রকাশকাল : ২০০৩
পরিবেশনকারী : আরো প্রকাশন

ছড়া সমগ্র
প্রকাশকাল : ২০০৩
পরিবেশনকারী : সাহিত্যিকা

ঠিক আছে ঠিক আছে
প্রকাশকাল : ২০০৬
পরিবেশনকারী : প্রবাস প্রকাশনী, লন্ডন

কোয়াল খাইয়ে
প্রকাশকাল : ২০০৬
পরিবেশনকারী : বলাকা, চট্টগ্রাম

সুকুমারের জীবনে যত স্বীকৃতি

বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার : ১৯৭৭
ঢালী মনোয়ার স্মৃতি পুরস্কার : ১৯৯২
বৌদ্ধ একাডেমী পুরস্কার : ১৯৯৪
বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার : ১৯৯৭
ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ সম্মাননা : ১৯৯৭
অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য সম্মাননা : ১৯৯৭
আলাওল শিশু সাহিত্য পুরস্কার : ১৯৯৯
চোখ সাহিত্য পুরস্কার, ভারত : ১৯৯৯
নন্দিনী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব (শিশু সাহিত্য) : ২০০০
আইরিন আফসানা ছড়া পদক : ২০০২
স্বরকল্পন কবি সম্মাননা পদক : ২০০৪
শিরি এ্যাওয়ার্ড : ২০০৫
শব্দপাঠ পদক : ২০০৬
বৌদ্ধ সমিতি যুব সম্মাননা : ২০০৬
অবসর সাহিত্য পুরস্কার : ২০০৬
মোহাম্মদ মোদাব্বের হোসেন আরা স্মৃতি পুরস্কার : ২০০৭

তথ্য সূত্র

সুকুমার বড়ুয়া, উত্তম বড়ুয়া, অরূপ রতন বড়ুয়া, রঞ্জনা বড়ুয়া, রাশেদ রউফ, নাওশেবা সবিহ্ কবিতা, চারুলতা, ভোরের কাগজের ইষ্টু কুটুম বিভাগ, টইটুম্বুর, জোবাইর হোসাইন সিকদার, স্বপন কুমার বড়ুয়া, নজরুল ইসলাম নঈম, তপন বাগচী, মাশরুফা মিশু, আলী আজম, শফিকুল আলম টিটন, সবুজের মেলা প্রমুখ ৷